কফিহাউসের চারপাশে, শারদীয়া সংখ্যা
সাশ্রয় নিউজ : স্বতন্ত্রতার সঙ্গে নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে ‘কফি হাউসের চারপাশে ‘ নামে একটি সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা। পত্রিকাটি ইতিমধ্যে বাংলা সাহিত্যে বিশেষ স্থান তৈরি করে নিয়েছে। মাসিক এই পত্রিকাটিতে যেমন নিয়মিত লিখছেন এই সময়ের তরুণ লেখকরা, তেমনি সাহিত্যের বিভিন্ন স্তরের দিকপাল
লেখকরাও। সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে ফিচার, প্রবন্ধ, নাটক, গল্প, কবিতা, ধারাবাহিক উপন্যাস, বুক রিভিউ প্রভৃতি প্রকাশিত হয় পত্রিকাটির নিয়মিত সংখ্যাগুলিতে।
আজ (২৭ সেপ্টেম্বর, ২০২২, ১০ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ) কলকাতার নির্মল ভবনে ‘কফিহাউসের চারপাশে’ শারদীয়া ১৪২৯ আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান হল। শারদ সংখ্যাটি উদ্বোধন করেন প্রভুপাদ শ্রী শ্রী নিত্যানন্দ-এর চতুর্দশ উত্তরপুরুষ এবং বাংলার সর্বপ্রাচীন দুর্গাপুজোর ধারক ও বাহক প্রভুপাদ শ্রী সরোজেন্দ্র মোহন গোস্বামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যিক পৃথ্বিরাজ সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Aranax Technologies Pvt. Ltd. -এর ডিরেক্টর এবং শোভাবাজার রাজবাড়ী-এর উত্তরপুরুষ শ্রী সৌমিত্র কুমার বসু। এছাড়াও অনেক লেখক, কবি, ঔপন্যাসিক, ভস্কর, সাহিত্যিক, শিল্পী, সম্পাদক, পুস্তক প্রকাশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটিতে মনোজ্ঞ উদ্বোধনী সঙ্গীত ও আগমনী সঙ্গীত পরিবেশন করেন ‘স্বপ্নরাগ’-এর শিল্পীরা।
কবি ও সম্পাদক মৃণালকান্তি সাহা-এর সম্পাদিত কফিহাউসের চারপাশে পত্রিকার এই বৃহদাকার শারদীয়া-১৪২৯ সংখ্যাটি উপস্থিত ব্যক্তিদের মন জয় করে নিয়েছে।



