Park Circus Violence, Suvendu Adhikari | পার্ক সার্কাসে অশান্তির পর কড়া বার্তা শুভেন্দুর, ‘পাথর ছোড়া বন্ধ হবেই’, ৪০ গ্রেফতার

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা: পার্ক সার্কাসে সাম্প্রতিক অশান্তির পর আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি জানিয়ে দেন, আন্দোলনের নামে পুলিশের উপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, ‘কাশ্মীরে যেমন পুলিশকে পাথর ছোড়া বন্ধ হয়েছে, তেমনই কলকাতাতেও এই প্রবণতার শেষ হবে।’ ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ, যা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। উল্লেখ্য, রবিবার দুপুরে পার্ক সার্কাস চত্বরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজ্য সরকারের বুলডোজ়ার নীতির প্রতিবাদে কয়েকশো মানুষ রাস্তায় নামেন। বিক্ষোভকারীদের রাস্তা ছাড়ার নির্দেশ দিলে শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। অন্যদিকে পুলিশের অভিযোগ, আচমকা তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে ভাঙচুর চালানো হয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এই ঘটনার পরদিনই পার্ক সার্কাসে ডিসি অফিসে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং আহত পুলিশকর্মী ও সিআরপিএফ জওয়ানদের শারীরিক অবস্থার খোঁজ নেন। বাইরে বেরিয়ে তিনি বলেন, ‘আমি মুখ্যমন্ত্রী, পাশাপাশি পুলিশমন্ত্রীও। গতকাল পুলিশ যেভাবে পরিস্থিতি সামলেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। বড় কোনও অঘটন ঘটতে দেয়নি তারা।’

আরও পড়ুন : Narendra Modi Bengal speech | বেঙ্গালুরু থেকে বাংলার জয়ের গল্প শোনালেন নরেন্দ্র মোদী : ‘৩ থেকে ২০০+ বিধায়ক’, বিজেপির উত্থান ঘিরে রাজনৈতিক বার্তা

মুখ্যমন্ত্রীর কথায়, ‘যে কোনও রাজনৈতিক বা ধর্মীয় সংগঠন নিয়ম মেনে পুলিশকে জানিয়ে কর্মসূচি করতে পারে। কিন্তু মানুষের ভিড় জড়ো করে ধর্মীয় স্লোগান দেওয়া, তার পর পাথর ছোড়া, এগুলো চলবে না। কাশ্মীর, শ্রীনগরে এই ধরনের ঘটনা অনেকটাই কমেছে, আমার বিশ্বাস কলকাতাতেও বন্ধ হবে।’ তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। আহতদের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওঁদের সঙ্গে দেখা করতে এসেছি। কতটা আঘাত পেয়েছেন তা দেখেছি। আমাদের বাহিনী আইনশৃঙ্খলা বজায় রাখতে যে ভূমিকা নিয়েছে, তার পাশে দাঁড়াতেই এসেছি। আমি বলেছি, সরকার আপনাদের সঙ্গে আছে। ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita) অনুযায়ী নির্ভয়ে কাজ করুন।’

এর পরেই কড়া সুরে সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘আমি আবেদন করছি, এই ধরনের কাজ আর করবেন না। যদি কেউ মনে করেন আগের মতো পুলিশকে বেঁধে রাখা যাবে, তা হলে ভুল করবেন। পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, এই ধরনের অশান্তি ও দুষ্কৃতী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নেওয়া হবে। কোনও অ্যান্টি ন্যাশনাল বা অ্যান্টি সোশ্যাল কাজ চলতে দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘পুলিশের উপর যদি আবার হাত ওঠে, তা হলে আইন অনুযায়ী শেষ পর্যন্ত ব্যবস্থা নেওয়া হবে। শুধু গ্রেফতার নয়, দণ্ড নিশ্চিত করা পর্যন্ত প্রশাসন নজর রাখবে।’ একই সঙ্গে পুলিশকর্মীদের উদ্দেশ্যে তাঁর নির্দেশ, ‘প্রশিক্ষণে যা শেখানো হয়েছে, আইন যা বলে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা নির্দেশ দেবেন, সেই অনুযায়ী ভয়মুক্ত হয়ে কাজ করুন।’

পার্ক সার্কাসে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দেন, কোনও রাজনৈতিক দল বা ধর্মীয় পরিচয় না দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তাঁর কথায়, ‘অ্যাকশন নিতে গেলে যেন পাঁচ বার ভাবতে না হয়। আইন সবার জন্য সমান।’ অভিযুক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘এটাই শেষ ঘটনা হিসেবে ধরুন। এর পর এমন কিছু ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ পাশাপাশি পূর্বতন সরকারের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ‘আগে পুলিশের হাত-পা বাঁধা ছিল, এখন তারা স্বাধীনভাবে কাজ করছে।’ একই সঙ্গে সাধারণ মানুষের উদ্দেশে তিনি জানান, পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নির্দিষ্ট প্রক্রিয়ায় জানাতে হবে। ‘ওসি বা আইসি-র কাছে অভিযোগ জানান, প্রয়োজনে ডিসি বা লালবাজারে যোগাযোগ করুন। নবান্নেও জানাতে পারেন। কিন্তু হাতে পাথর তুলে নেওয়া কোনও সমাধান নয়।’

ঘটনার প্রেক্ষিতে শহরের নিরাপত্তা ও পুলিশি কাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগামী ছ’মাসের মধ্যে কলকাতা পুলিশকে আরও উন্নত স্তরে নিয়ে যাওয়া হবে। পার্ক সার্কাসের এই ঘটনার পর রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে সরকারের কড়া অবস্থান, অন্যদিকে নাগরিক আন্দোলনের প্রশ্ন, এই দুইয়ের টানাপোড়েন আগামী দিনে কী প্রভাব ফেলবে, তা নিয়ে নজর রয়েছে সকলের। তবে প্রশাসনের তরফে পরিষ্কার জানানো হয়েছে, আইন ভাঙার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Suvendu Adhikari Nandigram meeting | নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম বৈঠক, উন্নয়ন রূপরেখা ও উপনির্বাচন কৌশলে জোর

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন