গবেষণাধর্মী পত্রিকা প্রকাশ
রাজেশ চন্দ্র দেবনাথ ★ সাশ্রয় নিউজ, হাইলাকান্দি : আসামের হাইলাকান্দি-এর ‘সারদা কিষাণ কলেজ’ -এর বাংলা বিভাগের প্রাক সমীক্ষিত গবেষণা পত্রিকা ‘অন্বেষা’-র সম্প্রতি মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানে পত্রিকাটির উন্মোচন সহ আলোচনায় উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মলয় দেব ও আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বরুনজ্যোতি চৌধুরী। অন্বেষার মোড়ক উন্মোচনে অধ্যাপক ড. মলয় দেব বলেন, ‘উত্তর-পূর্ব ভারতে শতবর্ষ পূর্বে বাংলা ভাষায় গবেষণার সূত্রপাত করেন পদ্মনাথ ভট্টাচার্য বিদ্যাবিনোদ। এই ধারার উত্তরাধিকারকে বহন করে সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রাক সমীক্ষিত গবেষণা পত্রিকা অন্বেষা প্রকাশিত হল। এধরণের গবেষণা পত্রিকায় জাতির এগিয়ে যাওয়ার পথকে সুগম করতে পারে।’ পত্রিকাটির নির্বাহী সম্পাদক অধ্যাপক ড. প্রিয়ব্রত নাথ অন্বেষা পত্রিকার দশ বছরের এই দীর্ঘ যাত্রাপথের বিস্তারিত আলোচনা তুলে ধরেন অনুষ্ঠানে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর, ড. বরুণজ্যোতি চৌধুরী, ড. গোলাব চন্দ্র নন্দী, ড. রম্যব্রত চক্রবর্তী, ড. শিবজিৎ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন অধ্যাপক ড. সৌমিত্র নাথ।




