সাশ্রয় নিউজ ডেস্ক ★ রায়গড় : ছত্তীসগঢ়ে (Chhattisgarh) শিল্প নিরাপত্তা নিয়ে ফের বড় প্রশ্ন তুলে দিল এক ভয়াবহ দুর্ঘটনা। রাজ্যের বলোদাবাজা-ভাটাপাড়া (Balodabazar- Bhatapara) জেলায় অবস্থিত একটি স্পঞ্জ আয়রন কারখানায় আচমকা বিস্ফোরণে ছয় জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন শ্রমিক। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনার জেরে গোটা শিল্পাঞ্চল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গলিত লোহার ছিটে শরীরে পড়ে ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয় ছয় শ্রমিকের বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে কারখানার ডাস্ট সেটলির চেম্বার বা ডিএসসি (Dust Settling Chamber- DSC) ইউনিটে স্বাভাবিক কাজ চলছিল। এই ইউনিটে মূলত লোহার গুঁড়ো প্রক্রিয়াকরণ ও গলানোর কাজ করা হয়। আচমকাই ওই চেম্বারের ভিতরে একটি প্রবল বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা কারখানা। বিস্ফোরণের অভিঘাতে চেম্বারের ভিতর থেকে গলিত লোহা ছিটকে পড়ে আশপাশে কাজ করা শ্রমিকদের উপর। আগুন ও তীব্র তাপের ধাক্কায় ছয় জন শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান।প্রত্যক্ষদর্শী শ্রমিকদের বর্ণনা অনুযায়ী, বিস্ফোরণের মুহূর্তে কারখানার ভিতরে কার্যত নরকীয় পরিস্থিতি তৈরি হয়। এক শ্রমিক জানান, ‘হঠাৎই প্রচণ্ড শব্দ হয়, তারপর চারদিকে আগুন আর ধোঁয়া ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই সবাই দৌড়ে বাইরে বেরোতে শুরু করে।’ তবে যাঁরা চেম্বারের খুব কাছে কাজ করছিলেন, তাঁদের পালানোর কোনও সুযোগই মেলেনি। গলিত লোহার ছিটে শরীরে পড়ে তাঁরা মারাত্মক ভাবে ঝলসে যান।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধারকারীরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহত শ্রমিকদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। আহত পাঁচ জন শ্রমিকের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছত্তীসগঢ়ের স্বাস্থ্যমন্ত্রী শ্যামবিহারী জয়সওয়াল (Shyam Bihari Jaiswal) এই দুর্ঘটনার কথা জানার পরই জেলা প্রশাসনকে তৎপর হতে নির্দেশ দেন। তিনি জেলাশাসককে আহত শ্রমিকদের চিকিৎসার ক্ষেত্রে কোনও রকম ত্রুটি না রাখতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছে রাজ্য সরকার।
এই মর্মান্তিক ঘটনার পরেই বিস্ফোরণের কারণ নিয়ে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ডিএসসি চেম্বারের ভিতরে যান্ত্রিক ত্রুটি বা অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে এর পিছনে কোনও মানবিক গাফিলতি ছিল কি না, কিংবা নিরাপত্তা বিধি ঠিকমতো মানা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠনের কথাও জানা গিয়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, স্পঞ্জ আয়রন কারখানায় ডাস্ট সেটলির চেম্বার অত্যন্ত সংবেদনশীল একটি অংশ। এখানে উচ্চ তাপমাত্রায় লোহার গুঁড়ো প্রক্রিয়াকরণ করা হয়। সামান্য ত্রুটি বা রক্ষণাবেক্ষণের ঘাটতিই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই নিয়মিত প্রযুক্তিগত পরিদর্শন ও কঠোর নিরাপত্তা বিধি মেনে চলা অত্যন্ত জরুরি। কিন্তু বাস্তবে বহু ক্ষেত্রেই উৎপাদনের চাপের কারণে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি উপেক্ষিত থেকে যায় বলে অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশও এই দুর্ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের দাবি, ওই কারখানায় আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছিল। শ্রমিকদের পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম দেওয়া হত কি না, কিংবা জরুরি পরিস্থিতিতে কী করণীয় তা নিয়ে প্রশিক্ষণ ছিল কি না, সেই বিষয়গুলিও তদন্তের আওতায় আনা উচিত বলে মনে করছেন তাঁরা।
উল্লেখ্য, ছত্তীসগঢ় শিল্প উৎপাদনের দিক থেকে দেশের একটি গুরুত্বপূর্ণ রাজ্য। এখানে একাধিক স্পঞ্জ আয়রন ও ইস্পাত কারখানা রয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে শ্রমিক নিরাপত্তা নিয়ে বারবার অভিযোগ উঠেছে। এর আগেও বিভিন্ন শিল্প দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। ফলে এই দুর্ঘটনা নতুন করে শ্রমিক নিরাপত্তা ও শিল্প কারখানায় নজরদারি জোরদার করার দাবি তুলেছে। এই ঘটনার পর কারখানাটি আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেখানে উৎপাদন শুরু হবে না বলেই ইঙ্গিত প্রশাসনের। নিহত শ্রমিকদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে এবং তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে প্রশাসন। অন্যদিকে, ছত্তীসগঢ়ের এই স্পঞ্জ আয়রন কারখানার বিস্ফোরণ শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, বরং শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চিত্রকে সামনে এনে দিয়েছে। ছয় জন শ্রমিকের অকালমৃত্যু আবারও মনে করিয়ে দিল, উৎপাদনের সঙ্গে সঙ্গে মানবজীবনের সুরক্ষা নিশ্চিত করাই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Elon Musk Ryanair Poll | স্টারলিংক বিতর্কে নতুন মোড়, সোশ্যাল মিডিয়ায় ‘রায়ানএয়ার কিনে নেওয়া উচিত কি না’ : ভোটাভুটি খুলে দিলেন ইলন মাস্ক




