শোভনা মাইতি ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউডে বিতর্ক আর বক্স অফিস সাফল্য এই দুইয়ের মিশেলে যে ছবিটি সাম্প্রতিককালে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছিল। তা নিঃসন্দেহে সন্দীপ রেড্ডী বাঙ্গা (Sandeep Reddy Vanga) পরিচালিত ‘অ্যানিম্যাল’ (Animal)। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই ছবি এক দিকে যেমন রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল, অন্য দিকে তেমনই তীব্র সমালোচনার মুখে পড়েছিল নারীবিদ্বেষ, অতিনৃশংসতা ও বিষাক্ত পুরুষতন্ত্রের অভিযোগে। কিন্তু বিতর্কের মাঝেও রণবীর কাপূর (Ranbir Kapoor) -এর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। ছবির শেষ দৃশ্যে যে ইঙ্গিত দেওয়া হয়েছিল, তা নিয়েই এত দিন ধরে চলছিল জল্পনা। অবশেষে সেই জল্পনায় ইতি টেনে ‘অ্যানিম্যাল পার্ক’ (Animal Park) নিয়ে বড় ঘোষণা করলেন রণবীর নিজেই।বর্তমানে রণবীর ব্যস্ত তাঁর কেরিয়ারের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে। এক দিকে নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari) পরিচালিত মেগা প্রোজেক্ট ‘রামায়ণ’ (Ramayana), অন্য দিকে সঞ্জয় লীলা ভন্সালী -এর (Sanjay Leela Bhansali) বহু প্রতীক্ষিত ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ (Love and War)। এই দুই ছবির শুটিং একসঙ্গে সামলাতে গিয়ে আপাতত ‘অ্যানিম্যাল পার্ক’-এর কাজে হাত দেওয়া সম্ভব নয় বলেই জানিয়েছেন অভিনেতা। শুধু রণবীরই নন, পরিচালক সন্দীপ রেড্ডী বাঙ্গাও এই মুহূর্তে ব্যস্ত তাঁর নতুন ছবি ‘স্পিরিট’ (Spirit) নিয়ে। সমস্ত মিলিয়ে, ‘অ্যানিম্যাল পার্ক’ -এর শুটিং শুরু হতে বাস্তবে ২০২৭ সালের আগে সময় লাগবে বলেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে।
তথাপি, শুধু মুক্তির সময় নয়, ছবির কাঠামো নিয়েও বড় চমক দিয়েছেন রণবীর। তাঁর ঘোষণায় জানা গিয়েছে, ‘অ্যানিম্যাল পার্ক’ তিনটি ভাগে তৈরি হতে চলেছে। অর্থাৎ, ‘অ্যানিম্যাল’ যে গল্পের সূচনা করেছিল, তার পরিধি আরও বিস্তৃত করে একটি পূর্ণাঙ্গ ট্রিলজি হিসেবে দর্শকদের সামনে হাজির করবেন সন্দীপ রেড্ডী বাঙ্গা। অভিনেতার দাবি অনুযায়ী, এই তিনটি ছবিতে নৃশংসতা ও মানসিক সংঘাত আরও গভীর ও ভয়াবহ রূপ নেবে। রণবীরের কথায়, ‘প্রথম ছবির অভিজ্ঞতা থেকেই আমরা অনেক কিছু শিখেছি। দর্শকের প্রতিক্রিয়া, সমালোচনা সব কিছু মাথায় রেখেই সন্দীপ গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। এবার আমাকে একেবারে ভিন্ন রূপে দেখা যাবে। আমি দ্বৈত চরিত্রে অভিনয় করছি, এক দিকে নায়ক, অন্য দিকে খলনায়ক।’ এই ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। দ্বৈত চরিত্রের রহস্যও খানিকটা খুলে দিয়েছেন রণবীর। তাঁর কথায়, গল্প অনুযায়ী খলনায়ক চরিত্রটি প্লাস্টিক সার্জারির মাধ্যমে প্রধান চরিত্রের মতো চেহারা ধারণ করবে। অর্থাৎ, একই মুখে দুই বিপরীত সত্তার সংঘর্ষই হবে ‘অ্যানিম্যাল পার্ক’ -এর মূল আকর্ষণ। সিনেমার পর্দায় এই ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং আত্মসংঘাত যে দর্শকদের আরও বেশি নাড়া দেবে, তা বলাই বাহুল্য।
‘অ্যানিম্যাল’ ছবিটি মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রে ছিল। এক দিকে ছবিটি বক্স অফিসে প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা করেছিল, অন্য দিকে বহু সমাজবিদ ও সমালোচক ছবিটিকে নারীবিদ্বেষী বলে দাগিয়ে দেন। তবে রণবীরের অনুরাগীরা ছবির প্রতিটি দৃশ্য উদ্যাপন করেছিলেন। বিশেষ করে ববি দেওল (Bobby Deol) -এর খলনায়ক চরিত্র ও রণবীরের হিংস্র, অস্থির অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। এই ছবিতে রণবীরের পাশাপাশি অভিনয় করেছিলেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna), তৃপ্তি ডিমরী (Triptii Dimri) এবং ববি দেওল। প্রত্যেকের চরিত্রই ছবির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, ‘অ্যানিম্যাল পার্ক’-এ কি এই অভিনেতা-অভিনেত্রীদের ফের দেখা যাবে? যদিও এই বিষয়ে এখনও নির্মাতাদের তরফে কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি, তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, একাধিক পরিচিত মুখ ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সিনে সমালোচকরা ‘অ্যানিম্যাল পার্ক’ সন্দীপ রেড্ডী বাঙ্গার বিতর্কিত সিনেমাটিক জগতের আরও গভীরে প্রবেশ করার প্রস্তুতি। দ্বৈত চরিত্রে রণবীর কপূরের অভিনয়, তিন ভাগে বিভক্ত গল্প এবং নৃশংসতার নতুন সংজ্ঞা, এই সব কিছুর সমন্বয়ে ‘অ্যানিম্যাল পার্ক’ যে মুক্তির আগেই আলোচনার শীর্ষে থাকবে, তা বলাই যায়। এখন দেখার, দর্শক ও সমালোচকেরা এই ‘পার্ক’-এ ঢুকে ঠিক কতটা ভয়, উত্তেজনা ও বিতর্কের মুখোমুখি হন।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Dairy Farmers Empowerment, Dairy Sector India | ICAR-NDDB -এর কৌশলগত অংশীদারিত্ব: গ্রামীণ দুগ্ধশিল্পে গবেষণা ও উদ্ভাবনে ভাবনা




