Shani Asta 2026 effects | শনি অস্ত ২০২৬ : ৪০ দিনের বিশেষ যোগে অর্থ, কর্ম ও দাম্পত্যে সৌভাগ্যের দরজা খুলছে চার রাশির সিংহ, ধনু, কুম্ভ ও মীন

SHARE:

সোমনাথ আচার্য ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের মধ্যে শনি (Shani) অন্যতম প্রভাবশালী গ্রহ। বহু মানুষ শনির নাম শুনলেই আশঙ্কিত হন। কিন্তু প্রাচীন জ্যোতিষ মতে, শনি মূলত ‘কর্মফলদাতা’ মানুষ যেমন কর্ম করেন, তেমনই ফল লাভ করেন। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অধ্যবসায়ের পুরস্কার দিতে শনি কখনও কৃপণতা করেন না। ২০২৬ সালের ১৩ মার্চ শনি মীন রাশিতে (Meen Rashi) অস্ত যাবে এবং ২২ এপ্রিল পুনরায় উদিত হবে। এই টানা প্রায় ৪০ দিনের ‘শনি অস্ত’ পর্বকে জ্যোতিষীরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময় হিসেবে দেখছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহ অস্ত গেলে তার ফলদানের গতি কিছুটা মন্থর হয়। ফলে যাঁরা বর্তমানে শনিদোষ, সাড়েসাতি বা ধৈর্যপরীক্ষার সময়ের মধ্যে রয়েছেন, তাঁদের কষ্ট কিছুটা লাঘব হতে পারে। বিশেষত চারটি রাশির জাতক-জাতিকার জীবনে এই সময় ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সিংহ (Simha), ধনু (Dhanu), কুম্ভ (Kumbha) ও মীন (Meen) এই চার রাশির ক্ষেত্রে শনি অস্ত ২০২৬ নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসছে বলে মত জ্যোতিষমহলের।

সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময় আত্মবিশ্বাস বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে যে বাধা বা অনিশ্চয়তা তাঁদের পথ রুদ্ধ করে রেখেছিল, তা কাটতে শুরু করবে। কর্মক্ষেত্রে আটকে থাকা প্রকল্প বা পদোন্নতির সম্ভাবনা আবার জেগে উঠতে পারে। জ্যোতিষীদের মতে, ‘এই সময় সাহসী সিদ্ধান্ত নিলে ফল মেলাবে।’ ব্যক্তিগত সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে। দাম্পত্য জীবনের টানাপোড়েন কমে গিয়ে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। যারা নতুন উদ্যোগ নিতে চাইছেন, তাঁদের জন্যও সময় অনুকূল হতে পারে। ধনু রাশির ক্ষেত্রে শনি অস্ত অর্থ ও কর্মক্ষেত্রে প্রসারের যোগ তৈরি করছে। বহুদিনের পরিশ্রমের ফল মিলতে শুরু করবে। নতুন কাজের সুযোগ বা দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। অর্থনৈতিক স্থিতি শক্তিশালী হবে এবং আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। জ্যোতিষ বিশ্লেষণে বলা হচ্ছে, ‘ধনু রাশির জাতকরা এই সময় দূরভ্রমণের সুযোগ পেতে পারেন, যা কর্মসূত্রে বা ব্যক্তিগত কারণে শুভ ফল দেবে।’ বিলাস ও আরামের সুযোগ বাড়লেও অযথা ব্যয় থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কুম্ভ রাশি, যা শনির নিজস্ব রাশি হিসেবে পরিচিত, এই সময় বিশেষ সুবিধা পেতে পারে। শনি অস্তের ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে মুনাফা বৃদ্ধির ইঙ্গিত মিলছে। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেক জ্যোতিষীর মতে, ‘বিনিয়োগের জন্য সময়টি মন্দ নয়, তবে পরিকল্পনা করে পদক্ষেপ নেওয়া উচিত।’ পারিবারিক জীবনে শান্তি ও স্থিতি বজায় থাকবে। সম্পর্কের টানাপোড়েন কমে গিয়ে সৌহার্দ্য বৃদ্ধি পাবে।

আরও পড়ুন : Spiritual News, Astrology & Belief, Indian Scriptures | নাম বদলালেই কি বদলে যায় ভাগ্য? কর্মফল নিয়ে শাস্ত্র, পুরাণ ও আধ্যাত্মিক দর্শন কী বলছে

সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রভাব পড়তে পারে মীন রাশির জাতক-জাতিকাদের উপর, কারণ শনি এই রাশিতেই অস্ত যাচ্ছে। বর্তমানে অনেক মীন রাশির জাতক সাড়েসাতির প্রভাবে রয়েছেন। শনি অস্তের ফলে সেই কঠোর প্রভাব কিছুটা শিথিল হতে পারে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি, আয় বাড়ার সম্ভাবনা এবং সামাজিক মর্যাদা উন্নতির যোগ দেখা যাচ্ছে। আটকে থাকা প্রশাসনিক বা আইনি কাজ মিটে যেতে পারে। দাম্পত্য জীবনে মাধুর্য বৃদ্ধি এবং পারস্পরিক সমর্থন মিলবে। জ্যোতিষমতে, ‘এই সময় ধৈর্য ধরে এগোলে দীর্ঘমেয়াদি সাফল্যের ভিত্তি তৈরি হবে।’ তবে জ্যোতিষীরা এ-ও মনে করিয়ে দিচ্ছেন, শনি কখনও অকারণে পুরস্কার দেন না। কর্ম, সততা ও অধ্যবসায় বজায় রাখলে তবেই এই সময়ের ইতিবাচক শক্তিকে কাজে লাগানো সম্ভব। শনি অস্ত মানেই সব সমস্যার অবসান নয়, বরং কঠিন সময়ের মধ্যে সাময়িক স্বস্তি ও নতুন পরিকল্পনার সুযোগ।

শনি অস্ত ২০২৬-এর এই ৪০ দিনের পর্ব তাই অনেকের কাছে পুনর্মূল্যায়ন ও আত্মবিশ্লেষণের সময়। ব্যক্তিগত ও পেশাগত জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এনে দিতে পারে এই সময়কাল। সিংহ, ধনু, কুম্ভ ও মীন এই চার রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষভাবে শুভ সংকেত মিললেও, অন্যান্য রাশির ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু, ১৩ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সময়টিকে জ্যোতিষশাস্ত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ধরা হচ্ছে। কর্মফলদাতা শনির এই অস্তপর্ব অনেকের জীবনেই সৌভাগ্যের নতুন কিছু সূচনা করতে পারে।

ছবি : সংগৃহীত ও প্রতীকী।  
আরও পড়ুন : Astrology | Mangladitya Rajyog 2026: ৩ মার্চ থেকে ভাগ্যের চাকা ঘুরবে! মঙ্গলাদিত্য রাজযোগে সোনালি সময় ৫ রাশির জীবনে

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন