সাশ্রয় নিউজ ডেস্ক ★ আসানসোল : আসানসোল (Asansol) রেল ডিভিশনে বৃহস্পতিবার সকালে ঘটে গেল ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। যা মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় গোটা এলাকায়। ব্যস্ত সকাল, রেলগেটের দু’পাশে দাঁড়িয়ে ট্রাক, ছোট গাড়ি ও একাধিক মোটরসাইকেল। ঠিক সেই সময়ই প্রবল গতিতে ছুটে আসে গোন্ডা-আসানসোল এক্সপ্রেস (Gonda-Asansol Express)। চোখের পলকে রেলগেটের উপর থাকা চাল বোঝাই একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে ট্রেনটি। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ট্রাকটি ছিটকে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের ইঞ্জিনও। অল্পের জন্য বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পেলেন বহু মানুষ। রেল সূত্রে খবর, ঝাড়খণ্ডের (Jharkhand) জসিডিহ (Jasidih) ও মধুপুর (Madhupur) স্টেশনের মাঝামাঝি আসানসোল রেলওয়ে ডিভিশনের (Asansol Railway Division) রোহিণী-নাওয়াডিহি (Rohini-Nawadih) রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল প্রায় ১০টা নাগাদ ১৩৫১০ নম্বর গোন্ডা-আসানসোল এক্সপ্রেস একটি চাল বোঝাই ট্রাককে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের কথায়, রেলগেটে তখন প্রচুর যানবাহনের ভিড় ছিল। ট্রাকটি রেললাইন পারাপারের সময়ই আচমকা ট্রেনটি চলে আসে।
আরও পড়ুন : Samik Bhattacharya 2026 Election | ২০২৬ ভোটের আগে বিজেপি কর্মীদের ঝাঁপানোর ডাক শমীক ভট্টাচার্যের
দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, ট্রেনের ধাক্কায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দিকে ঘুরে যায়। ট্রাকের একেবারে পাশে দাঁড়িয়ে থাকা দুটি মোটরসাইকেলও সংঘর্ষের চাপে ট্রাকের নীচে ঢুকে পড়ে। সৌভাগ্যবশত, মোটরসাইকেল আরোহীরা সময় বুঝে সরে যাওয়ায় প্রাণে বেঁচে যান। স্থানীয় বাসিন্দারা জানান, ‘কয়েক সেকেন্ড এদিক-ওদিক হলে আজ বড় দুর্ঘটনা ঘটে যেত।’
উল্লেখ্য যে, এই ঘটনায় ট্রাকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ট্রেনের ইঞ্জিনেও ক্ষয়ক্ষতি হয়েছে। সংঘর্ষের পরপরই নিরাপত্তার স্বার্থে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে ওই রুটে বেশ কিছুক্ষণ ট্রেন পরিষেবা ব্যাহত হয়। রেল আধিকারিকদের তৎপরতায় প্রায় সকাল ১১টা নাগাদ আপ লাইনে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়। পরে ইঞ্জিন পরীক্ষা ও রেললাইন পরিষ্কারের কাজ শেষ হলে ডাউন লাইনেও পরিষেবা স্বাভাবিক হয়।
রেলগেটের দায়িত্বে থাকা গেটম্যান পঙ্কজ কুমার (Pankaj Kumar) এই দুর্ঘটনা প্রসঙ্গে জানান, ‘অতিরিক্ত ট্রাফিকের কারণে সেই সময় ট্রেনের জন্য সিগন্যাল দেওয়া হয়নি। গেট এলাকায় প্রচুর গাড়ি জমে গিয়েছিল। সেই অবস্থাতেই ডাউন লাইনে গোন্ডা-আসানসোল এক্সপ্রেস চলে আসে এবং লেভেল ক্রসিংয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা মারে।’ যদিও এই বক্তব্য ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, রেলগেটে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া হলে এমন ঘটনা এড়ানো সম্ভব ছিল।দুর্ঘটনার খবর পেয়েই রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। পাশাপাশি রেল সুরক্ষা বাহিনী (Railway Protection Force- RPF) এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত হন। ক্ষতিগ্রস্ত ট্রাক ও ট্রেনের ইঞ্জিন পরীক্ষা করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সৌভাগ্যক্রমে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে রেল কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং গাফিলতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
স্থানীয় মানুষজনের অভিযোগ, ওই রেলগেটটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। ব্যস্ত সময়ে এখানে ভারী যানবাহনের চাপ থাকে। অনেক সময়েই তাড়াহুড়ো করতে গিয়ে চালকেরা রেললাইন পারাপার করার চেষ্টা করেন। এ দিনের ঘটনায় ট্রেনের গতি যদি আরও কিছুটা বেশি হত, তা হলে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি অনিবার্য ছিল বলে মত এলাকাবাসীর। তাঁদের দাবি, ‘রেলগেটে স্বয়ংক্রিয় ব্যবস্থা ও আরও কড়া নজরদারি প্রয়োজন।’ অন্যদিকে, এই দুর্ঘটনা আবারও রেলগেটগুলিতে নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তুলেছে। দেশের বিভিন্ন প্রান্তে রেলগেটে দুর্ঘটনার সংখ্যা কমাতে একাধিক পদক্ষেপ করা হলেও বাস্তবে এখনও অনেক জায়গায় ঝুঁকি রয়ে যাচ্ছে। আসানসোল ডিভিশনের এই ঘটনা সেই বাস্তবতাকেই সামনে এনে দিল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট তৈরি করা হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ওয়াকিবহাল মহলের মতে, অল্পের জন্য রক্ষা পাওয়া এই দুর্ঘটনা সাধারণ মানুষের মনে আবারও আতঙ্কের ছায়া ফেলেছে। ব্যস্ত রেলগেট, অসচেতনতা ও অতিরিক্ত যানবাহনের চাপ, সব মিলিয়ে বিপদের সম্ভাবনা যে এখনও কতটা প্রকট, তা এদিনের আসানসোল ডিভিশনের ঘটনাই সামনে এনে দিল।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Dog Loyalty Story India, Madhya Pradesh Viral News | মালিক নেই, তবু সঙ্গ ছাড়েনি পোষ্য, শিবপুরীতে কুকুরের নিঃশর্ত আনুগত্যে আবেগঘন দৃশ্য




