Sourav Ganguly on Pakistan | বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তানকে কড়া বার্তা সৌরভের, মহারাজের পছন্দের চার ক্রিকেটার কারা জানালেন প্রকাশ্যে

SHARE:

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান মানেই উত্তেজনা, আবেগ আর কাঁটায় কাঁটায় লড়াই। সেই বহু প্রতীক্ষিত ম্যাচ নিয়ে অবশেষে সব জল্পনার অবসান ঘটেছে। সোমবার রাতে পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মাঠে নামার অনুমতি পেয়েছে পাক দল। ফলে সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর মাঠে মুখোমুখি হচ্ছে ভারত (India) ও পাকিস্তান (Pakistan)। এই ঘোষণার পরই ম্যাচটি ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ক্রিকেট মহলে। আর সেই আবহেই পাকিস্তানকে স্পষ্ট সতর্কবার্তা দিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সংবাদসংস্থা এএনআই-কে (ANI) দেওয়া সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে এই ম্যাচ পাকিস্তানের কাছে মোটেও সহজ হবে না। তাঁর কথায়, ‘বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ। ১৫ ফেব্রুয়ারিই খেলা হচ্ছে। তবে ভারতকে হারানো পাকিস্তানের পক্ষে সহজ হবে না। ভারত খুব শক্তিশালী দল।’ দাদার এই মন্তব্যে স্পষ্ট, প্রতিপক্ষের নাম পাকিস্তান হলেও বর্তমান ভারতীয় দলের শক্তি ও গভীরতার উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় আরও বলেন, চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচই জমজমাট হয়েছে। তাঁর মতে, এবারের টুর্নামেন্টে বড় দল-ছোট দলের ভেদাভেদ অনেকটাই কমে গিয়েছে। সৌরভের ভাষায়, ‘বিশ্বকাপ খুব ভাল হচ্ছে। প্রতিটা ম্যাচেই লড়াই হচ্ছে। নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নেপাল কাউকেই হালকাভাবে নেওয়ার জায়গা নেই।’ এই মন্তব্যে বোঝা যাচ্ছে, আধুনিক ক্রিকেটে শক্তির ভারসাম্য কীভাবে বদলে যাচ্ছে, সে বিষয়ে তিনি কতটা সচেতন।

আরও পড়ুন : Sourav Das Darshana Banik | সমাজমাধ্যমে মন্তব্যবাক্স বন্ধ হলে বহু সম্পর্ক টিকবে! দ্বিতীয় বিবাহবার্ষিকীতে খোলামেলা সৌরভ-দর্শনার দাম্পত্য দর্শন

ভারতীয় দল প্রসঙ্গে কথা বলতে গিয়ে সৌরভ নিজের পছন্দের চার ক্রিকেটারের নামও প্রকাশ্যে জানান। তিনি বলেন, ‘ভারতীয় দলে অভিষেক শর্মা, বুমরাহ, সূর্য এবং ঈশান কিশান এরা আমার সবচেয়ে পছন্দের।’ সৌরভের এই তালিকায় অভিজ্ঞতা ও তারুণ্যের সুন্দর মিশেল চোখে পড়ছে। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) যেখানে ভারতের বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ, সেখানে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের এক বিস্ফোরক ব্যাটার। অন্য দিকে, অভিষেক শর্মা (Abhishek Sharma) ও ঈশান কিশান (Ishan Kishan) ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটের বড় ভরসা বলে মনে করেন দাদা।

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। প্রথমে পাকিস্তান সরকার জানিয়ে দেয়, তারা বিশ্বকাপে খেললেও ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না। সেই ঘোষণার পর থেকেই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC), সম্প্রচারকারী সংস্থা এবং আয়োজক দেশ শ্রীলঙ্কা (Sri Lanka) ও সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ড (Emirates Cricket Board) একাধিক দফায় পাকিস্তানকে ম্যাচ খেলতে অনুরোধ করে। এমনকি, না খেললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, যে বাংলাদেশের (Bangladesh) সমর্থন নিয়ে পাকিস্তান প্রথমে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয়নি, সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)-ও পরে পাকিস্তানকে ম্যাচ খেলতে অনুরোধ করে। এত চাপের মুখে অবশেষে সোমবার রাতে পাকিস্তান সরকার জানায়, তারা ভারতের বিরুদ্ধে মাঠে নামবে। এই সিদ্ধান্তের পরেই বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ যে ফের নিশ্চিত হল, তা বলাই বাহুল্য।

এই প্রেক্ষাপটেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সতর্কবার্তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সৌরভ শুধু আবেগের বশে কথা বলেননি, বর্তমান ভারতীয় দলের ফর্ম ও গভীরতা বিচার করেই এই মন্তব্য করেছেন। ভারতের ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই একাধিক ম্যাচ উইনার রয়েছে, যা যে কোনও দলের জন্যই বড় চ্যালেঞ্জ।

ক্রিকেট সমালোচকদের একাংশ মনে করছেন, পাকিস্তানের উপর বাড়তি মানসিক চাপ থাকবে। কারণ রাজনৈতিক টানাপোড়েন, মাঠের বাইরে বিতর্ক এবং শেষ মুহূর্তে ম্যাচ খেলার অনুমতি, সব মিলিয়ে পাক দলের প্রস্তুতিতে প্রভাব পড়তেই পারে। অন্য দিকে, ভারতীয় দল অনেকটাই নির্ভার মনোভাব নিয়ে নামবে বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ১৫ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্বকাপের আবেগের কেন্দ্রবিন্দু। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, এই ম্যাচে পাকিস্তানের কাছে কাজটা ‘সহজ হবে না’। এখন দেখার, মাঠের লড়াইয়ে শেষ হাসি কার মুখে ফুটে ওঠে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sourav Ganguly coach, SA20 final | ব্রেভিসের শতরানেও অধরা ট্রফি, কোচ সৌরভের স্বপ্নভঙ্গ; এসএ২০-তে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন