West Bengal drug seizure | খড়্গপুরে সুটকেস ভর্তি গাঁজা, সাগরদিঘিতে ৬৭ কেজি উদ্ধার, ভোটের আগে কড়া অভিযান

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। নগদ অর্থ ও মাদক পাচার রুখতে একাধিক জেলায় চলছে তল্লাশি। সেই তৎপরতার মাঝেই পশ্চিমবঙ্গের দুই প্রান্তে পরপর সাফল্য পেল পুলিশ। একদিকে খড়গপুর রেলওয়ে স্টেশনে (Kharagpur Railway Station) সুটকেস ও ব্যাগ ভর্তি গাঁজা-সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে, অন্যদিকে মুর্শিদাবাদের সাগরদিঘিতে (Sagardighi) উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক। পাশাপাশি আরও এক ঘটনায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের মহলে। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে খড়্গপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে রুটিন তল্লাশির সময় সন্দেহজনক আচরণ নজরে আসে রেল পুলিশের। রেল পুলিশের -এর কর্মীরা জিজ্ঞাসাবাদ শুরু করতেই ধরা পড়ে আসল ঘটনা। অভিযুক্ত যুবকের নাম আশিস কুমার বয়স মাত্র ১৯। তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, যা ব্যাগ ও সুটকেসে ভরে রাখা ছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বিহারের বাসিন্দা। তিনি ওড়িশা থেকে ট্রেনে উঠে টাটা নগর -এর উদ্দেশ্যে যাচ্ছিলেন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই মাদক ঝাড়খণ্ডে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। জিআরপি আধিকারিক মিতুন দে (Mitun De) জানান, ‘দুপুর দেড়টা নাগাদ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় সন্দেহ হয়, তল্লাশিতেই বেরিয়ে আসে গাঁজা।’ ধৃতকে এদিন আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে, আরও বড় সাফল্য মিলেছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে। সোমবার গভীর রাতে রাজ্য পুলিশের নাকা তল্লাশির সময় একটি গাড়ি আটকায়। ঘটনাস্থল মরাংরাম সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক। গাড়ির কেবিনে তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রায় ৬৭ কেজি গাঁজা লুকিয়ে রাখা হয়েছিল সেখানে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। ধৃতদের নাম গোবিন্দ সরকার (Gobinda Sarkar) এবং অধীর মণ্ডল (Adhir Mondal)। প্রথমজনের বাড়ি চাকুলিয়াতে এবং দ্বিতীয়জনের বাড়ি হিলি এলাকায়। জেরায় উঠে এসেছে, উত্তর-পূর্ব ভারত থেকে মাদক এনে কলকাতায় পাচারের পরিকল্পনা ছিল। পুলিশ সূত্রে খবর, সবচেয়ে চমকপ্রদ বিষয়, এই পাচারচক্র পুলিশের চোখ এড়াতে অভিনব কৌশল নিয়েছিল। গাড়ির গায়ে লাগানো হয়েছিল ডাক বিভাগের স্টিকার, আর বস্তার উপর দেওয়া হয়েছিল জাল সরকারি সিল ও ট্যাগ। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যেন সাধারণ পার্সেল ভ্যান। কিন্তু ভিতরে লুকিয়ে ছিল নিষিদ্ধ মাদক। পুলিশ জানায়, ‘বাইরে থেকে বোঝার কোনও উপায় ছিল না, যে চিঠিপত্রের বদলে মাদক পাচার হচ্ছে।’

এই ঘটনার সঙ্গে যুক্ত আরও কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা একটি বড় নেটওয়ার্ক এর সঙ্গে যুক্ত থাকতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গের শাহেবগঞ্জ থানার পুলিশও আলাদা এক অভিযানে সাফল্য পেয়েছে। সোমবার রাতে আবুতারা স্টেশন সংলগ্ন খারিজা বানিয়াদহ এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম অজয় দেবনাথ (Ajay Debnath)। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু হয়েছে।

নির্বাচনের আগে এই ধারাবাহিক উদ্ধার অভিযানে পরিষ্কার, প্রশাসন কোনও ঝুঁকি নিতে চাইছে না। ভোটের সময় বেআইনি অর্থ বা মাদক ব্যবহারের অভিযোগ বহুবার সামনে এসেছে। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার আগেভাগে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক পুলিশ আধিকারিক জানান, ‘রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। রেলস্টেশন, জাতীয় সড়ক, সীমান্ত এলাকা, সর্বত্র তল্লাশি চলছে।’ এই ধরনের অভিযানে আরও সাফল্য আসতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, এই ধরনের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়ায়। একই সঙ্গে বেআইনি কাজের সঙ্গে যুক্তদের জন্য কড়া বার্তা যায়।

রাজনৈতিক পরিস্থিতি যত উত্তপ্ত হচ্ছে, ততই প্রশাসনের নজরদারি বাড়ছে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ-প্রশাসন একযোগে কাজ করছে। খড়্গপুর থেকে সাগরদিঘি, দুই প্রান্তে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এবং আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতারির ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত এগোলে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : TMC Candidate List 2026: ৫২ মহিলা, নবীন-প্রবীণের মেলবন্ধন, প্রার্থী তালিকায় বড় চমক মমতা-অভিষেকের

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন