সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : ব্যক্তিগত জীবনের টানাপড়েন, বিবাহবিচ্ছেদের জল্পনা এবং পারিবারিক অভিযোগে যখন চাপে বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda), ঠিক সেই সময়েই ভিন্ন খবরে তিনি আলোচনার কেন্দ্রে উঠে এলেন। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সঙ্গে সাক্ষাৎ করে অভিনেতা সেই অভিজ্ঞতাকে ‘স্বর্গীয়’ বলে অভিহিত করেছেন। সমাজমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, যোগীর সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে আছেন গোবিন্দা। দু’জনের হাতেই রয়েছে কৃষ্ণের একটি মূর্তি। এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা জল্পনা। শুধুই সৌজন্য সাক্ষাৎ, না কি রাজনীতির পথে পা রাখার ইঙ্গিত?
নিজের সমাজমাধ্যম পোস্টে গোবিন্দা (Govinda) লিখেছেন, ‘উত্তরপ্রদেশের সম্মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে অসাধারণ সময় কাটল। এই অভিজ্ঞতা স্বর্গীয়। যোগী আদিত্যনাথজিকে অসংখ্য ধন্যবাদ।’ সংক্ষিপ্ত এই বার্তাতেই যেন লুকিয়ে রয়েছে বহু প্রশ্ন। কী কারণে এই সাক্ষাৎ, কী বিষয় নিয়ে আলোচনা, এসব কিছুই স্পষ্ট করেননি অভিনেতা। আর সেই নীরবতাই জল্পনাকে আরও উসকে দিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, বলিউড তারকাদের রাজনীতিতে আসা নতুন কিছু নয়। অতীতে বহু অভিনেতা-অভিনেত্রী বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেই প্রেক্ষাপটে গোবিন্দার (Govinda) এই সাক্ষাৎকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলে উড়িয়ে দিতে নারাজ অনেকেই। যদিও এখনও পর্যন্ত অভিনেতা বা তাঁর ঘনিষ্ঠ মহল থেকে রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইঙ্গিত মেলেনি।
এই সাক্ষাৎ এমন এক সময়ে হল, যখন গোবিন্দার ব্যক্তিগত জীবন চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। গত বছর থেকেই তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছে। স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja) প্রকাশ্যে অভিযোগ করেছেন, অভিনেতা নাকি এক অল্পবয়সি মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তাঁর দাবি, টাকার লোভ দেখিয়ে ওই মহিলা গোবিন্দাকে ফাঁসিয়েছেন। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই বিনোদন দুনিয়ায় শোরগোল পড়ে যায়। অন্য দিকে, গোবিন্দা (Govinda) নিজে এই সমস্ত অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, খ্যাতিমানদের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র নতুন নয় এবং তাঁকে ফাঁসানোর জন্য পরিকল্পিত ভাবে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। অভিনেতার দাবি, এই ষড়যন্ত্রে তাঁর স্ত্রী সুনীতাকেও ব্যবহার করা হচ্ছে। তবে কারা এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে, সে বিষয়ে তিনি কোনও নাম প্রকাশ করেননি।
একটি সাক্ষাৎকারে ক্ষোভ ও দুঃখ মিশিয়ে গোবিন্দা বলেছিলেন, ‘আমার ক’টা বিয়ে হয়েছে? ৪০ বছর হয়ে গিয়েছে। আমার কি দু’-তিন বার বিয়ে হয়েছে? যাঁরা একাধিকবার বিয়ে করেছেন, তাঁদের স্ত্রী’রা তো কিছু বলেন না। তাঁরা মজায় ঘুরে বেড়াচ্ছেন।’ এই মন্তব্যের মধ্যেই তাঁর মানসিক অবস্থার আভাস পেয়েছেন অনেকে। দীর্ঘ দিনের দাম্পত্য জীবনে হঠাৎ এই ধরনের অভিযোগ ও প্রকাশ্য বিতর্ক যে তাঁকে মানসিক ভাবে বিপর্যস্ত করেছে, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, এই কঠিন সময়ের মধ্যেই যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সঙ্গে সাক্ষাৎকে গোবিন্দা ‘স্বর্গীয়’ বলায় প্রশ্ন উঠছে, এই সাক্ষাৎ কী তাঁর জীবনে কোনও নতুন চ্যাপ্টারের সূচনা? কেউ কেউ মনে করছেন, আধ্যাত্মিকতার দিকেই হয়ত ঝুঁকছেন অভিনেতা। কৃষ্ণমূর্তি হাতে ছবি তোলাও সেই ইঙ্গিত দিচ্ছে। আবার অনেকে বলছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ রাজনৈতিক সমীকরণের দিকেও ইঙ্গিতবহ।
উল্লেখ্য, গোবিন্দা (Govinda) অতীতে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একদা কংগ্রেসের টিকিটে সাংসদও হয়েছিলেন। যদিও সেই অধ্যায় খুব দীর্ঘস্থায়ী হয়নি। ফলে রাজনীতির ময়দানে তাঁর নাম নতুন নয়। সেই অভিজ্ঞতার পর আবার কোনও রাজনৈতিক ভূমিকায় তাঁকে দেখা যাবে কি না, তা নিয়েই এখন কৌতূহল তুঙ্গে। পাশাপাশি, সমাজমাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়তেই ভক্তদের প্রতিক্রিয়াও নানা রকম। কেউ কেউ অভিনেতার পাশে দাঁড়িয়ে তাঁর ব্যক্তিগত জীবনের ঝড় কাটিয়ে ওঠার কামনা করছেন। আবার অনেকে প্রশ্ন তুলছেন, এই সাক্ষাৎ কি নিছক আধ্যাত্মিক শান্তির খোঁজ, না কি ভবিষ্যতের কোনও বড় সিদ্ধান্তের পূর্বাভাস? যদিও গোবিন্দা বা যোগী আদিত্যনাথ, কেউই এই জল্পনা নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু, কৃষ্ণমূর্তি হাতে যোগীর সঙ্গে গোবিন্দার (Govinda) সাক্ষাৎ যেন একাধিক স্তরের অর্থ বহন করছে। ব্যক্তিগত জীবনের সংকট, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা এবং বর্তমানের এই ‘স্বর্গীয়’ অনুভূতি সমস্ত মিলিয়ে অভিনেতার জীবনে যে এক অদ্ভুত সন্ধিক্ষণ চলছে, তা স্পষ্ট। এখন দেখার, এই সাক্ষাৎ কেবল একটি মুহূর্ত হিসেবেই থেকে যাবে, না কি আগামী দিনে গোবিন্দার জীবনে নতুন কোনও পথ খুলে দেবে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : UP CM Yogi Adityanath Meets PM Narendra Modi in New Delhi | নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ



