WB Assembly Election High Voting Percentage | অনুব্রতর দাবিতে বাড়ল জল্পনা, প্রথম দফার ভোটে আত্মবিশ্বাসে তৃণমূল

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ বোলপুর: পশ্চিমবঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) প্রথম দফা ঘিরে ইতিমধ্যেই তীব্র রাজনৈতিক সুর তৈরি হয়েছে। ভোটদানের নজিরবিহীন হার ঘিরে শাসক ও বিরোধীদুই শিবিরেই আত্মবিশ্বাসের ঝলক দেখা যাচ্ছে। তবে সবচেয়ে চর্চায় উঠে এলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত ‘কেষ্ট’ মণ্ডল (Anubrata Mondal)। তাঁর কথায়, ‘আমার জীবনে ভাই এমন ভোট দেখি নাই! ৯৬-৯৭ শতাংশ পোল পড়ছে, মানে দিদির ফেভারেই আছে।’ নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দফায় বীরভূমে প্রায় ৯৩ শতাংশ ভোটদান হয়েছে। রাজ্যের অন্য জেলাগুলিতেও ৯০ শতাংশের আশপাশে ভোট পড়ার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। এই বিপুল অংশগ্রহণ ঘিরে রাজনৈতিক ব্যাখ্যা শুরু হয়েছে ইতিমধ্যেই। শাসকদলের তরফে দাবি, এই উচ্চ ভোটদানের হার তাদের পক্ষে যাবে। অন্যদিকে বিরোধী শিবিরও নিজেদের জয় নিয়ে সমানভাবে আশাবাদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভোটের হার নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এবার মানুষ নিজেরাই বুথে গিয়েছেন। এটা ভাল লক্ষণ।’ তাঁর মতে, ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তার জেরে বহু মানুষ এবার ভোট দেওয়ার বিষয়ে বেশি সচেতন হয়েছেন। ফলে বুথমুখী হয়েছেন বিপুল সংখ্যক ভোটার।

আরও পড়ুন : West Bengal voting percentage 2026, Bengal election turnout phase 1 | রেকর্ড ছুঁতে চলেছে বাংলা! বিকেল ৫টার আগেই ৮৯.৯৩% ভোট, প্রথম দফাতেই ছাপিয়ে গেল আগের সব রেকর্ড

একই সময়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেছেন, ‘১৫২ আসনের মধ্যে ১২৫-এর নিচে নামার জায়গা নেই।’ অর্থাৎ বিজেপির পক্ষ থেকেও প্রথম দফার ফল নিয়ে প্রবল আত্মবিশ্বাসের সুর শোনা যাচ্ছে। ফলে ভোটদানের এই অস্বাভাবিক উঁচু হার কোন শিবিরের পক্ষে যাবে, তা নিয়ে রাজনৈতিক মহলে তর্ক তুঙ্গে। এই প্রেক্ষাপটে অনুব্রত মণ্ডলের মন্তব্য বিশেষ গুরুত্ব পাচ্ছে। বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বলেন, ‘১৫২টা আসনে ভোট হল তো? আমি প্রথমে বলেছিলাম ১৩০টা পাবে তৃণমূল। এখন দেখছি বিজেপি ১৫-২০টা পাবে কি না সন্দেহ।’ তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বীরভূমে ছিটেফোঁটা অশান্তির ঘটনা ঘটলেও, সেগুলিকে গুরুত্ব দিতে নারাজ অনুব্রত। তাঁর দাবি, ‘এগুলো কোনও বড় গন্ডগোল নয়। মানুষ ঝাঁপিয়ে পড়ে ভোট দিয়েছে।’ তিনি আরও জানান, আগের নির্বাচনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বুথে আসার অনুরোধ করতে হত। এমনকী টোটো করে ভোটারদের নিয়ে আসার ব্যবস্থাও করতে হত। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, মানুষ নিজেরাই উৎসাহ নিয়ে ভোট দিতে বেরিয়েছেন।

অনুব্রতর বক্তব্যে উঠে এসেছে আবেগের সুরও। তিনি বলেন, ‘এসআইআরে মানুষ খুব কষ্ট পেয়েছে। বিডিও অফিসে লাইনে দাঁড়াতে হয়েছে, অনেক ভোগান্তি হয়েছে। সেই কষ্ট থেকেই মানুষ ভোট দিতে বেরিয়েছে।’ তাঁর দাবি, এই অভিজ্ঞতা ভোটারদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে, যা ভোটদানের হারে প্রতিফলিত হয়েছে। উল্লেখ্য, প্রথম দফার ভোটে রাজ্যের একাধিক জেলায় ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে, যা অতীতের বহু রেকর্ডকে ছাপিয়ে গেছে। ২০১১ সালের নির্বাচনে যেখানে সর্বোচ্চ ভোটদানের হার ছিল ৮৪ শতাংশের কিছু বেশি, সেখানে এবার প্রথম দফাতেই সেই সীমা অনেকটাই অতিক্রম করেছে। ফলে এই নির্বাচনের ফলাফল যে বিশেষ গুরুত্ব বহন করবে, তা বলাই যায়। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, উচ্চ ভোটদানের হার সাধারণত পরিবর্তনের ইঙ্গিত দেয়, এমন ধারণা বহুদিন ধরেই প্রচলিত। তবে এক্ষেত্রে শাসকদল দাবি করছে, সরকারের বিভিন্ন প্রকল্প এবং সংগঠনের শক্ত ভিত্তির কারণেই ভোটাররা তাদের সমর্থনে বুথে গিয়েছেন। অন্যদিকে বিরোধীদের মতে, এই বিপুল ভোটদানের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষাই কাজ করছে।বীরভূমের নেতা অনুব্রত মণ্ডলের মন্তব্যে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’-এর উল্লেখও নতুন করে আলোচনায় এসেছে। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। যে ভাবে থাবা মারতে হয়, সে ভাবেই মেরেছি।’ তাঁর এই রূপক বক্তব্য রাজনৈতিক বার্তাকেই আরও তীব্র করেছে।

প্রথম দফার ভোট শেষ হলেও, এখনই চূড়ান্ত ফল নিয়ে সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। আগামী দফাটির ভোট এবং সামগ্রিক প্রবণতা অনেকটাই নির্ধারণ করবে শেষ ফলাফল। তবে এটুকু নিশ্চিত, প্রথম দফার ভোটে যে বিপুল অংশগ্রহণ দেখা গিয়েছে, তা পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে।ভোটারদের এই সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করেছে বলেই মত অনেকের। এখন নজর দ্বিতীয় দফা এবং তার পরবর্তী পর্যায়গুলির দিকে, একই ধারা বজায় থাকে কি না, সেটাই দেখার।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : WB Phase 1 Voting 2026, Bengal Election Turnout | প্রথম দফার ভোটে রেকর্ড গতি! সকাল থেকে বিকেল, বাংলাজুড়ে উচ্চ উপস্থিতি, ১৫২ আসনে ভোটের উত্তাপ

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন