পরিধি চক্রবর্তী, সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : স্ত্রী ভাগ্যে লক্ষ্মী লাভ, এ কথার সত্যতা যেন আরও একবার প্রমাণ করলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। বাগ্দানের পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমেই পাঁচ উইকেটের কীর্তি গড়লেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে। সাত মাস ধরে মাঠের বাইরে থাকার পর এই অভাবনীয় কামব্যাক যেন গোটা ক্রিকেট দুনিয়ার নজর কাড়ল।

গোয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন অর্জুন। দীর্ঘ বিরতির পর একটি প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেই ম্যাচের প্রথম বলেই ব্যাটারকে ফেরালেন তিনি। এমন শুরুর পর পাঁচ উইকেট তুলে নেওয়া নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাসকে আকাশচুম্বী করেছে। ম্যাচ শেষে নিজের আনন্দ গোপন করেননি ২৫ বছরের এই অলরাউন্ডার। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথম বলের উইকেটের ছবি শেয়ার করে লিখেছেন, “ফিরে এসে এমন সূচনা, এটা আমার কাছে বিশেষ কিছু।
গত আগস্টে মুম্বইয়ের বিখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের (Ravi Ghai) নাতনি সানিয়া চন্দোকের (Saniya Chandok) সঙ্গে বাগ্দান হয় অর্জুনের। তারপরই শুরু হয় নতুন ইনিংস। আর মাঠে ফিরে এমন সাফল্য যেন তাঁর ক্রিকেট ক্যারিয়ারের জন্য শুভ লক্ষণ। অনেক ভক্তই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “স্ত্রী ভাগ্যেই এমন সাফল্য। অর্জুনের জন্য আরও বড় মঞ্চ অপেক্ষা করছে।”

অর্জুনের ক্রিকেটযাত্রা শুরু হয়েছিল মুম্বইয়ের হয়ে। ২০২০-২১ মরসুমে হরিয়ানার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে তাঁর অভিষেক ঘটে। কিন্তু, সিনিয়র দলে নিয়মিত সুযোগ না পাওয়ায় ২০২২-২৩ মরসুমে অর্জুন গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের ফল মিলছে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। গোয়ার হয়ে লাল বলের ক্রিকেটে তিনি এখনও পর্যন্ত ১৭টি ম্যাচে ৫৩২ রান করেছেন তিনি, তার মধ্যে রয়েছে একটি শতরান ও দু’টি অর্ধশতরান। বল হাতেও সমান দক্ষতা দেখিয়েছেন। ইতিমধ্যেই ঝুলিতে জমা হয়েছে ৩৭টি উইকেট। উল্লেখ্য যে, তরুণ এই অলরাউন্ডারকে ঘিরে প্রত্যাশা সবসময়ই বেশি ছিল। কিংবদন্তী পিতার ছায়া থেকে বেরিয়ে নিজের পরিচয় গড়ার চেষ্টা চালাচ্ছেন অর্জুন।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এমন পারফরম্যান্স যদি তিনি ধারাবাহিকভাবে দেখাতে পারেন, তবে গোয়ার হয়ে আরও দাপটের সঙ্গে খেলবেন এবং ভবিষ্যতে জাতীয় দলের দরজাও তাঁর জন্য খুলে যেতে পারে। এক প্রাক্তন ক্রিকেটারদের মতে, “অর্জুনের মধ্যে প্রতিভা আছে, দরকার শুধু ধারাবাহিকতা।” এমন প্রত্যাবর্তন নিঃসন্দেহে অর্জুনের ক্যারিয়ারের জন্য এক বড় প্রাপ্তি। সাত মাস মাঠের বাইরে থাকার পর মানসিক চাপ কাটিয়ে ফিরে আসা সহজ নয়। সেখানে প্রথম বলেই উইকেট এবং ম্যাচে পাঁচ উইকেটের সাফল্য তাঁকে নতুন করে আত্মবিশ্বাসী করবে। ক্রিকেটপ্রেমীরা তাই আশা করছেন, এই ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজের কৃতিত্ব দেখাবেন অর্জুন তেন্ডুলকর।
সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Sara Tendulkar viral video, Sachin Tendulkar family, Arjun Tendulkar Sania Chandok engagement | শচীন তেন্ডুলকরের পরিবারে মিষ্টি মুহূর্ত, সানিয়া চণ্ডকের সঙ্গে সারা তেন্ডুলকরের ভিডিও আবার ভাইরাল




