প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই ৫ জুলাই ২০২৬ : বলিউডে ফের চর্চার কেন্দ্রে আমির খান (Aamir Khan)। তিনি ব্যক্তিগত জীবনের নতুন তিনি শুরু করলেন। পরিবার ঘনিষ্ঠ, বন্ধু এবং ইন্ডাস্ট্রির অল্প কিছু মানুষের উপস্থিতিতে গৌরী স্প্র্যাট (Gauri Spratt) -এর সঙ্গে আইনি বিয়ে সেরেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। মুম্বাইয়ের বান্দ্রায় (Bandra) অভিনেতার বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল ঘরোয়া আবহ। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিয়ের দিন আমির খানকে বাড়ির বাইরে এসে ছবিশিকারিদের সঙ্গে দেখা করতে দেখা যায়। তিনি নিজে হাতে মিষ্টি বিলিয়ে শুভেচ্ছা গ্রহণ করেন ও সকলকে করজোড়ে ধন্যবাদ জানান। তাঁর এই আচরণে খুশি হন উপস্থিত আলোকচিত্রী ও অনুরাগীরা। কিন্তু নজরে পড়ার মতো বিষয়, বিয়ের পরেও জনসমক্ষে দেখা যায়নি গৌরী স্প্র্যাটকে। ফলে কৌতূহল আরও বেড়েছে তাঁকে ঘিরে।
এই আবহের মধ্যেই ভাইরাল হয়েছে গৌরীর একটি পুরনো ভিডিও। কয়েক মাস আগে বান্দ্রায় গাড়ি থেকে নামার সময় তাঁকে ঘিরে ধরেছিলেন পাপারাৎজিরা। সেই সময় তাঁকে বেশ অস্বস্তিতে পড়তে দেখা যায়। ভিডিওতে শোনা যায়, তিনি বলছেন, ‘আমাকে অনুসরণ কেন করছেন? আমাকে একা ছেড়ে দিন।’ (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সাশ্রয় নিউজ) এই মন্তব্য মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সামনে আসে। অনেকেই গৌরীর এই প্রতিক্রিয়াকে সমর্থন করেছেন। তাঁদের মতে, দীর্ঘদিন ব্যক্তিগত জীবন আড়ালে রেখে চলা একজন মানুষের পক্ষে হঠাৎ করে ক্যামেরার ঝলকানির সামনে আসা সহজ নয়। বিশেষ করে যখন তিনি বিনোদন জগতের সঙ্গে সরাসরি যুক্ত নন, তখন এই ধরনের পরিস্থিতি সামলাতে সময় লাগাই স্বাভাবিক।
অন্যদিকে, কিছু নেটাগরিক প্রশ্ন তুলেছেন, জনপরিচিত একজন তারকার জীবনের অংশ হয়ে ওঠার পর এই বাস্তবতা মেনে নেওয়াও জরুরি। কিন্তু গৌরী যে নিজের ব্যক্তিগত পরিসর রক্ষা করতে চান, তা তাঁর আচরণ থেকেই বোঝা গিয়েছে। আমির খান বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সংযত থেকেছেন। তাঁর সম্পর্ক, বিবাহ এবং বিচ্ছেদ সব ক্ষেত্রেই তিনি অনেকটাই নীরব থেকেছেন। গৌরী স্প্র্যাটের ক্ষেত্রেও সেই ধারা বজায় রেখেছেন বলেই মনে করা হচ্ছে। তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসার পরেও খুব সীমিত পরিসরেই একসঙ্গে দেখা গিয়েছে দু’জনকে।
উল্লেখ্য, ‘সিতারে জমিন পর’ (Sitaare Zameen Par) ছবির বিশেষ প্রদর্শনীতে একসঙ্গে উপস্থিত ছিলেন আমির ও গৌরী। সেই সময় ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা যায় তাঁদের। ফলে মনে করা হচ্ছিল, ধীরে ধীরে জনসমক্ষে আসতে অভ্যস্ত হয়ে উঠছেন গৌরী। কিন্তু সাম্প্রতিক ভিডিও আবার সেই ধারণায় প্রশ্ন তুলেছে। তবে তাঁদের বিয়ের আয়োজন নিয়েও রয়েছে আলাদা আগ্রহ। জানা গিয়েছে, আইনি প্রক্রিয়া মেনেই বিয়ে সম্পন্ন হয়েছে। স্বাক্ষর করে নতুন জীবনের সূচনা করেছেন আমির ও গৌরী। এরপর ঘনিষ্ঠদের নিয়ে ছোট করে সেলিব্রেশনও করা হয়। নাচ-গান, আনন্দ আর শুভেচ্ছায় ভরে ওঠে সেই মুহূর্ত।
গৌরীর ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল কম নয়। তিনি দীর্ঘদিন ধরেই আলোচনার বাইরে থাকতে পছন্দ করেন। আমিরের সঙ্গে সম্পর্কের খবর সামনে আসার পর থেকেই তিনি পাপারাৎজিদের নজরে পড়েন। কিন্তু সেই নজর যে সব সময় তাঁর পছন্দ নয়, তা আগের ঘটনাতেই বোঝা গিয়েছে। এ দিকে বিয়ের পর আর একটি প্রশ্ন ঘুরছে নানা মহলে যে, গৌরী কি কোনও ধর্মীয় পরিবর্তন করেছেন? যদিও এই বিষয়ে কোনও পক্ষ থেকেই কিছু জানানো হয়নি। ফলে বিষয়টি এখনও জল্পনার স্তরেই রয়েছে।
প্রসঙ্গত, বলিউডে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ নতুন নয়। তবে আমির খান ও গৌরী স্প্র্যাটের সম্পর্ক ও বিয়ে ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছে, তা অন্য মাত্রা পেয়েছে তাঁদের আচরণ ও নীরবতার কারণে। এক দিকে আমিরের সহজ স্বভাব, অন্য দিকে গৌরীর ব্যক্তিগত পরিসর রক্ষার চেষ্টা, এই দুইয়ের সমন্বয় নিয়েই আলোচনায় তাঁদের নতুন পর্ব এখন। বিয়ের পরবর্তী সময়ে গৌরী জনসমক্ষে আসবেন কি না, কিংবা এই সম্পর্ক নিয়ে তাঁরা আরও কিছু জানাবেন কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে অনুরাগী মহল। আপাতত, চুপিসারে শুরু হওয়া এই দাম্পত্য জীবনই এখন বলিউডের অন্যতম আলোচিত বিষয়।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Kajol on Aamir Khan joke, Lagaan 25 years celebration news | বিয়ের আগে আমিরকে মঞ্চেই খোঁচা কাজলের, ‘লগান’ ২৫ বছরে জমল তারকাদের আড্ডা




