Dilip Ghosh statement egg protest | ‘ডিম্বাস্ত্র’ বিতর্কে তপ্ত রাজনীতি, এনকাউন্টার ইস্যুতে বুদ্ধিজীবীদের নিশানা দিলীপ ঘোষের

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা, ৯ জুলাই ২০২৬ : ডিম ছোড়া নিয়ে রাজনৈতিক ভাষ্য, তার সঙ্গে যুক্ত হল পুলিশের এনকাউন্টার প্রসঙ্গ, এই দুই ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজনীতি আবারও উত্তপ্ত। পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh) -এর সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। একদিকে যেখানে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) ডিম ছোড়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কথা বলছেন, সেখানে দিলীপ উল্টে ‘ডিম্বাস্ত্র’ ব্যবহারের পক্ষে সওয়াল করেছেন বলে উল্লেখ। বারুইপুরে এক নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত এক অভিযুক্তের মৃত্যু হয় পুলিশের গুলিতে। ঘটনাটি ঘটে গভীর রাতে, যখন পুলিশ ওই অভিযুক্তকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছিল বলে সূত্রের খবর। পুলিশের দাবি, অভিযুক্ত পালানোর চেষ্টা করেন এবং এক পুলিশকর্মীর অস্ত্র ছিনিয়ে নিতে যান। সেই পরিস্থিতিতে পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

আরও পড়ুন : Samik Bhattacharya, TMC to BJP | তৃণমূলের জন্য দরজা বন্ধ, ২০৭ আসনের জয়ের পর কড়া বার্তা শমীকের

এনকাউন্টার নিয়ে বিরোধীদের একাংশ প্রশ্ন তুলেছেন, বিনা বিচারে এমন পদক্ষেপ কি গ্রহণযোগ্য? অনেকেই এই ঘটনাকে উত্তরপ্রদেশের প্রশাসনিক কৌশলের সঙ্গে তুলনা করেছেন। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘যাঁদের নাম বলছেন, তাঁরা নিজেদের বুদ্ধিজীবী বলে পরিচয় দেন, কিন্তু এঁদের ভূমিকা সমাজের পক্ষে ক্ষতিকর।’ তিনি আরও দাবি করেন, ‘অপরাধের বিরুদ্ধে আওয়াজ তুললেও, যখন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তখনও এঁরা প্রতিবাদ করেন।’ দিলীপ ঘোষ-এর বক্তব্যের কেন্দ্রবিন্দুতে ছিল ‘ডিম্বাস্ত্র’ প্রসঙ্গ। তিনি বলেন, ‘ডিম যেখানে সেখানে নষ্ট করবেন না, যারা সমাজকে বিভ্রান্ত করছে তাঁদের মাথায় ডিম মারুন।’ তাঁর দাবি, এটি বাঙালির এক অভিনব প্রতিবাদ পদ্ধতি। ‘রাগ বা ক্ষোভ প্রকাশের এমন উপায়, যাতে সরাসরি আঘাত না করেও বার্তা পৌঁছে দেওয়া যায়’ এই যুক্তিতেই তিনি এই পদ্ধতির পক্ষে মত দেন।

তাঁর এই মন্তব্যের সঙ্গে দলেরই অন্য শীর্ষ নেতার অবস্থানের পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। কিছু দিন আগেই শমীক ভট্টাচার্য বলেছিলেন, ‘কারও প্রতি ক্ষোভ থাকতেই পারে, কিন্তু ডিম ছোড়া কোনও সুস্থ সামাজিক রীতি নয়।’ তিনি নাগরিকদের অন্যভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে দিলীপের মন্তব্য রাজনৈতিক অন্দরে নতুন করে আলোচনা তৈরি করেছে। এদিকে ডিম ছোড়া নিয়ে ইতিমধ্যেই আদালতের দৃষ্টি আকর্ষিত হয়েছে। কলকাতা হাই কোর্ট এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং রাজ্য সরকারের কাছে এ বিষয়ে পদক্ষেপের রিপোর্ট চেয়েছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এই পরিস্থিতিতে দিলীপের মন্তব্য প্রশাসনিক অবস্থানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়েও প্রশ্ন উঠছে।

এনকাউন্টার প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্যও নজর কেড়েছে। তিনি বলেন, ‘আমরা এনকাউন্টার করতে চাই না, কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে।’ তাঁর দাবি, দীর্ঘদিন ধরে অপরাধ দমনে শিথিলতা থাকার ফলেই রাজ্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ‘অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে।’ বিরোধীদের একাংশ প্রশ্ন তুলেছেন, কেন গভীর রাতে অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল এবং কেন পুরো ঘটনার কোনও দৃশ্যমান প্রমাণ প্রকাশ করা হয়নি। এই প্রসঙ্গে দিলীপের বক্তব্য, ‘সব কিছু কি ক্যামেরায় ধরে রাখা সম্ভব? মাঠের মধ্যে তদন্ত করতে গেলে সেখানে সব সময় রেকর্ডিং থাকে না।’ তিনি আরও বলেন, ‘অপরাধী শাস্তি পেয়েছে, বাকিরাও পাবে। কিন্তু কেউ কেউ এতে সন্তুষ্ট নন।’

দিলীপ ঘোষের মতে, গত কয়েক দশকে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। তাঁর বক্তব্য, ‘মানুষ আইনশৃঙ্খলা থেকে দূরে সরে গিয়েছিল, অনেক ক্ষেত্রে অপরাধ অভ্যাসে পরিণত হয়েছে।’ এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সময় লাগবে বলেও তিনি জানান। পাশাপাশি তিনি সাধারণ মানুষের কাছে প্রশাসনের উপর আস্থা রাখার আবেদন জানিয়েছেন। এই সমস্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ মনে করছে, এ ধরনের বক্তব্য সমাজে ভুল বার্তা দিতে পারে। অন্যদিকে, বিজেপি শিবিরের দাবি, অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার প্রয়োজন রয়েছে। ডিম ছোড়া থেকে এনকাউন্টার, দু’টি ভিন্ন প্রসঙ্গ হলেও, বর্তমান পরিস্থিতিতে তারা এক সুতোয় বাঁধা পড়েছে। প্রতিবাদের ভাষা কী হবে এবং অপরাধ দমনে প্রশাসনের ভূমিকা কতটা কঠোর হওয়া উচিত, এই দুই প্রশ্ন এখন রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : India WTC Position, Shubman Gill Team Ranking | শ্রীলঙ্কার ড্র-তেই এগিয়ে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপে শুভমনদের অবস্থান শক্ত, শীর্ষে অস্ট্রেলিয়ার দাপট

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন