IMF praises India AI growth | এআই থেকে অর্থনৈতিক সংস্কার, ভারত বিশ্বে দৃষ্টান্ত, IMF প্রধানের অকপট প্রশংসা

SHARE:

বিনীত শর্মা ★ সাশ্রয় নিউজ ডেস্ক, নতুন দিল্লি: বৈশ্বিক অনিশ্চয়তা, মন্দার আশঙ্কা এবং প্রযুক্তিগত রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন বিশ্ব অর্থনীতি দিশা খুঁজছে, তখন ভারতের অর্থনৈতিক অগ্রগতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ক্ষেত্রে সাফল্য আন্তর্জাতিক মহলে নতুন করে নজর কেড়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (International Monetary Fund)-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা (Kristalina Georgieva) প্রকাশ্যে ভারতের প্রশংসা করে জানালেন, এআই উন্নয়নে ভারত এখন বিশ্বের অন্যতম শক্তিধর দেশ। শুধু প্রযুক্তি নয়, সংস্কার, ডিজিটাল পরিকাঠামো এবং দক্ষ মানবসম্পদের ক্ষেত্রেও ভারতের অগ্রগতি IMF -এর চোখে আশাব্যঞ্জক বলেই উল্লেখ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘সংস্কার, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং আইটি-দক্ষ মানবসম্পদের উন্নয়নে ভারত যে ধারাবাহিক কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়।’ তাঁর কথায়, ভারতের এই সম্মিলিত শক্তিই দেশকে এআই ক্ষেত্রে আন্তর্জাতিক হাবে পরিণত করার পথে এগিয়ে দিচ্ছে।

ছবি : প্রতীকী ও সংগৃহীত 

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচীর সূচনা করেন। উদ্দেশ্য ছিল, ভারতকে বিশ্ব উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্যেই শিল্পনীতি, বিদেশি বিনিয়োগ, পরিকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরের মতো একাধিক ক্ষেত্রে সংস্কারে জোর দেয় মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। সময়ের সঙ্গে সঙ্গে ‘ডিজিটাল ইন্ডিয়া’, ‘স্টার্টআপ ইন্ডিয়া’ এবং সাম্প্রতিক কালে ‘ইন্ডিয়া AI’ উদ্যোগ ভারতের প্রযুক্তিগত সক্ষমতাকে আরও দৃঢ় করেছে। এই প্রেক্ষাপটেই এআই ক্ষেত্রে ভারতের অবস্থান নিয়ে সম্প্রতি একটি বিতর্ক তৈরি হয়েছিল। IMF -এর এক আলোচনায় ভারতের AI অবস্থানকে ‘দ্বিতীয় স্তরের’ বলে উল্লেখ করা হয়েছে, এমন ধারণা তৈরি হওয়ায় আপত্তি জানান কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তিনি স্পষ্ট করে বলেন, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Stanford University) র‌্যাঙ্কিং অনুযায়ী AI ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। ফলে ভারতকে পিছিয়ে থাকা দেশ হিসেবে দেখানো তথ্যগত ভাবে সঠিক নয়।

আরও পড়ুন : PM Narendra Modi and PM Benjamin Netanyahu discuss strategic partnership | ভারত-ইসরায়েল কূটনীতিতে নতুন গতি: নরেন্দ্র মোদী–নেতানিয়াহুর আলোচনায় জোর সন্ত্রাসবিরোধী সহযোগিতা ও শান্তিপ্রক্রিয়ায় সমর্থন

এই বিতর্ক প্রসঙ্গে মুখ খুলে ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, বিষয়টি আসলে একটি ‘ছোটখাটো বিভ্রান্তি’। তাঁর বক্তব্য, ‘আলোচনার সময় সঞ্চালক IMF -এর অবস্থান সঠিক ভাবে তুলে ধরতে পারেননি। আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার, AI উন্নয়নে ভারত বিশ্বের অন্যতম প্রধান শক্তি।’ IMF প্রধানের এই মন্তব্যে কার্যত ভারতের অবস্থান নিয়ে যাবতীয় জল্পনায় ইতি টানলেন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্তা। এআই-এর বৈশ্বিক প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনে বিশ্ব অর্থনীতির উৎপাদনশীলতা ও প্রবৃদ্ধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাঁর মতে, ‘AI ব্যবহারের ফলে আন্তর্জাতিক অর্থনৈতিক বৃদ্ধি প্রায় ০.৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।’ এই সম্ভাবনার নিরিখে ভারত যেভাবে প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে, তা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশকে আরও এগিয়ে দেবে বলেই মনে করছে IMF। ভারতকে একটি ‘ডায়নামিক ইকোনমি’ বা গতিশীল অর্থনীতি হিসেবে উল্লেখ করে IMF প্রধান বলেন, ‘AI-এর সঙ্গে ভারতের ভবিষ্যৎ আরও উজ্জ্বল। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে এবং এগিয়ে যেতে ভারত যে পরিকল্পিত পথে AI-কে কাজে লাগাচ্ছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।’ তাঁর মতে, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, যেমন আধার, ইউপিআই, ডিজিলকার, ভারতকে প্রযুক্তিগত অন্তর্ভুক্তির এক অনন্য মডেল দিয়েছে, যা বহু দেশ অনুসরণ করতে চাইছে। বিশ্ব অর্থনীতিতে যখন যুদ্ধ, মূল্যবৃদ্ধি এবং আর্থিক অস্থিরতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তখন ভারতের স্থিতিশীল বৃদ্ধি IMF -এর কাছেও আশার আলো। ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মধ্যেও ভারত একটি উজ্জ্বল দৃষ্টান্ত।’ তিনি আরও জানান, খুব শিগগিরই তিনি ভারতে আসছেন এবং সেই সফর নিয়ে তিনি অত্যন্ত উৎসাহী।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে আয়োজিত ‘ইন্ডিয়া AI সামিট’-এ (India- AI Summit) অংশ নেওয়ার কথা রয়েছে IMF প্রধানের। এই সম্মেলনে ভারতের AI নীতি, স্টার্টআপ ইকোসিস্টেম এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, IMF প্রধানের এই সফর এবং তাঁর ইতিবাচক মন্তব্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ভারতের প্রযুক্তি ও অর্থনীতির প্রতি আস্থা আরও বাড়াবে। তবে, এআই অগ্রগতি থেকে কাঠামোগত সংস্কার, ভারতের উন্নয়নপথ যে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পাচ্ছে, IMF প্রধানের মন্তব্য তারই জোরালো প্রমাণ।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Rimi Sen Dubai business | বলিউড ছেড়ে দুবাইয়ে : অভিনয়ের আলো ঝাপসা হলেও ব্যবসায় সফল রিমি সেন

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন