সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ (WB Elections 2026) -এর আগে রাজনৈতিক অঙ্গনে বড় চমক। বহু জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিলেন ভারতের প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)। মঙ্গলবার দুপুরে নতুন দিল্লিতে বিজেপির সদর দফতরে উপস্থিত হয়ে তিনি পদ্ম পতাকা হাতে তুলে নেন। তাঁর এই যোগদানকে ঘিরে জাতীয় এবং রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। দিল্লির অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি পশ্চিমবঙ্গ বিজেপির প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। লিয়েন্ডারকে পাশে বসিয়ে তাঁকে স্বাগত জানিয়ে সুকান্ত বলেন, ‘লিয়েন্ডার পেজ পশ্চিমবঙ্গের গর্ব। তাঁর মতো একজন ক্রীড়াবিদের যোগদান বিজেপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্ত।’ তিনি আরও উল্লেখ করেন, ‘বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে তাঁর গভীর সংযোগ রয়েছে, এবং তাঁর কৃতিত্ব বহু প্রজন্মকে প্রভাবিত করেছে।’
রাজনৈতিক মহলে আগে থেকেই আলোচনা চলছিল যে লিয়েন্ডারের বিজেপিতে যোগদান প্রায় নিশ্চিত। সূত্রের খবর, কলকাতার নিউ টাউন (New Town) -এর একটি হোটেলে প্রায় এক সপ্তাহ আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল, যেখানে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ওই বৈঠকেই মূলত সিদ্ধান্ত পাকা হয় বলে জানা যাচ্ছে। পরে দিল্লিতে গিয়ে সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিক রূপ পেল। এই প্রসঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, নির্বাচনের আগে এই ধরনের উচ্চপ্রোফাইল যোগদান বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করতে পারে। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, ‘আগামী নির্বাচনে লিয়েন্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাঁর উপস্থিতি ভোটের ময়দানে ইতিবাচক প্রভাব ফেলবে।’ তিনি আরও দাবি করেন, ‘রাজ্যে রাজনৈতিক হাওয়া বদলাচ্ছে, এবং এই যোগদান সেই পরিবর্তনেরই ইঙ্গিত।’
বিজেপিতে যোগ দেওয়ার পর নিজের বক্তব্যে লিয়েন্ডার পেজ (Leander Paes) জানান, ‘আজ আমার জীবনের একটি নতুন চ্যাপ্টার শুরু হল। দীর্ঘ চার দশক আমি দেশের হয়ে খেলেছি। এখন অন্যভাবে দেশের সেবা করার সুযোগ পেলাম।’ তিনি আরও বলেন, ‘এই নতুন যাত্রা আমার কাছে আরেকটি বড় ম্যাচের মতো, যেখানে আমি সর্বোচ্চ দিয়ে খেলতে চাই।’ নিজের ক্রীড়া জীবনের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি দেশের ক্রীড়া পরিকাঠামোর দিকেও নজর আকর্ষণ করেন। লিয়েন্ডার বলেন, ‘আমি যখন খেলা শুরু করি, তখন পশ্চিমবঙ্গে টেনিসের তেমন সুবিধা ছিল না। এখনও দেশে পর্যাপ্ত ইনডোর টেনিস কোর্ট নেই। যদিও পরিস্থিতির উন্নতি হয়েছে, তবুও আরও উন্নয়নের প্রয়োজন রয়েছে।’ তাঁর মতে, ক্রীড়া ক্ষেত্রের বিকাশ দেশের যুব সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, রাজনীতিতে লিয়েন্ডার পেজ একেবারে নতুন নন। ২০২১ সালের নভেম্বরে তিনি তৃণমূল কংগ্রেসে (All India Trinamool Congress বা TMC) যোগ দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) -এর হাত ধরে। ২০২২ সালের গোয়া বিধানসভা নির্বাচনের আগে সেই যোগদান হয়েছিল। যদিও তৃণমূলের হয়ে সক্রিয় রাজনৈতিক ভূমিকায় তাঁকে তেমন দেখা যায়নি। এবার বিজেপিতে তাঁর যোগদান নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস (TMC) সমাজমাধ্যমে কটাক্ষ করে লিখেছে, ‘লিয়েন্ডার পেজ বিজেপিতে যোগ দিলেন, অভিনন্দন। অবশেষে গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে খুঁজে পেলেন আপনারা। পশ্চিমবঙ্গে আরও একজন বহিরাগতকে নিয়ে এল বিজেপি।’ এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
অন্যদিকে বিজেপি শিবিরে এই যোগদানকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। দলের একাংশ মনে করছে, ক্রীড়াক্ষেত্রে দেশের প্রতিনিধিত্ব করা একজন পরিচিত মুখ রাজনৈতিক ময়দানে এলে সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়তে পারে। বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, নিউ টাউনের হোটেলে হওয়া সেই গোপন বৈঠক এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে। সূত্রের খবর, প্রায় আট মাস আগে থেকেই দিল্লিতে বিজেপির সঙ্গে তাঁর যোগাযোগ শুরু হয়েছিল। ধাপে ধাপে আলোচনা এগিয়ে যাওয়ার পর অবশেষে এই সিদ্ধান্তে পৌঁছনো হয়। পশ্চমবঙ্গে বিধানসভা ভোটের ( WB Elections 2026) আগে এই ঘটনা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ক্রীড়া জগতের একটি উজ্জ্বল নাম রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করলেন, যা আগামী দিনে কী প্রভাব ফেলবে, তা দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : WB Elections 2026, Voting Holiday | ভোটের দিনে বেতনসহ ছুটি বাধ্যতামূলক, নির্দেশ জারি রাজ্যের



