Subdermal Implant | সাবডার্মাল ইমপ্ল্যান্ট কী? পিল-কন্ডোম ছাড়াই ৩ বছর গর্ভনিরোধের আধুনিক পদ্ধতি

SHARE:

পার্বতী কাশ্যপ, সাশ্রয় নিউজ ডিজিটাল ডেস্ক ★ কলকাতা : দাম্পত্য জীবন ও যৌনতা একে অপরের পরিপূরক। তবে যৌন সম্পর্ক মানেই সন্তানসম্ভবা হওয়া নয়। বর্তমান সময়ে পরিবার পরিকল্পনা, কর্মজীবন ও ব্যক্তিগত স্বাধীনতার কথা মাথায় রেখে বহু দম্পতি সচেতনভাবে গর্ভধারণের সময় নির্ধারণ করতে চান। এতদিন অবাঞ্ছিত গর্ভধারণ রুখতে পিল, কন্ডোম কিংবা কপার-টি ছিল প্রধান ভরসা। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে এখন সামনে এসেছে নতুন একটি পদ্ধতি ‘সাবডার্মাল ইমপ্ল্যান্ট’ (Subdermal Implant)। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ‘দেশলাই কাঠির মতো ছোট্ট এই ইমপ্ল্যান্ট তিন বছর পর্যন্ত কার্যকর গর্ভনিরোধ দিতে সক্ষম।’ চিকিৎসা পরিভাষায় সাবডার্মাল ইমপ্ল্যান্ট হল একটি হরমোননির্ভর গর্ভনিরোধক ব্যবস্থা, যা নারীর কনুইয়ের উপরের অংশের ত্বকের নিচে স্থাপন করা হয়। আকারে ছোট, নমনীয় এই রডটি শরীরে প্রজেস্টিন (Progestin) হরমোন ধীরে ধীরে নিঃসরণ করে। এই হরমোন ডিম্বস্ফোটন বা ডিম্বাণু নিঃসরণ প্রক্রিয়াকে বাধা দেয়, ফলে গর্ভধারণের সম্ভাবনা কমে যায়। পাশাপাশি এটি জরায়ুর মিউকাস ঘন করে, যাতে শুক্রাণুর অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়।

আরও পড়ুন : Nick Jonas on good husband, Priyanka Chopra Nick Jonas marriage | ভাল স্বামী হওয়ার মানে কী? প্রিয়াঙ্কা চোপড়ার পাশে দাঁড়িয়ে নিজের দাম্পত্য দর্শন খোলসা করলেন নিক জোনাস

স্ত্রীরোগ বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, ‘যাঁরা নিয়মিত পিল খেতে ভুলে যান বা হরমোনাল পিলের পার্শ্বপ্রতিক্রিয়ায় ভোগেন, তাঁদের জন্য সাবডার্মাল ইমপ্ল্যান্ট একটি কার্যকর ও নিরাপদ বিকল্প হতে পারে।’ পিলের ক্ষেত্রে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওষুধ খাওয়া জরুরি। সামান্য গাফিলতিতেই কার্যকারিতা কমে যেতে পারে। অন্যদিকে কন্ডোম ব্যবহারের ক্ষেত্রে অনেক দম্পতির অস্বস্তি বা অনীহা থাকে। এই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি, কম ঝামেলাপূর্ণ সমাধান হিসেবে সাবডার্মাল ইমপ্ল্যান্ট গুরুত্ব পাচ্ছে। চিকিৎসকদের মতে, ‘একবার ইমপ্ল্যান্ট বসালে অন্তত তিন বছর অবধি গর্ভধারণের ভয় থাকে না।’ প্রয়োজনে নির্ধারিত সময়ের আগেই এটি অপসারণ করা যায়। উল্লেখযোগ্য বিষয় হল, ইমপ্ল্যান্ট খুলে ফেলার কয়েক দিনের মধ্যেই স্বাভাবিক প্রজননক্ষমতা ফিরে আসে। অর্থাৎ ভবিষ্যতে সন্তান নেওয়ার পরিকল্পনায় এই পদ্ধতি দীর্ঘমেয়াদি জটিলতা তৈরি করে না, এমনটাই দাবি স্ত্রী রোগ বিশেষজ্ঞদের।

অনেক নারী হরমোনাল পিলের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া যেমন বমিভাব, ওজন বৃদ্ধি, মুড পরিবর্তন বা অনিয়মিত রক্তস্রাব নিয়ে উদ্বিগ্ন থাকেন। চিকিৎসকদের বক্তব্য, ‘সাবডার্মাল ইমপ্ল্যান্টেও হরমোন রয়েছে, তবে তা অত্যন্ত নিয়ন্ত্রিত মাত্রায় ধীরে ধীরে শরীরে প্রবেশ করে।’ ফলে অধিকাংশ ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম বলে মনে করা হয়। যদিও ব্যক্তিভেদে সামান্য অনিয়মিত রক্তস্রাব বা মাসিক চক্রে পরিবর্তন দেখা দিতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, এই ইমপ্ল্যান্ট যৌনাঙ্গে স্থাপন করা হয় না। এটি কনুইয়ের উপরের ত্বকের নীচে একটি ক্ষুদ্র অস্ত্রোপচারের মাধ্যমে বসানো হয় এবং একইভাবে অপসারণ করা হয়। ফলে যৌনসংক্রমিত রোগের ঝুঁকি এতে বাড়ে না। তবে চিকিৎসকেরা স্পষ্ট করে দিচ্ছেন, ‘সাবডার্মাল ইমপ্ল্যান্ট গর্ভধারণ রোধ করে ঠিকই, কিন্তু যৌনবাহিত সংক্রমণ (STI) থেকে সুরক্ষা দেয় না। সেই ক্ষেত্রে কন্ডোমই একমাত্র কার্যকর প্রতিরোধ।’

আরও পড়ুন : Sonakshi Sinha | বেড়াতে গিয়ে এমন ঘটবে জানতেন না সোনাক্ষী

ভারতের বিভিন্ন প্রান্তে পরিবার পরিকল্পনা পরিষেবায় নতুনত্ব আনতে উদ্যোগী হয়েছে জাতীয় স্বাস্থ্য মিশন (National Health Mission)। পরীক্ষামূলকভাবে মহারাষ্ট্রের (Maharashtra) একাধিক জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজে এই পরিষেবা চালু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিকের কথায়, ‘প্রাথমিকভাবে সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষিত চিকিৎসকের মাধ্যমে ইমপ্ল্যান্ট পরিষেবা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে অন্যান্য রাজ্যেও এই পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে।’ স্ত্রী রোগ বিশেষজ্ঞরা মনে করছেন, নারীর প্রজননস্বাস্থ্য ও স্বাধীনতার ক্ষেত্রে এই প্রযুক্তি বড় ভূমিকা নিতে পারে। কর্মজীবী নারী, সদ্য মা হওয়া মহিলা বা দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনায় আগ্রহীদের জন্য এটি কার্যকর সমাধান হতে পারে। ‘যৌনতা জীবনের স্বাভাবিক অংশ। কিন্তু প্রতিবারই সন্তানসম্ভবা হওয়ার আশঙ্কা থাকলে মানসিক চাপ তৈরি হয়। সাবডার্মাল ইমপ্ল্যান্ট সেই দুশ্চিন্তা অনেকটাই কমাতে পারে’ মত চিকিৎসকদের। কিন্তু কোনও গর্ভনিরোধ পদ্ধতি গ্রহণের আগে গাইনোকোলজিস্টদের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। শারীরিক অবস্থা, পূর্ববর্তী রোগের ইতিহাস ও ব্যক্তিগত চাহিদা অনুযায়ী চিকিৎসক উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করেন। তবে পিল বা কন্ডোমের বাইরেও এখন রয়েছে আধুনিক, দীর্ঘস্থায়ী গর্ভনিরোধের সুযোগ কাঠির মতো ছোট্ট সাবডার্মাল ইমপ্ল্যান্টই হতে পারে অবাঞ্ছিত গর্ভধারণ রোধে বড় সমাধান, এমনটাই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সচেতনতা ও সঠিক তথ্যই পারে সুস্থ ও নিরাপদ যৌনজীবনের পথ সুগম করতে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Kiran Rao chikungunya, Aamir Khan ex wife health | বিছানায় শয্যাশায়ী কিরণ রাও! চিকুনগুনিয়ায় আক্রান্ত আমির খানের প্রাক্তন স্ত্রী, স্বাস্থ্য নিয়ে উদ্বেগে অনুরাগীরা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন