প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : পর্দার ঝলমলে উপস্থিতি, গ্ল্যামার আর সাহসী ব্যক্তিত্ব এসব মিলিয়েই বলিউডে আলাদা জায়গা করে নিয়েছেন সানি লিওন (Sunny Leone)। তবে ক্যামেরার আলো নিভে গেলে তাঁর আর একটি পরিচয় সামনে আসে, তা হল তিনি একজন নিবেদিত মা, সৃজনশীল গৃহিণী এবং শিল্পমনস্ক মানুষ। মুম্বাইয়ের আন্ধেরিতে প্রায় ১৬ কোটি টাকার বিলাসবহুল পেন্টহাউসে স্বামী ড্যানিয়েল ওয়েবার (Daniel Weber) এবং তিন সন্তানকে নিয়ে তাঁর সংসার। সম্প্রতি ‘ফান উইথ ফারহা’ অনুষ্ঠানে নিজের এই প্রাসাদোপম বাড়ির নানা অজানা গল্প শেয়ার করেছেন অভিনেত্রী।

আর সেই গল্পেই উঠে এসেছে সানি লিওনের মুম্বাইয়ের বাড়ির এক অনন্য রূপ। প্রায় ১৫ বছর ধরে এই পেন্টহাউসেই বসবাস করছেন সানি। বিশাল প্রবেশপথ দিয়ে বাড়িতে ঢুকতেই নজর কাড়ে সাদা-কালো রম্বস আকৃতির টাইলসে মোড়া মেঝে এবং বড় আয়না। এই সাজসজ্জা ঘরকে দিয়েছে এক আধুনিক অথচ আভিজাত্যপূর্ণ আবহ। ওপেন-ফ্লোর প্ল্যানে তৈরি ড্রয়িং ও ডাইনিং স্পেসের মাঝে কোনও দেওয়াল নেই, ফলে ঘরজুড়ে এক বিস্তৃত, মুক্ত পরিবেশের অনুভূতি। সানি জানিয়েছেন, ‘আমাদের বাড়িতে ঢুকলেই যেন উষ্ণতা আর আপন ভাব অনুভব করা যায়, এই ভাবনাতেই সাজিয়েছি প্রতিটি কোণ।’

বাড়ির প্রতিটি আসবাব বা শোপিসের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্যক্তিগত স্মৃতি। বিশ্বের নানা প্রান্ত থেকে সংগ্রহ করা জিনিসে সাজানো তাঁর ঘর। পিয়ানোর উপরে ঝুলছে নেপাল থেকে আনা ভগবান বুদ্ধের একটি ছবি। সেই পিয়ানোতেই সানির তিন সন্তান সঙ্গীতের তালিম নিচ্ছে। সানির কথায়, ‘ওরা যখন পিয়ানো বাজায়, তখন মনে হয় এই বাড়ি আরও জীবন্ত হয়ে ওঠে।’ সবচেয়ে চমকপ্রদ দিক হল দেওয়ালচিত্র। বসার ঘরে টাঙানো একটি রঙিন পেন্টিং দেখে অনুষ্ঠানের সঞ্চালক ফারহা খান (Farah Khan) প্রথমে ভেবেছিলেন, সেটি হয়ত নিউ ইয়র্কের স্কাইলাইন। কিন্তু সানি হেসে জানান, ‘এটা আমরা নিজেরাই এঁকেছি, আমি আর বাচ্চারা মিলে। ড্যানিয়েলের জন্য উপহার ছিল।’ অর্থাৎ এই ১৬ কোটির বিলাসবহুল বাংলোতে দামী ব্র্যান্ডের পাশাপাশি রয়েছে পরিবারের হাতের ছোঁয়া। এমনকী ঘরের একটি সাপের আকৃতির শোপিসও তিনি নিজেই তৈরি করেছেন। তাঁর কথায়, ‘সব কিছু কেনা জিনিস দিয়ে সাজালে বাড়ি বাড়ি থাকে না, অনুভূতি লাগে।’

রান্নাঘরটি সম্পূর্ণ সাদা থিমে সাজানো। প্রশস্ত জায়গা, আধুনিক যন্ত্রপাতি এবং পরিচ্ছন্নতা মিলিয়ে যেন একটি আন্তর্জাতিক মানের কিচেন। ফারহা খান মজা করে বলেন, ‘মনে হচ্ছে যেন লস অ্যাঞ্জেলেসের কোনও বাড়িতে ঢুকে পড়েছি!’ জবাবে সানি জানান, রান্নাঘর তাঁর কাছে অত্যন্ত প্রিয় জায়গা। ‘রান্না শুধু কাজ নয়, এটা থেরাপির মতো,’ বলেন তিনি। বাড়ির সঙ্গে যুক্ত রয়েছে একটি বড় ওয়াক-অ্যারাউন্ড ডেক বা প্রশস্ত বারান্দা, যেখান থেকে মুম্বইয়ের আকাশরেখা উপভোগ করা যায়। সন্ধ্যায় পরিবারের সঙ্গে সেখানে সময় কাটানো তাঁর রুটিনের অংশ। তবে শুধু আভিজাত্য নয়, এই বাড়ির দেয়াল জানে এক মায়ের সংগ্রামের কাহিনিও।
আরও পড়ুন : Sunny Leone horror experience | বিছানায় নড়তে পারছিলেন না! সানি লিওন জানালেন তাঁর ভয়াবহ রাতের কথা

আলাপচারিতায় সানি খোলাখুলি জানিয়েছেন, মাতৃত্বের পথে তাঁকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। সারোগেসি এবং আইভিএফ (In Vitro Fertilization) পদ্ধতিতে একাধিকবার চেষ্টা করেও চারবার গর্ভস্থ সন্তান হারিয়েছেন তিনি। ‘প্রতিবার ভেবেছি, হয়ত এবার সব ঠিক হবে। কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি,’ কণ্ঠে আবেগ নিয়ে বলেন সানি।

সেই কঠিন সময়ে পাশে ছিলেন স্বামী ড্যানিয়েল। ‘ও না থাকলে হয়ত ভেঙে পড়তাম,’ স্বীকারোক্তি অভিনেত্রীর। পরে তাঁরা দত্তক নেন কন্যা নিশাকে। প্রথম থেকেই ড্যানিয়েল ও সানি মেয়েকে সত্যিটা জানিয়ে বড় করছেন। সানির বক্তব্য, ‘ও আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। সত্য লুকনোর কোনও প্রয়োজন নেই।’ এরপর সারোগেসির মাধ্যমে দুই পুত্রসন্তানের আগমন। এখন তিন সন্তানকে নিয়ে পূর্ণ সংসার তাঁদের। এই পেন্টহাউস তাঁদের লড়াই, ভালবাসা আর স্বপ্নপূরণের স্মারক। অন্যদিকে, বলিউডের ঝলকানির বাইরে সানি লিওনের মুম্বাইয়ের বাড়ি যেন তাঁর ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। একদিকে গ্ল্যামার, অন্যদিকে মায়া ও সৃজনশীলতা। ১৬ কোটির এই বিলাসবহুল বাংলোতে যেমন রয়েছে আন্তর্জাতিক মানের অন্দরসজ্জা, তেমনই রয়েছে পরিবারের হাতে আঁকা ছবি, নিজস্ব শিল্পকর্ম এবং আবেগের ছোঁয়া। এসব নিয়ে সানি লিওনের বাড়ি চর্চার কেন্দ্রবিন্দু।
সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sania Mirza Fitness Routine 2026 | ৪০ ছুঁইছুঁই বয়সেও ফিটনেসে চমক, ১০ বছর পরের স্বপ্ন পূরণে কঠোর অনুশীলনে সানিয়া মির্জা



