সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ক্রিকেট মাঠে তাঁর বোলিংয়ে ব্যাটাররা প্রায়ই দিশেহারা হয়ে যান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বিধ্বংসী স্পেল করে ভারতকে চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম নায়ক ছিলেন তিনি। কিন্তু মাঠের সেই কঠোর এবং নির্ভুল বোলার ঘরের ময়দানে যে অনেকটাই নরম এবং নিরুত্তর হয়ে যান, তারই এক মজার ঝলক দেখা গেল সম্প্রতি। ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরাহ -এর (Jasprit Bumrah) পঞ্চম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে একটি সংক্ষিপ্ত পোস্ট ঘিরে তৈরি হয়েছে মজার আলোচনা। তাঁর দুই শব্দের বার্তার উত্তরে স্ত্রী সঞ্জনা গনেশন (Sanjana Ganesan) যে রসিক জবাব দিয়েছেন, তা ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল। গত রবিবার ছিল বুমরাহ ও সঞ্জনা গণেশনের বিবাহবার্ষিকী। ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই ক্রিকেটার ও ক্রীড়া সঞ্চালক। পাঁচ বছরের দাম্পত্য জীবন পূর্ণ হওয়ার উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন বুমরাহ। সেখানে সঞ্জনার সঙ্গে একটি ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন মাত্র দুটি শব্দ, ‘শুভ বিবাহবার্ষিকী’। সংক্ষিপ্ত অথচ আবেগপূর্ণ সেই পোস্টেই স্ত্রী সঞ্জনা মজার ছলে পাল্টা মন্তব্য করেন।

আরও পড়ুন : Jasprit Bumrah ICC ranking | টেষ্ট বোলার ক্রমতালিকায় শীর্ষে বুমরাহ, এক নম্বর জায়গা হারানোর আশঙ্কা
আরও পড়ুন : মোবাইল রিচার্জের দাম ঊর্ধ্বমুখী: ভারতে বাড়ছে ডিজিটাল খরচের চাপ, বিপাকে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার
সঞ্জনার সেই মন্তব্যে ছিল চারটি শব্দ, যা পড়ে অনেকেই হাসিতে ফেটে পড়েছেন। তিনি লিখেছেন, ‘কিডনি ছুঁয়ে গেল বন্ধু।’ সাধারণত কেউ আবেগঘন কিছু বললে বলা হয় ‘মন ছুঁয়ে গেল’। কিন্তু সঞ্জনা সেখানে ‘মন’-এর পরিবর্তে ‘কিডনি’ শব্দ ব্যবহার করে মজার মোড় দিয়েছেন। নেটিজেনদের অনেকেই এই মন্তব্যকে দম্পতির রসিকতার নিদর্শন হিসেবে দেখছেন। সঞ্জনা নিজেও সামাজিক মাধ্যমে বুমরাহের সঙ্গে একটি ছবি পোস্ট করে দীর্ঘ আবেগঘন বার্তা লিখেছেন। সেখানে তিনি বলেন, ‘জীবন আমাদের যেখানেই নিয়ে যাক না কেন, মানুষ যতই সমালোচনা করুক, একটা বিষয় কখনও বদলাবে না, তুমি, আমি আর আমাদের ভালবাসা।’ নিজের পোস্টে তিনি আরও লেখেন, ‘আমার সবচেয়ে ভালো বন্ধুকে বিয়ে করার পাঁচ বছর পূর্ণ হল। আমার জীবনের সবচেয়ে প্রিয় গল্পগুলোর একটি এই সম্পর্ক।’ এই আবেগঘন পোস্টের জবাবে অবশ্য বুমরাহ আর কিছু লেখেননি। অনেকেই মজা করে বলছেন, মাঠে যতই দুর্ধর্ষ বোলার হন না কেন, ঘরের ‘ম্যাচে’ যেন স্ত্রীই শেষ কথা বলেন।
এদিকে ক্রিকেট মাঠে বুমরাহর সাম্প্রতিক সাফল্য তাঁকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটের আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে তাঁর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো টুর্নামেন্টে তিনি অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছেন। আটটি ম্যাচে তিনি মোট ১৪টি উইকেট নিয়েছেন, যা তাঁকে প্রতিযোগিতার অন্যতম সফল বোলার করে তুলেছে। বিশেষ করে ফাইনাল ম্যাচে তাঁর বোলিং ছিল ম্যাচ নির্ধারণকারী। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে চারটি উইকেট নিয়ে তিনি প্রতিপক্ষের ব্যাটিং লাইন-আপ ভেঙে দেন। তাঁর সেই স্পেলই ভারতকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয়। একই সংখ্যক উইকেট নিয়েছিলেন রহস্য স্পিনার Varun Chakravarthy-ও। তবে গড় এবং ইকোনমি রেটের বিচারে বুমরাহ ছিলেন অনেক এগিয়ে। শুধু ফাইনাল নয়, সেমিফাইনাল ম্যাচেও তাঁর বোলিং ভারতের জয়ে বড় ভূমিকা নিয়েছিল। টানটান উত্তেজনার ম্যাচে তিনি অত্যন্ত কৃপণ বোলিং করেন এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নেন। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, চাপের মুহূর্তে শান্ত থেকে পরিকল্পিত বোলিং করার ক্ষমতাই বুমরাহকে বিশ্বের সেরা পেসারদের মধ্যে অন্যতম করে তুলেছে।
দলের সতীর্থরাও তাঁর এই পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ। বিশ্বকাপের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত Sanju Samson বলেন, ‘বুমরাহর মতো বোলার খুব কমই জন্মায়। তিনি সত্যিই লাখে একজন।’ ভারতীয় দলের অধিনায়ক Suryakumar Yadav আরও এক ধাপ এগিয়ে গিয়ে তাঁকে ‘জাতীয় সম্পদ’ বলেও উল্লেখ করেছেন। তাঁর মতে, ‘বুমরাহ শুধু একজন বোলার নন, তিনি দলের বড় শক্তি।’ বিশ্বকাপ জয়ের পর আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের কোনও ম্যাচসূচী নেই। ফলে খেলোয়াড়রা কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন। তবে খুব বেশি দিন বিশ্রাম মিলবে না বুমরাহর। কারণ আর মাত্র দু’সপ্তাহ পরেই শুরু হতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট Indian Premier League। সেখানে আবার মাঠে নামবেন তিনি।
আইপিএলে বুমরাহ খেলেন Mumbai Indians দলের হয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র হিসেবেই তাঁকে দেখা হয়। বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের পর আইপিএলেও তাঁর কাছ থেকে বড় প্রত্যাশা থাকবে দলের সমর্থকদের। প্রসঙ্গত, ক্রিকেট মাঠে অসাধারণ সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আনন্দের মুহূর্ত কাটাচ্ছেন জসপ্রীত বুমরাহ। বিশ্বকাপ জয়ের গৌরব, বিবাহবার্ষিকীর মধুর স্মৃতি এবং সামনে আইপিএলের চ্যালেঞ্জ,সব মিলিয়ে তাঁর জীবন যেন এখন নতুন ছন্দে এগিয়ে চলেছে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Jasprit Bumrah, Sanjana Ganesan | প্রথমে এড়িয়ে গিয়েছিলেন, পরে হলেন জীবনসঙ্গিনী, জানেন বুমরাহ ও সঞ্জনার প্রেমের গল্প?




