Arijit Singh sister singer, Amrita Singh playback songs | অরিজিতের বোন অমৃতা, ট্যালেন্টের আলোয় থেকেও কেন নিভৃতচারী?

SHARE:

বসুধা চৌধুরী ★ সাশ্রয় নিউজ : অরিজিৎ সিং (Arijit Singh) এক নামেই সঙ্গীত জগতে ঝড়। মেলোডির চিরন্তন সত্তা হয়ে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড থেকে বিশ্বমঞ্চ। তবে এই বিশ্বখ্যাত গায়ক যখন আকাশ ছুঁয়েছেন খ্যাতির শিখরে, তাঁর বোন অমৃতা সিং (Amrita Singh) থেকে গিয়েছেন অনেকটাই আড়ালে। অথচ তিনিও যে গানের জগতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন, তা অনেকেই জানেন না।

অরিজিৎ সিং ও অমৃতা সিং। ছবি: সংগৃহীত

জিয়াগঞ্জের (Jiaganj) সেই শান্ত শহরে এক ছাদের নিচেই বড় হয়েছেন অরিজিৎ ও অমৃতা। একজন হয়ে উঠলেন দেশের গর্ব, আর অপরজন নিজেকে রাখলেন স্রোতের বাইরে। অমৃতার গানের শুরুটা হয় ঠিক দাদার মতোই মায়ের কোলে বসে প্রথম সঙ্গীত শিক্ষা। তাঁদের মা অদিতি সিং (Aditi Singh) নিজেও সঙ্গীতজ্ঞ ছিলেন, শিখেছিলেন গুরু বীরেন্দ্র প্রসাদ হাজারী (Birendra Prasad Hazari) ও রাজেন্দ্র প্রসাদ হাজারী (Rajendra Prasad Hazari)-র কাছে। সেই পথ ধরেই গানের তালিম নিয়েছেন অমৃতাও। এমনকী প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী কৌশিকী চক্রবর্তী (Kaushiki Chakraborty)-র কাছ থেকেও তিনি তালিম নেন বলে জানা যায়।

অমৃতার প্রথম প্লে-ব্যাক ‘ভুলে যেও আমাকে’, পরিচালক মৈনাক ভৌমিকের (Mainak Bhaumik) ছবি ‘জেনারেশন আমি’ (Generation Aami)-র গান। এরপর তিনি গেয়েছেন ‘বিসমিল্লা’ ছবির ‘তোমাকে দেখিনি’ গানটি। আর তারপর একাধিক হিন্দি গানে তাঁর কণ্ঠ শোনা গিয়েছে ‘পাগলেট’ (Pagglait) ছবিতে দাদার সঙ্গে কাজ করেছেন, হেট স্টোরি ৪ (Hate Story 4) সিনেমায় গেয়েছেন জুবিন নটিওয়াল (Jubin Nautiyal)-এর সঙ্গে। ওয়েব সিরিজ ‘ইতি মেমোরিজ’ (Iti Memories)-এও রয়েছে তাঁর গান। তবু কোথায় যেন একটা দুরত্ব রয়ে যায়। কেন তিনি কখনও অরিজিৎ-এর সঙ্গে একই স্টেজে ওঠেন না? কেন তাঁকে দেখা যায় না লাইমলাইটে? সে প্রশ্নের জবাব খুঁজলে মেলে এক অসাধারণ উত্তর, অমৃতা নিজের পরিচয়ে নিজের জায়গা তৈরি করতে চান। কখনও ভাইয়ের নাম ভাঙিয়ে তিনি সুযোগ আদায়ের চেষ্টা করেননি, নিজস্ব লড়াইয়ে এগিয়ে চলাই তাঁর লক্ষ্য। এক সাক্ষাৎকারে অমৃতা বলেছিলেন, “গান নিয়ে দাদার সঙ্গে প্রচুর আলোচনা হয়। কিন্তু তিনি কখনওই আমাকে কোথাও পৌঁছে দেওয়ার জন্য নিজের নাম ব্যবহার করেননি।” তাঁর বক্তব্যেই স্পষ্ট, ভাই-বোনের সম্পর্ক মধুর হলেও, কাজের মঞ্চে একে অপরের নামের ছায়ায় চলা নয়, নিজের আলাদা স্বত্বা তৈরি করাই তাঁদের মূলমন্ত্র। ২০০৮ সালে ইন্ডিয়ান আইডল (Indian Idol)-এর মঞ্চেও দেখা গিয়েছিল তাঁকে। সেখানে তাঁর প্রতিভা চোখে পড়েছিল অনেকেরই, কিন্তু অমৃতা ছিলেন নিজের মতন করেই স্বতন্ত্র। ২০১৭ সালে অমৃতা বিয়ে করেন ভিডিও এডিটর নিলয় মজুমদার (Nilay Majumdar)-কে। বর্তমানে তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে।

একটি শিল্পীমন কখনও কখনও জাঁকজমক নয়, বরং নিরব আবেগে বাঁচে। সেই আবেগেই গড়ে ওঠে অমৃতার মতো নিভৃতচারী অথচ প্রতিভাবান শিল্পীদের পথ। হয়ত প্রচারের আলোয় তিনি নেই, কিন্তু তাঁর গান যারা শুনেছে, তারা জানেন এই কণ্ঠ স্রোতের বিরুদ্ধে গিয়ে তৈরি করেছে নিজের এক আলাদা ঘর। অরিজিৎ সিংয়ের জনপ্রিয়তা যেমন কণ্ঠের বিশুদ্ধতাকে তুলে ধরে, তেমনি অমৃতা সিংয়ের অবস্থানও প্রমাণ করে, সাফল্যের মানে এক নয়। কারও গল্প হয় ব্যস্ত শহরের কোলাহলে, তো কারও গান বেজে ওঠে ধীর নিঃশব্দে। এবং সেই নিঃশব্দেই বাস করেন অমৃতা, যাঁর প্রতিভা যেন এক ‘আড়ালের আলো’।

ছবি: আন্তর্জালিক 
আরও পড়ুন : Singer Arijit Singh : অরিজিৎ সিং : জিয়াগঞ্জ থেকে বিশ্বমঞ্চে সুরের যাদুকর

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment