সাশ্রয় নিউজ ডেস্ক ★ রোম: ইতালির মাটিতে পা দিতেই উষ্ণ অভ্যর্থনা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁকে স্বাগত জানালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni)। রোমের ঐতিহাসিক কলোসিয়ামকে (Colosseum) পটভূমি করে দু’জনের একটি নিজস্বী ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই ছবিটি নিজের সমাজমাধ্যমে পোস্ট করে মেলোনি মোদীকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেছেন। এই এক শব্দেই দুই দেশের বর্তমান সম্পর্কের উষ্ণতার ইঙ্গিত মিলছে বলে মনে করা হচ্ছে।

পাঁচ দিনের বিদেশ সফরের শেষ পর্যায়ে এখন ইতালিতে রয়েছেন মোদী। এর আগে তিনি নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরশাহি (United Arab Emirates) সফর করেছেন। রোম সফর শেষ করেই তাঁর দেশে ফেরার কথা। এই সফরকে ঘিরে কূটনৈতিক মহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে, কারণ ইউরোপীয় ইউনিয়নের (European Union) সঙ্গে বাণিজ্যচুক্তির পর এটিই মোদীর প্রথম ইউরোপ সফর। রোমে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী নিজেও সমাজমাধ্যমে সফরের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি লেখেন, ‘ভারত-ইতালি সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েই এই সফর। বিশেষ করে ভারত-পশ্চিম এশিয়া-ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ হবে।’ এই করিডরকে কেন্দ্র করে ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য ও যোগাযোগের নতুন দিগন্ত খুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার রোমের ভিলা ডোরিয়া পামফিলিতে (Villa Doria Pamphili) নরেন্দ্র মোদী ও জর্জিয়া মেলোনির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। সেখানে দুই দেশের কৌশলগত অংশীদারি আরও গভীর করার বিষয়ে আলোচনা হবে। সূত্রের খবর, এই বৈঠকের শেষে একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ হতে পারে, যেখানে অর্থনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা এবং প্রযুক্তি, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার রূপরেখা তুলে ধরা হবে। দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও এই সফরের অন্যতম কেন্দ্রবিন্দু। ২০২৩ সালে ভারত ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১,৪০০ কোটি ইউরো। আগামী কয়েক বছরের মধ্যে এই অঙ্ককে ২,০০০ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য পূরণের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।
শুধু রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বৈঠক নয়, শিল্প ও বাণিজ্য ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর চেষ্টা চলছে। মোদী ও মেলোনি উভয়েই দুই দেশের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় এবং নতুন বাজার তৈরির মতো বিষয়গুলি গুরুত্ব পাবে। বিশেষ করে সামুদ্রিক পরিবহণ, কৃষি, উচ্চশিক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং আর্থিক অপরাধ দমন, এই ক্ষেত্রগুলিতে যৌথ উদ্যোগের সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতিও এই বৈঠকের আলোচ্যসূচীতে রয়েছে। পশ্চিম এশিয়া, ইউক্রেন সংঘাত এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে দুই দেশের অবস্থান ও সহযোগিতা নিয়েও আলোচনা হতে পারে। এই সব বিষয় বর্তমানে বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ফলে ভারত ও ইতালির মধ্যে সমন্বয় ভবিষ্যতের জন্য তাৎপর্যপূর্ণ হতে পারে। মেলোনির সঙ্গে বৈঠকের পাশাপাশি ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার (Sergio Mattarella) সঙ্গেও সাক্ষাৎ করেন কথা প্রধান মোদী। এই সাক্ষাৎকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়া রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থা ফাও (Food and Agriculture Organization) -এর সদর দফতর পরিদর্শন করবেন ভারতের প্রধানমন্ত্রী। খাদ্য নিরাপত্তা এবং কৃষি উন্নয়ন সংক্রান্ত বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরার সুযোগও তৈরি হবে এই সফরে।
রোম সফরের একটি গুরুত্বপূর্ণ দিক হল, এটি জি৭ (G7) শীর্ষ সম্মেলনের পর মোদীর প্রথম ইতালি সফর। ফলে আগের বৈঠকে যে বিষয়গুলি উঠে এসেছিল, সেগুলির অগ্রগতি পর্যালোচনা করাও এই সফরের অংশ হতে পারে। পাশাপাশি, ইউরোপীয় দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই সফরকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, মেলোনির করা সেই নিজস্বী পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে হাসিমুখে পাশাপাশি দাঁড়িয়ে দুই রাষ্ট্রনেতাকে দেখা যাচ্ছে। মেলোনির ক্যাপশনে ‘বন্ধু’ শব্দের ব্যবহার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা হিসেবে ধরা হচ্ছে। কূটনীতির কঠোরতার মধ্যেও এই ধরনের ব্যক্তিগত মুহূর্ত কখনও কখনও সম্পর্ককে আরও সহজ করে তোলে।
সার্বিক ভাবে দেখা যাচ্ছে, রোম সফর শুধু সৌজন্য সাক্ষাৎ বা আনুষ্ঠানিক বৈঠকের মধ্যে সীমাবদ্ধ নয়। বাণিজ্য, কৌশলগত সহযোগিতা, আন্তর্জাতিক রাজনীতি এবং শিল্পক্ষেত্র, বহুমুখী আলোচনার মধ্য দিয়ে ভারত-ইতালি সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। আগামী দিনে এই সফরের ফলাফল দুই দেশের সম্পর্কের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Narendra Modi Netherlands visit | নেদারল্যান্ডস সফরে মোদীর কূটনৈতিক সাফল্য, হাজার বছরের চোল তাম্রলিপি ফিরল ভারতে




