প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউডে আবার বিয়ের সানাই! বহু জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের তৃতীয় বিয়ের খবর নিশ্চিত করলেন অভিনেতা আমির খান (Aamir Khan)। প্রেমিকা গৌরী স্প্র্যাট (Gauri Spratt) -এর সঙ্গে আগামী ৫ জুলাই গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। বুধবার ছড়িয়ে পড়া এই খবরকে ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দেননি আমির, বরং সরাসরি স্বীকার করে নিয়েছেন, ‘হ্যাঁ, বিয়েটা হচ্ছে।’ এই ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস যেমন বেড়েছে, তেমনই সমালোচনাও শুরু হয়েছে অন্যদিকে। একটি সাক্ষাৎকারে আমির খান (Aamir Khan) বলেন, ‘আমি এখন আমেরিকা যাচ্ছি। তবে বিয়ের যে খবর ছড়িয়েছে, তা সত্যি। ৫ জুলাই বিয়েটা হচ্ছে।’ তাঁর এই মন্তব্যের পর আর কোনও সন্দেহের অবকাশ থাকেনি। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে থাকা এই তারকা আবারও শিরোনামে উঠে এলেন।

উল্লেখ্য, ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে গৌরী স্প্র্যাট (Gauri Spratt) -এর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। সেই সময় থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। অবশেষে সেই সম্পর্কই এখন পরিণতি পেতে চলেছে। জানা গিয়েছে, ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতেই এই বিয়ে সম্পন্ন হবে। আমিরের (Aamir Khan) এই সিদ্ধান্ত ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনুরাগীদের একাংশ যেমন তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন, তেমনই কিছু মানুষ কটাক্ষ করতেও ছাড়ছেন না। তবে এই পরিস্থিতিতে আমিরের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি (Suchitra Krishnamoorthi)। তিনি আমিরের সিদ্ধান্তকে ‘সাহসী’ বলে উল্লেখ করেছেন। সুচিত্রা কৃষ্ণমূর্তি (Suchitra Krishnamoorthi) বলেন, ‘শুভেচ্ছা ওঁকে। সত্যিই সাহসী পদক্ষেপ। আমার মনে হয়, মন খুলে বার বার ভালবাসা খুব সুন্দর বিষয়। বার বার ভালবাসতে পারা আশীর্বাদের মতো।’ তাঁর মতে, জীবনে ভালবাসাকে নতুন করে গ্রহণ করার মধ্যে কোনও ভুল নেই, বরং সেটাই জীবনের স্বাভাবিক প্রবাহ।
নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাও এই প্রসঙ্গে তুলে ধরেছেন সুচিত্রা। ১৯৯৯ সালে পরিচালক শেখর কপূরকে (Shekhar Kapur) তিনি বিয়ে করেছিলেন। সেই সময় তাঁদের বয়সের ব্যবধান নিয়েও আলোচনা হয়েছিল। ২০০৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকে একাই জীবন কাটাচ্ছেন সুচিত্রা। তাঁদের একটি কন্যা রয়েছে, কাবেরী কপূর (Kaveri Kapur)। একাকী থাকার প্রসঙ্গে সুচিত্রা বলেন, ‘অনেকেই জানতে চায়, কেন আমি একা। আমি বলি, আমি আমার শিল্পের সঙ্গে বিবাহিত।’ তিনি আরও বলেন, ‘কখনও সেই শিল্প কঠিন হয়ে ওঠে, কখনও আর্থিক টানাপোড়েন আসে। তবুও আমি এই পথেই থাকতে চাই।’ তাঁর মতে, বিয়ে জীবনের একটি অধ্যায় মাত্র, বাধ্যতামূলক নয়।
আমির খান (Aamir Khan) -এর ব্যক্তিগত জীবন বরাবরই চর্চার বিষয়। এর আগে দু’বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। প্রথম স্ত্রী রীনা দত্ত (Reena Dutta) এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও (Kiran Rao) -এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বহু আলোচনা হয়েছে। দু’টি সম্পর্কই শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়। তবে প্রাক্তন স্ত্রীদের সঙ্গে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির। এই প্রেক্ষাপটে তাঁর তৃতীয় বিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছে। অনেকেই মনে করছেন, জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আবার কেউ কেউ বলছেন, এই সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত স্বাধীনতারই বহিঃপ্রকাশ।
আরও পড়ুন : মোবাইল রিচার্জের দাম ঊর্ধ্বমুখী: ভারতে বাড়ছে ডিজিটাল খরচের চাপ, বিপাকে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার
বলিউডে (Bollywood) সম্পর্ক, বিচ্ছেদ এবং নতুন করে শুরু এই এসব নতুন নয়। তবুও আমির খানের (Aamir Khan) মতো প্রভাবশালী তারকার ক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্তই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তাঁর এই বিয়েও তার ব্যতিক্রম নয়। বর্তমানে ভক্তদের নজর ৫ জুলাইয়ের দিকে। কেমন হবে এই বিয়ের অনুষ্ঠান, কারা উপস্থিত থাকবেন, সব কিছু নিয়েই আগ্রহ তুঙ্গে। যদিও আমির এখনও এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। একদিকে সমর্থন, অন্যদিকে সমালোচনা দুইয়ের মাঝেই নিজের সিদ্ধান্তে অনড় আমির খান (Aamir Khan)। তাঁর কথাতেই যেন সেই ইঙ্গিত, জীবন থেমে থাকে না, নতুন করে শুরু করাই তার স্বাভাবিক গতি।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Aamir Khan birthday celebration | এক ছাদের তলায় প্রাক্তন স্ত্রী, প্রেমিকা ও সন্তানরা! ৬১তম জন্মদিনে আমির খানের ‘পারফেক্ট ফ্যামিলি’ মুহূর্ত ভাইরাল



