প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : দেশ জুড়ে যখন ক্রিকেটপ্রেমীদের নজর ছিল টি- টোয়েন্টি বিশ্বকাপ -এর গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে, তখনই মুম্বইয়ে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সচিন তেন্ডুলকর- (Sachin Tendulkar) -এর পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। দীর্ঘদিনের বন্ধু সানিয়া চন্দোক (Sania Chandok) -এর সঙ্গে বিবাহবন্ধনে তিনি আবদ্ধ হলেন। পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় এই বিশেষ অনুষ্ঠান। বিয়ের পর প্রকাশ্যে আসে নবদম্পতির একাধিক ছবি, যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিয়ের সাজের দিক থেকেও আলাদা নজর কেড়েছেন সচিনের পুত্রবধূ। সাম্প্রতিক সময়ে বলিউডের বহু কনের মধ্যে যেখানে প্যাস্টেল রঙের লেহঙ্গা বা ভারী গাউন জনপ্রিয়, সেখানে সানিয়া বেছে নিয়েছেন একেবারে ঐতিহ্যবাহী লাল শাড়ি। বিয়ের দিনে লেহঙ্গা না পরে শাড়িতে নিজেকে সাজানোর সিদ্ধান্ত অনেকের কাছেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
সানিয়ার পরনে ছিল লাল রঙের জমকালো সিল্কের শাড়ি। শাড়ির গা জুড়ে ছিল সূক্ষ্ম চুমকি এবং পাথরের কারুকাজ। পাড়ে ছিল প্রশস্ত ও ভারী নকশার কাজ, যা গোটা পোশাককে রাজকীয় মাত্রা দিয়েছে। তবে শাড়ি পরার ধরনে অতিরিক্ত কৃত্রিমতা ছিল না, একেবারে সাবেকি এবং স্বাভাবিক ভঙ্গিতেই নিজেকে সানিয়া উপস্থাপন করেছেন। শুধু শাড়িই নয়, ব্লাউজ়ের নকশাতেও ছিল নজরকাড়া সূক্ষ্মতা। রূপালি জড়ির কাজ করা ব্লাউজ়ে ছিল জমকালো ডিজ়াইন। হাতা ও কোমরের অংশে মুক্তোর ঝালর ব্লাউজ়টিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে সাজের ক্ষেত্রে অতিরিক্ত চাকচিক্য নয়, বরং পরিমিতির মধ্যেই সৌন্দর্য তুলে ধরেছেন সানিয়া।
সানিয়ার গয়নাতেও ছিল বিশেষ নজর। কনের গলায় দেখা গিয়েছে হিরে ও পান্নার তৈরি চওড়া নেকপিস। কানের দুলে আয়তকার পান্নার চারপাশে বসানো ছিল উজ্জ্বল হিরে। মাথায় ছিল হিরের টিকলি, যা পুরো সাজকে সম্পূর্ণ করেছে। হাতে ঐতিহ্য মেনে লাল ও সবুজ চুড়ি পরেছিলেন তিনি। খোলা চুল এবং হালকা মেকআপেই স্নিগ্ধ রূপে ধরা দেন নববধূ। লক্ষণীয় বিষয়, কনের সাজে মাথার ওড়না বা ঘোমটা দেখা যায়নি, যা সাম্প্রতিক কনের সাজে একটি নতুন প্রবণতা হিসেবেই দেখা হচ্ছে। নববধূর সঙ্গে রংমিলিয়ে পোশাক পরেছিলেন বর অর্জুনও। তাঁর পরনে ছিল লাল রঙের ঐতিহ্যবাহী পোশাক। একরঙা লাল কুর্তার উপর পরেছিলেন হাঁটুজুল লাল জ্যাকেট, যার গা জুড়ে ছিল রূপালি জড়ির সূক্ষ্ম কারুকাজ। জারদৌসি ও রেশমের ফুলেল নকশা পোশাকটিকে আরও সমৃদ্ধ করেছে। এর সঙ্গে তিনি পরেছিলেন হলদেটে সাদা রঙের স্ট্রেট কাট ট্রাউজ়ার্স। বর–কনের এই রংমিলান্তি সাজ অনেকের নজর কেড়েছে।
ছেলের বিয়েতে বিশেষ নজর কেড়েছেন কিংবদন্তীন ক্রিকেটার সচিন তেন্ডুলকরও। অনুষ্ঠানে তাঁর পরনে ছিল সাদা রঙের শেরওয়ানি। শেরওয়ানির গা জুড়ে সোনালি ও রূপালি চুমকির সূক্ষ্ম নকশা ছিল, যা তাঁর উপস্থিতিকে আরও আভিজাত্যময় করে তুলেছে। অন্যদিকে, সচিনের স্ত্রী অঞ্জলি (Anjali Tendulkar) -এর সাজও ছিল নজরকাড়া। তিনি পরেছিলেন উজ্জ্বল গোলাপি রঙের বন্ধেজ শাড়ি। শাড়ির চওড়া পাড়ে ছিল গোটাপট্টি ও চুমকির ভারী নকশা। সঙ্গে কুন্দনের গয়না তাঁর সাজকে আরও উজ্জ্বল করেছে। এই বিশেষ দিনে পরিবারের আরেক সদস্য সারা তেন্ডুলকর (Sara Tendulkar) -এর সাজও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভাইয়ের বিয়েতে তিনি পরেছিলেন হালকা গোলাপি রঙের সিল্কের শাড়ি। শাড়ির পাড়ে গোটাপট্টির সূক্ষ্ম কাজ ছিল। সঙ্গে কুন্দনের গয়না এবং পরিমিত মেকআপে তিনি ক্যামেরার সামনে ধরা দেন। ভারী শাড়ি ও গয়না পরেও তাঁর উপস্থিতি ছিল অত্যন্ত মার্জিত ও পরিশীলিত।
সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসা ছবিগুলি দেখে ভক্তরা ইতিমধ্যেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নবদম্পতিকে। অনেকেই মন্তব্য করেছেন, ঐতিহ্যবাহী সাজে এই বিয়ে যেন ভারতীয় সংস্কৃতির সৌন্দর্যকে নতুন করে তুলে ধরেছে। উল্লেখ্য, ক্রিকেটপ্রেমীদের কাছে সচিন তেন্ডুলকর শুধু একজন কিংবদন্তী ব্যাটসম্যানই নন, তিনি একটি আবেগের নাম। সেই কারণেই তাঁর পরিবারের যে কোনও অনুষ্ঠান বা খবর দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ছেলের বিয়ের এই ছবি এবং সাজসজ্জা নিয়েও এখন সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। কিন্তু ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে এই বিয়ের আয়োজন ছিল অনন্য। বিশেষ করে কনের লাল শাড়ির সাজ অনেকের কাছে নতুন অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। কারণ বর্তমান সময়ে যেখানে আধুনিকতার ঢেউয়ে অনেকেই ঐতিহ্য থেকে সরে যাচ্ছেন, সেখানে সানিয়ার এই সাজ যেন আবারও মনে করিয়ে দিল, বিয়ের দিনে সাবেকি শাড়ির আবেদন এখনও অটুট।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Saina Nehwal Parupalli Kashyap love breakup | শুধুই অভিমান! ভাঙল সাইনা নেহওয়াল-পারুপল্লী কশ্যপ (Parupalli Kashyap) জুটির ২০ বছরের সম্পর্ক



