Narendra Modi wishes Vijay Rashmika | উদয়পুরে ‘দ্য ওয়েডিং অফ ভিরোশ’: বিজয়-রশ্মিকার বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা, জমকালো আয়োজনে তিন স্তরের নিরাপত্তা

SHARE:

শোভনা মাইতি ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার দুই জনপ্রিয় মুখ বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) এবং রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। বহুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল, অবশেষে রবিবার সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করে তাঁরা বিয়ের খবর নিশ্চিত করেন। এই ঘোষণার পর থেকেই অনুরাগীদের উচ্ছ্বাস তুঙ্গে। তারই মধ্যে বিশেষ তাৎপর্য যোগ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) শুভেচ্ছাপত্র। অভিনেতার টিমের তরফে শেয়ার করা চিঠিতে প্রধানমন্ত্রী লেখেন, ‘২৬ ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত হতে চলা বিজয় ও রশ্মিকার বিবাহে আমন্ত্রণ পেয়ে আমি আনন্দিত। এই অত্যন্ত আনন্দময় ও শুভ অনুষ্ঠান উপলক্ষ্যে দেবেরাকোন্ডা ও মন্দানা পরিবারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’ তাঁর এই শুভেচ্ছাবাণী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভক্তরা বলছেন, ‘দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন শুভেচ্ছা পাওয়া সত্যিই গর্বের।’

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘এটি বিজয় ও রশ্মিকার জীবনের এক নতুন ও সুন্দর অধ্যায়ের সূচনা। সখা সপ্তপদা ভব অর্থাৎ একসঙ্গে সাত পা ফেলে আজীবনের বন্ধু হয়ে ওঠা, এই ভাবনায় তাঁরা আজীবনের সঙ্গী হবেন।’ প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছায় আরও লেখেন, ‘বিজয় বা রশ্মিকা কেউই তাঁদের চলচ্চিত্রের চিত্রনাট্যের সঙ্গে অপরিচিত নন। কিন্তু তাঁদের বাস্তব জীবনের এই ঈশ্বর-লিখিত অধ্যায়, যা ভালবাসা ও স্নেহে পরিপূর্ণ, নিশ্চয়ই রুপোলি পর্দার জাদুকেও ছাপিয়ে যাবে।’ চিঠির শেষাংশে ছিল বিবাহিত জীবনের জন্য শুভকামনা, ‘আসন্ন দিন, মাস ও বছরগুলো যেন যৌথ স্বপ্ন ও তার পূরণে ভরে ওঠে। ভাবনা ও ভালোবাসা নিয়ে তারা যেন দায়িত্ব ভাগ করে নেয়, একে অপরের অপূর্ণতাকে আপন করে নেয় এবং জীবনের পথে সত্যিকারের সঙ্গী হিসেবে এগিয়ে চলে।’ প্রধানমন্ত্রীর এই উষ্ণ শব্দচয়ন অনুষ্ঠানকে আরও তাৎপর্যমণ্ডিত করেছে।

রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা। ছবি : সংগৃহীত।

রবিবার নিজেদের যৌথ বিবৃতিতে বিজয় ও রশ্মিকা লেখেন, ‘আমাদের প্রিয়জনরা, আমরা নিজেদের জন্য কিছু ভাবার বা ঠিক করার আগেই, তোমরা আমাদের পাশে ছিলে। এত ভালবাসা দিয়ে তোমরাই আমাদের একটি নাম দিয়েছ। তোমরা আমাদের ভিরোশ বলে ডেকেছ। তাই আজ ভরা হৃদয়ে, তোমাদের সম্মানে আমাদের এই মিলনকে একটি নাম দিচ্ছি। আমরা এর নাম রাখতে চাই, দ্য ওয়েডিং অফ ভিরোশ।’ উল্লেখ যে, উদয়পুরে বিয়ের আয়োজন ঘিরে প্রস্তুতিও চলছে জোরকদমে। রাজস্থানের ঐতিহ্যবাহী প্রাসাদ-শহর হিসেবে পরিচিত উদয়পুর (Udaipur) বহু সেলিব্রিটি বিয়ের সাক্ষী থেকেছে। রাজকীয় আবহ, লেকপাড়ের মনোরম দৃশ্য এবং প্রাসাদোপম হোটেল, এই শহর বিয়ের জন্য এক বিশেষ আকর্ষণ। জানা গিয়েছে, বিজয়-রশ্মিকার বিয়েও দক্ষিণ ভারতীয় রীতিতে সম্পন্ন হবে, তবে রাজস্থানি ঐতিহ্যের ছোঁয়াও থাকতে পারে অনুষ্ঠানে।

আরও পড়ুন : Vijay Deverakonda Rashmika Mandanna wedding news | আমন্ত্রণপত্র ফাঁসের পর আলোর মালায় ঝলমল বাড়ি! বিজয়-রশ্মিকার বিয়ে ঘিরে জল্পনায় তুঙ্গে টলিউড-সাউথ

নিরাপত্তা ব্যবস্থা নিয়েও রয়েছে কড়াকড়ি। সূত্রের খবর, পুরো আয়োজন ঘিরে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি হায়দরাবাদ থেকে আনা নিরাপত্তারক্ষী দল মোতায়েন থাকবে। এছাড়া একটি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাকেও যুক্ত করা হয়েছে। অতিথি তালিকায় টলিউড ও বলিউডের একাধিক পরিচিত মুখ থাকার সম্ভাবনা থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আয়োজক পক্ষের এক সদস্য বলেন, ‘সব কিছু যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে দিকেই নজর রাখা হচ্ছে।’ বিজয় দেবেরাকোন্ডা ‘অর্জুন রেড্ডি’ ছবির মাধ্যমে সারা দেশে পরিচিতি পান, অন্যদিকে রশ্মিকা মন্দানা দক্ষিণী ও হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয়। তাঁদের একসঙ্গে পর্দায় দেখা না গেলেও অফ-স্ক্রিন রসায়ন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে সেই সম্পর্কই এবার বিবাহের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করছে।

সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের প্রতিক্রিয়া চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, ‘রিল লাইফের জাদু এবার রিয়েল লাইফে।’ আবার কেউ বলছেন, ‘ভিরোশের জন্য অপেক্ষা করছিলাম।’ বিয়ের আগে থেকেই এই অনুষ্ঠান নিয়ে আগ্রহ তুঙ্গে। রাজনৈতিক ও বিনোদন জগতের এক অনন্য সংযোগ হিসেবেও দেখা হচ্ছে এই ঘটনাকে। দেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পাওয়া যে কোনও তারকা জুটির জন্য বড় সম্মান। একই সঙ্গে উদয়পুরে এই জাঁকজমকপূর্ণ আয়োজন আগামী দিনে বিনোদন দুনিয়ার অন্যতম আলোচিত অধ্যায় হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। ২৬ ফেব্রুয়ারি উদয়পুর সাক্ষী থাকবে এক বহুল প্রতীক্ষিত মিলনের। রাজকীয় পরিবেশ, ঐতিহ্যবাহী রীতি, কড়া নিরাপত্তা এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ‘দ্য ওয়েডিং অফ ভিরোশ’ ইতিমধ্যেই ২০২৬ সালের সবচেয়ে আলোচিত সেলিব্রিটি বিবাহ হিসেবে জায়গা করে নিয়েছে।

ছবি : সংগৃহীত। 
আরও পড়ুন : Vijay Deverakonda and Rashmika Mandanna’s wedding | উদয়পুরে বিরোশ-এর রাজকীয় বিয়ে: আরাবল্লীর কোলে বিলাসবহুল রিসর্টে বিজয়-রশ্মিকা, প্রতি রাতের ভাড়া ৫৭ হাজার টাকা পর্যন্ত!

Sasraya News
Author: Sasraya News