Israel government formation, Benjamin Netanyahu Isaac Herzog | নেতানিয়াহুর ক্ষমতার সমীকরণে বড় ধাক্কা, ইজরায়েলে সরকার গড়ার কঠিন পরীক্ষায় আইজেনকট

SHARE:

ইজরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজ়েনকট ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে রাজনৈতিক সমীকরণ

সাশ্রয় নিউজ ডেস্ক ★নতুন দিল্লি : ইজরায়েলের রাজনীতিতে নতুন করে ক্ষমতার লড়াই শুরু। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) দীর্ঘদিনের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে (Gadi Eisenkot) সরকার গঠনের দায়িত্ব দিলেন প্রেসিডেন্ট আইস্যাক হেরজগ (Isaac Herzog)। পার্লামেন্ট নির্বাচনের ফল প্রকাশের পরেও কোনও পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই জট কাটানোর দায়িত্ব এখন আইজেনকটের কাঁধে। তবে সরকার গঠনের জন্য তাঁর হাতে সময় মাত্র ২৮ দিন। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়াতে পারেন প্রেসিডেন্ট।

আরও পড়ুন : Smit Machchhar hero, Modi praises Indian pilot | মাঝ-আকাশে হামলা, রক্তাক্ত হয়েও বিমান বাঁচালেন স্মিত! নরেন্দ্র মোদী- ডোনাল্ড ট্রাম্প-বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশংসা

নির্ধারিত সময়ের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন জোগাড় করতে না পারলে অন্য কোনও নেতাকে সরকার গঠনের সুযোগ দেওয়া হবে। প্রেসিডেন্টের কাছ থেকে দায়িত্ব পাওয়ার পর আইজেনকট জানিয়েছেন, তিনি সরকার গঠনের বিষয়ে আশাবাদী। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে দেশের স্বার্থে একটি জাতীয় জরুরি সরকার গঠন করা প্রয়োজন। সমাজমাধ্যমে নিজের অবস্থান জানিয়ে তিনি লিখেছেন, ‘এখন একটা জাতীয় জরুরি সরকার গঠনের সময়। আমরা এর যোগ্য হয়ে উঠব ও সেটা নিশ্চিত করার জন্য আমি সাধ্যমতো সব চেষ্টা করব।’ তাঁর এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, সরকার গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক শিবিরের সঙ্গে তিনি আলোচনার পথ খোলা রাখতে চাইছেন। যদিও নির্বাচনের ফল ও বিভিন্ন দলের অবস্থান বিচার করলে তাঁর সামনে কাজটি যে সহজ হবে না, তা বলাই যায়।

ইজরায়েলের আইনসভা নেসেটের (Knesset) মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ জন সদস্যের সমর্থন। কিন্তু সদ্য প্রকাশিত নির্বাচনী ফলাফলে কোনও জোটই সেই সংখ্যায় পৌঁছতে পারেনি। বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির (Likud Party) নেতৃত্বাধীন শাসকপক্ষ পেয়েছে ৫৩টি আসন। অন্য দিকে, প্রাক্তন সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের ঝুলিতে রয়েছে ৪৮টি আসন। আরবীয় রাজনৈতিক দলগুলি সম্মিলিত ভাবে পেয়েছে ১৯টি আসন। ফলে সরকার গঠনের অঙ্কে আরব দলগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই নির্বাচনী সমীকরণে আইজ়েনকট কিছুটা এগিয়ে থাকলেও তাঁর সামনে রাজনৈতিক অবস্থানের বড় বাধা। কারণ, আরবীয় দলগুলির সমর্থন ছাড়া প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা তাঁর পক্ষে কঠিন। অথচ অতীতে তিনি ওই দলগুলির সঙ্গে সরাসরি জোট গড়ার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। ফলে এখন তাঁকে নিজের রাজনৈতিক অবস্থান এবং সরকার গঠনের বাস্তব প্রয়োজনের মধ্যে সমন্বয় করতে হবে।

আরও পড়ুন : IIT Kharagpur Physical AI School | ৩৫ কোটি টাকার উদ্যোগে আইআইটি খড়্গপুরে নতুন ইতিহাস! দেশে প্রথম ফিজিক্যাল এআই স্কুল তৈরির প্রস্তুতি

অন্য দিকে, আরবীয় রাজনৈতিক নেতারা জানিয়েছেন, সরকার গঠনের প্রথম সুযোগ আইজ়েনকটকেই দেওয়া উচিত। তাঁদের এই অবস্থান নেতানিয়াহুর বিরোধিতার সঙ্গেও যুক্ত। নেতানিয়াহু ও তাঁর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী রাজনৈতিক শিবিরের প্রতি আরব নেতাদের অসন্তোষ দীর্ঘদিনের। বর্তমান পরিস্থিতিতে আইজেনকটের সামনে মূলত তিনটি সম্ভাব্য পথ আছে। প্রথমত, আরবীয় দলগুলির প্রত্যক্ষ সমর্থন নিয়ে তিনি একটি সংখ্যালঘু সরকার গঠন করতে পারেন। এ ক্ষেত্রে তাঁর জোটের আসনসংখ্যা ৬১-এ পৌঁছবে না। তবে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন, বাজেট অনুমোদন কিংবা আস্থা ভোটের মতো বিষয়ে আরব দলগুলির সমর্থন সরকারকে টিকিয়ে রাখতে পারে। এই ধরনের সরকার গঠিত হলে প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে সমর্থন নিশ্চিত করতে হবে আইজ়েনকটকে। ফলে সংসদে তাঁর সরকারের স্থায়িত্ব নির্ভর করবে সহযোগী দলগুলির সঙ্গে সম্পর্কের উপর।

দ্বিতীয় সম্ভাবনা হল, অতি-রক্ষণশীল রাজনৈতিক দলগুলির সঙ্গে সমঝোতা করে জোট সরকার গঠন। এই পথ বেছে নিলে আইজেনকটকে এমন কিছু দলের সঙ্গে আলোচনা করতে হবে, যাদের সঙ্গে অতীতে তাঁর রাজনৈতিক দূরত্ব ছিল। মতাদর্শগত পার্থক্য, ধর্মীয় নীতি, সামাজিক সংস্কার ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন প্রশ্নে এই দলগুলির সঙ্গে সমঝোতা করা কঠিন হতে পারে। তবু সংখ্যাগরিষ্ঠতা অর্জনের স্বার্থে এই বিকল্প পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তৃতীয় পথটি আরও তাৎপর্যপূর্ণ। প্রয়োজন হলে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর সঙ্গেও হাত মেলাতে পারেন আইজেনকট। দুই শিবিরের মধ্যে রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের হলেও জাতীয় স্বার্থে বৃহত্তর জোট গঠনের যুক্তি তুলে ধরে এমন সমঝোতার চেষ্টা হতে পারে।

আরও পড়ুন : PM Narendra Modi Vocal for Local India | Mann Ki Baat 139th Episode : মন কি বাতে মোদীর ‘ভোকাল ফর লোকাল’, গ্রীসে বিহারের মাখানা, মালদ্বীপে কর্ণাটকের ডাল

কিন্তু এই ধরনের সরকার তৈরি হলে নেতৃত্ব, মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন ও নীতিগত সিদ্ধান্ত নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ার আশঙ্কা থাকবে। ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও সরকার চালানো সহজ হবে না। বিশেষভাবে উল্লেখ্য যে, প্রেসিডেন্টের নির্ধারিত ২৮ দিনের সময়সীমা তাই ইজ়রায়েলের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে আইজ়েনকটকে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করে অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় পাওয়ার সুযোগও আছে। কিন্তু সেই সময়েও তিনি ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য কোনও রাজনৈতিক নেতাকে সরকার গঠনের দায়িত্ব দিতে পারেন। পরবর্তী প্রার্থীও সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে আরও একজনকে সুযোগ দেওয়া হবে। গোটা প্রক্রিয়া সর্বোচ্চ ১০০ দিন পর্যন্ত চলতে পারে। তাতেও কোনও সমাধান না মিললে ফের সাধারণ নির্বাচনের পথে হাঁটতে হতে পারে দেশটিকে।

আপাতত ইজরায়েলের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের আলোচনার উপর। আরবীয় দলগুলির সমর্থন, অতি-রক্ষণশীল শিবিরের সঙ্গে সমঝোতা কিংবা নেতানিয়াহুর সঙ্গে সম্ভাব্য বোঝাপড়া, কোন পথে এগোবেন আইজেনকট, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। তাঁর সামনে যেমন সরকার গঠনের সুযোগ রয়েছে, তেমনই আছে বিরোধী শিবিরের ঐক্য ধরে রাখার চ্যালেঞ্জ। অন্য দিকে, নেতানিয়াহুর পক্ষেও ক্ষমতায় ফেরার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। শেষ পর্যন্ত কোনও সমঝোতা না হলে নতুন নির্বাচনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই আগামী ২৮ দিন ইজরায়েলের রাজনীতিতে ক্ষমতার অঙ্ক আর জোটের দর কষাকষিই প্রধান আলোচ্য হয়ে উঠতে চলেছে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Canadian Prime Minister Mark Carney on India Global Leadership | ‘ভারতকে মধ্যম শক্তি বলব না’, বিশ্বনেতৃত্বের যোগ্যতা নিয়ে মোদীর দেশকে বড় স্বীকৃতি কানাডার কার্নির

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন