সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : দীর্ঘ তাপপ্রবাহ আর অস্বস্তিকর গরমের পর অবশেষে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে দেশে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (Southwest Monsoon) আনুষ্ঠানিকভাবে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে। বৃহস্পতিবার কেরলে (Kerala) বর্ষার (Monsoon)আগমন নিশ্চিত করেছে ভারতীয় আবহাওয়া দফতর http://(India Meteorological Department)। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কেরলের পাশাপাশি আরব সাগরের (Arabian Sea) কিছু অংশ, লাক্ষাদ্বীপ (Lakshadweep), কর্নাটক (Karnataka), তামিলনাড়ু (Tamil Nadu) এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের (Bay of Bengal) একাংশেও মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে। গত কয়েক দিন ধরেই এই অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। আকাশে ঘন মেঘ, আর্দ্রতা বৃদ্ধি এবং বায়ুর গতিপ্রকৃতি বদলের মাধ্যমে বর্ষা প্রবেশের ইঙ্গিত মিলছিল আগেই। সাধারণত প্রতি বছর ১ জুন নাগাদ কেরলে বর্ষা ঢোকে। কিন্তু এবার নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে মৌসুমি বায়ুর আগমন ঘটল। আবহাওয়া দফতর আগে পূর্বাভাস দিয়েছিল যে মে মাসের শেষ সপ্তাহেই বর্ষা কেরলে পৌঁছতে পারে। তবে সমুদ্রের উপর বায়ুচাপ ও আবহাওয়ার পরিবর্তনের কারণে সেই সময়সীমা পিছিয়ে যায়। পরবর্তীতে ৪ জুনের মধ্যে বর্ষা ঢোকার যে সম্ভাবনার কথা জানানো হয়েছিল, তা বাস্তবে মিলেছে।
আবহবিদদের মতে, দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর ধীরে ধীরে জলীয়বাষ্প জমা হওয়া এবং বায়ুমণ্ডলের উপরের স্তরে শক্তিশালী পশ্চিমা বায়ুর উপস্থিতি বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি করেছে। গত দু’দিন ধরে কেরলে টানা বৃষ্টি হচ্ছে। আগামী কয়েক দিনেও এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। কেরলের এক বাসিন্দা বলেন, ‘গত কয়েক দিন ধরে আকাশের চেহারা বদলে যাচ্ছিল। আজ সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে।’ আরেকজনের কথায়, ‘গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম, বৃষ্টি আসায় কিছুটা স্বস্তি মিলেছে।’
এখন দেশের নজর উত্তর ও মধ্য ভারতের দিকে। কবে সেখানে পৌঁছবে বর্ষা? এই প্রশ্নই ঘুরছে সাধারণ মানুষের মনে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণ ভারতে বর্ষা ঢোকার পর ধাপে ধাপে তা দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। মৌসুমি বায়ুর অগ্রগতির গতি এবং আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর করে এর বিস্তার ঘটে। দিল্লি (Delhi) -সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় সাধারণত জুনের শেষ সপ্তাহে বর্ষা পৌঁছয়। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৭ জুনের আগে রাজধানীতে বর্ষা ঢোকার সম্ভাবনা কম। অন্যদিকে পঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana), উত্তরপ্রদেশ (Uttar Pradesh) এবং রাজস্থান (Rajasthan)-এর মতো রাজ্যগুলিতে বর্ষা সাধারণত জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে পৌঁছে। চলতি বছরে আবহাওয়ার পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই উত্তর ভারতে বর্ষা পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে কৃষিক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। বর্ষার জলের উপর নির্ভর করে দেশের একটি বড় অংশের চাষাবাদ। ফলে মৌসুমি বৃষ্টির সময়মতো আগমন কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বর্ষার অগ্রগতির দিকে নজর রাখা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে এই অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমবে এবং গরম থেকে স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে। আবহাওয়া দফতরের একজন আধিকারিক জানান, ‘মৌসুমি বায়ু এখন সক্রিয় রয়েছে এবং ধীরে ধীরে দেশের অন্যান্য অংশে অগ্রসর হবে।’ তিনি আরও বলেন, ‘পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে মধ্য ভারতের কিছু অংশেও বৃষ্টির পরিমাণ বাড়বে।’ উল্লেখ্য, বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ অপেক্ষা করছেন বর্ষার জন্য। তীব্র গরম, বিদ্যুতের চাহিদা বৃদ্ধি এবং জলসংকটের মতো সমস্যার মধ্যে বৃষ্টি স্বস্তির বার্তা নিয়ে আসে প্রতি বছর। সেই দিক থেকে এবারের বর্ষার আগমন অনেকটাই তাৎপর্যপূর্ণ। আগামী কয়েক দিন বর্ষার অগ্রগতির উপরই নির্ভর করবে দেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার ভবিষ্যৎ চিত্র। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ধাপে ধাপে গোটা দেশে ছড়িয়ে পড়বে মৌসুমি বায়ু এবং জুনের শেষের মধ্যে দেশের অধিকাংশ অংশই বৃষ্টির আওতায় চলে আসবে।
ছবি : প্রতীকী
আরও পড়ুন : Early monsoon Kerala 2026, El Nino impact monsoon | কেরলে ২৬ মে-ই বর্ষা ঢোকার সম্ভাবনা, এল নিনোর মাঝেও চমকপ্রদ পূর্বাভাস আইএমডি-র



