মেধা পাল, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : নতুন বছরের শুরুতেই সঙ্গীতপ্রেমীদের জন্য এক চমকপ্রদ ঘোষণা। বলিউড ও বাংলা ছবির অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh) জানিয়ে দিলেন, আর সিনেমায় প্লেব্যাক গাইবেন না। মঙ্গলবার সন্ধ্যায় সমাজমাধ্যমে দেওয়া একটি পোস্টে তাঁর এই মন্তব্য ঘিরে মুহূর্তের মধ্যেই আলোড়ন ছড়ায়। ‘এখানেই থামলাম’ এই কয়েকটি শব্দেই যেন বহু অনুরাগীর মনে প্রশ্নের ঝড়। তবে কি সত্যিই অবসরের পথে হাঁটছেন অরিজিৎ? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও ভাবনা?
নিজের পোস্টে অরিজিৎ লেখেন, ‘নতুন বছরের শুভেচ্ছা সকলকে। শ্রোতা হিসাবে এত বছর ধরে আমায় যে ভালবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে আনন্দের সঙ্গে জানাচ্ছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনও কাজ করব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম।’ পোস্টের শেষ লাইনে তিনি যোগ করেন, ‘এই সফর সত্যিই সুন্দর ছিল।’ এই সংক্ষিপ্ত অথচ আবেগঘন ঘোষণাই অনুরাগীদের স্তম্ভিত করে দিয়েছে। অরিজিতের এই ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? দীর্ঘদিন ধরেই তিনি বলিউডের ‘ভয়েস অব দ্য ইমোশন’ হিসেবে পরিচিত। প্রেম, বিচ্ছেদ, যন্ত্রণা কিংবা আশার গান, সব ক্ষেত্রেই তাঁর কণ্ঠে মুগ্ধ হয়েছে শ্রোতারা। সেই শিল্পীই যদি আচমকা বড়পর্দার গান থেকে সরে দাঁড়ান, তা হলে স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়।

গায়ক নিজে যদিও এই সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেননি। তবে ঘনিষ্ঠ মহলের একাংশের দাবি, এটি সম্পূর্ণ অবসর নয়, বরং সাময়িক বিরতি হতে পারে। কারও কারও মতে, গলার বিশ্রামের জন্যই এই সিদ্ধান্ত। যদিও এই বিষয়ে অরিজিতের পোস্টে সরাসরি কোনও ইঙ্গিত নেই। কিন্তু, তাঁর লেখায় একটি ধরনের পরিপূর্ণতার অনুভূতিই ধরা পড়েছে, যেন একটি অধ্যায় শেষ করে তিনি অন্য পথে হাঁটতে প্রস্তুত। এই ঘোষণার সময়টা নিয়েও আলোচনা চলছে। কারণ, অরিজিৎ সম্প্রতি একাধিক ছবিতে গান গেয়েছেন। কিছু দিন আগেই ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে তাঁর কণ্ঠে ‘ক্ষণে গোরাচাঁদ’ গানটি মুক্তি পেয়েছে, যা ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে জনপ্রিয়। পাশাপাশি, হিন্দি ছবিতেও তাঁর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ‘ধুরন্ধর’ ছবির ‘গেহরা হুয়া’ গানটি শ্রোতাদের মুখে মুখে ফিরছে। শুধু তাই নয়, আসন্ন ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’ (Battle of Galwan)-এও তাঁর গাওয়া গান রয়েছে বলে জানা গিয়েছে। এই সবের পরেও হঠাৎ ‘আর নয়’ বলার সিদ্ধান্ত অনেকের কাছেই ধোঁয়াশা।
সঙ্গীত মহলের একাংশ মনে করছে, অরিজিৎ হয়তো প্লেব্যাকের নির্দিষ্ট গণ্ডি থেকে বেরিয়ে আসতে চাইছেন। দীর্ঘদিন ধরে সিনেমার প্রয়োজন অনুযায়ী গান গাওয়া, পরিচালকের চাহিদা মেনে চলা, এই কাঠামো থেকে মুক্ত হয়ে তিনি হয়তো আরও স্বাধীন সৃষ্টিশীলতার দিকে ঝুঁকছেন। আগেও বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন, একঘেয়েমি তাঁকে গ্রাস করলে তিনি নতুন পথ খোঁজেন। সেই ধারাবাহিকতাতেই হয়ত এই সিদ্ধান্ত।
উল্লেখ্য যে,অরিজিৎ কেবল গায়ক হিসেবেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। গান গাওয়ার পাশাপাশি পরিচালনাতেও তাঁর আগ্রহ দীর্ঘদিনের। ইতিমধ্যেই তিনি দু’টি ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং নিয়মিত শুটিংও করছেন। তাঁর প্রথম ছবি ‘সা’ (Sa) এখনও মুক্তির অপেক্ষায়। ছবিটি বাংলা ভাষায় নির্মিত হলেও মুক্তির আগেই তিনি হিন্দি ভাষায় পরিচালনা করছেন নতুন ছবি ‘ভয়’ (Bhay)। অনেকের মতে, প্লেব্যাক থেকে সরে দাঁড়িয়ে হয়তো পরিচালনা ও স্বাধীন সঙ্গীতচর্চাতেই আরও বেশি মন দিতে চান তিনি।অনুরাগীদের প্রতিক্রিয়া অবশ্য আবেগে ভরপুর। কেউ লিখছেন, ‘অরিজিতের কণ্ঠ ছাড়া সিনেমা কল্পনাই করা যায় না।’ আবার কেউ বলছেন, ‘যদি নতুন রূপে নতুন সঙ্গীত আসে, তা হলে এই সিদ্ধান্তকে স্বাগত।’ সমাজমাধ্যমে অনেকে তাঁর পোস্টের শেষ লাইন, ‘এই সফর সত্যিই সুন্দর ছিল’ উদ্ধৃত করে বলছেন, এটি রূপান্তরের ইঙ্গিত।

সঙ্গীত বিশেষজ্ঞদের মতে, এটি ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। কারণ, এত বড় মাপের একজন শিল্পী যখন প্লেব্যাক থেকে সরে আসার কথা বলেন, তখন তা ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীদের জন্যও বার্তা বহন করে। সাফল্যের শিখরে থেকেও যে নিজেকে নতুন করে গড়ে তোলার সাহস করা যায়, অরিজিতের সিদ্ধান্ত তারই উদাহরণ। সব প্রশ্নের উত্তর যদিও এখনও অধরা। প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেও তিনি কি লাইভ কনসার্ট, স্বাধীন অ্যালবাম বা পরীক্ষামূলক সঙ্গীতে আরও সক্রিয় হবেন? নাকি সময়ের সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্ত বদলাতেও পারে? আপাতত একটাই নিশ্চিত, অরিজিৎ সিংহ গান থেকে সরে যাচ্ছেন না, বদলাচ্ছেন শুধু তাঁর যাত্রাপথ। আর সেই নতুন যাত্রার দিকেই তাকিয়ে রয়েছে কোটি কোটি শ্রোতা।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Elon Musk Partner Indian Origin | মাস্ক জানালেন তাঁর সঙ্গিনীর শিকড় ভারতে, ‘ইন্ডিয়ান অরিজিন’ পরিচয় ঘিরে আলোচনা তুঙ্গে




