সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : কলকাতার রাজনীতিতে নতুন জল্পনা ছড়াল মঙ্গলবার রাতে। প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes) কী এবার সক্রিয় রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন? সূত্র মারফত জানা খবর, তিনি নাকি বিজেপি’তে (BJP) যোগদানের বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিয়েছেন। নিউ টাউনের একটি বিলাসবহুল হোটেলে এই বৈঠক ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, ওই হোটেলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মুখোমুখি বৈঠক করেন লিয়েন্ডার পেজ। সেখানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেও জানা গিয়েছে। যদিও এই সাক্ষাৎ নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। ফলে জল্পনা আরও ঘনীভূত হয়েছে।
আরও পড়ুন : MS Dhoni fitness tips | ‘তরুণরা পরিশ্রম করছে না, তাই চোট বাড়ছে’ মহেন্দ্র সিং ধোনি
আরও পড়ুন : Suvendu Adhikari 177 seats | ভোটের আগেই অঙ্ক কষে বিজেপির আসন ভবিষ্যদ্বাণী করলেন শুভেন্দু অধিকারী
নিউ টাউনের যে হোটেলে কেন্দ্রীয় নেতৃত্ব অবস্থান করছিলেন, সেখানে সন্ধ্যার পরেই পৌঁছন লিয়েন্ডার পেজ। হোটেলের লবিতে তাঁকে বেশ কিছু বিজেপি নেতার সঙ্গে আলোচনা করতে দেখা যায়। উপস্থিত নেতাদের অধিকাংশই ভিন্ রাজ্যের বলে জানা যাচ্ছে। বৈঠকটি আনুষ্ঠানিক না অনানুষ্ঠানিক, সে বিষয়ে এখনও ধোঁয়াশা থাকলেও ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দলীয় সূত্রে দাবি, প্রায় আট মাস আগেই দিল্লিতে বিজেপির সঙ্গে প্রাথমিক যোগাযোগ স্থাপন করেছিলেন লিয়েন্ডার পেজ। সেই সূত্রেই ধাপে ধাপে এগিয়েছে আলোচনা। যদিও এই দাবি সম্পর্কে কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি। উল্লেখ্য, গত বছরের ৮ নভেম্বর তিনি বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন-এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। টেনিস প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসার কিছুদিনের মধ্যেই তাঁর এই রাজনৈতিক যোগাযোগের খবর অনেককেই বিস্মিত করেছে। টেনিস মহলের অনেকেই মনে করছেন, জাতীয় স্তরে আরও বড় ভূমিকা নেওয়ার লক্ষ্যেই হয়তো তিনি নতুন পথ খুঁজছেন। এমনও শোনা যাচ্ছে, লিয়েন্ডার পেজ অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের শীর্ষপদে বসার আগ্রহ দেখাতে পারেন। সেই লক্ষ্যে রাজনৈতিক সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও অনেকের ধারণা। যদিও এই বিষয়ে তাঁর তরফে কোনও মন্তব্য এখনও সামনে আসেনি।
রাজনৈতিক দিক থেকে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ, কারণ ২০২১ সালের ২১ নভেম্বর গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়-এর হাত ধরে তৃণমূল কংগ্রেস-এ যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ। সেই সময় এই যোগদানের পিছনে নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর-এর উদ্যোগ ছিল বলে রাজনৈতিক মহলে আলোচিত হয়। তবে তৃণমূলের হয়ে তাঁকে সক্রিয় ভূমিকায় খুব একটা দেখা যায়নি। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি রাজনৈতিক অবস্থান বদলের পথে হাঁটছেন তিনি? বিজেপিতে যোগ দিলে তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, তা নিয়েও শুরু হয়েছে বিশ্লেষণ। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ হিসেবে লিয়েন্ডার পেজ-এর জনপ্রিয়তা বিজেপির পক্ষে ইতিবাচক হতে পারে। বিশেষ করে শহুরে এবং তরুণ ভোটারদের কাছে তাঁর পরিচিতি কাজে লাগাতে চাইতে পারে দল। অন্যদিকে, কেউ কেউ মনে করছেন, এটি শুধুই প্রাথমিক আলোচনা, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হবে তা এখনও নির্ভর করছে একাধিক সমীকরণের উপর।
এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই প্রশ্ন তুলছেন, ক্রীড়া জগত থেকে রাজনীতিতে প্রবেশের এই ধারা কতটা কার্যকর হতে পারে। আবার কেউ বলছেন, ব্যক্তিগত ক্যারিয়ারের পরবর্তী ধাপে নতুন দিশা খোঁজার প্রয়াস হিসেবেই দেখা উচিত এই ঘটনাকে। যদিও এখনও পর্যন্ত কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তবু নিউ টাউনের ওই রাতের বৈঠক যে রাজ্যের রাজনৈতিক অঙ্কে নতুন মাত্রা যোগ করেছে, তা বলাই যায়। আগামী দিনে লিয়েন্ডার পেজ-এর পদক্ষেপের দিকেই নজর থাকবে রাজনৈতিক মহল থেকে ক্রীড়া জগৎ, সকলের।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Rajanya Haldar Sonarpur, Niamal Nasir Raninagar Independent candidate | সোনারপুরে নির্দল লড়াইয়ে রাজন্যা, রানিনগরে কবি নিয়ামাল নাসির, বিধানসভা ভোটে নতুন সমীকরণে তৃণমূলকে চ্যালেঞ্জ




