প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত জুটিগুলির মধ্যে অন্যতম বিজয় দেবরকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ ছিল না। কখনও একসঙ্গে ছুটির ছবি, কখনও একই লোকেশনের ব্যাকগ্রাউন্ড, সব মিলিয়ে প্রেমের গুঞ্জন ছিল জোরালো। যদিও দু’জনের কেউই প্রকাশ্যে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে বছরশেষের মুখে সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল। ঘনিষ্ঠ সূত্রের দাবি, প্রেমের মাস ফেব্রুয়ারিতেই চার হাত এক হতে চলেছে বিজয় ও রশ্মিকার।ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাজস্থানের উদয়পুরে এক ঐতিহ্যবাহী প্রাসাদে বসতে চলেছে তাঁদের বিয়ের আসর। রাজকীয় পরিবেশে, সম্পূর্ণ ঘরোয়া আয়োজনে এই বিয়ে সারতে চান এই তারকা যুগল। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য, নিকট আত্মীয় ও খুব কাছের বন্ধুরা। বিয়ের পর অবশ্য বড়সড় উদ্যাপনের পরিকল্পনাও রয়েছে। জানা যাচ্ছে, উদয়পুরের অনুষ্ঠান শেষ করে হায়দরাবাদে ফিরেই ইন্ডাস্ট্রির বন্ধু ও সহকর্মীদের নিয়ে রিসেপশন আয়োজন করবেন নবদম্পতি।

বিজয় ও রশ্মিকার সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। ‘গীতা গোবিন্দম’ ছবির পর থেকেই তাঁদের ঘনিষ্ঠতা নজরে পড়েছিল অনুরাগীদের। যদিও সেই সময় তাঁরা বিষয়টিকে শুধুই বন্ধুত্ব বলে এড়িয়ে গিয়েছিলেন। পরবর্তী সময়ে একসঙ্গে বিদেশ ভ্রমণ, একই সময় ছুটি নেওয়া এবং সোশ্যাল মিডিয়ায় মিল পাওয়া ছবি ও ভিডিও থেকেই জল্পনা আরও ঘনীভূত হয়। সম্প্রতি বাগ্দানের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর অনুরাগীদের নজর কেড়েছে আরও একটি বিষয়, দু’জনের অনামিকায় ঝলমলে আংটি।
যদিও কেউই তা নিয়ে কোনও ব্যাখ্যা দেননি, তবু সেই আংটিই নাকি সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত। ফেব্রুয়ারি মাসকে বলা হয় প্রেমের মাস। সেই মাসেই দীর্ঘ দিনের প্রেম পরিণতি পেতে চলেছে, এই খবরে স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া অনুরাগী মহলে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুভেচ্ছার বন্যা। যদিও বিজয় দেবরকোন্ডা বা রশ্মিকা মন্দানার তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ঘনিষ্ঠ মহলের বক্তব্য, তাঁরা চাইছেন ব্যক্তিগত জীবনকে যতটা সম্ভব লাইমলাইটের বাইরে রাখতে।
বিশেষ করে রশ্মিকা কেন প্রেম বা বিয়ে নিয়ে এতটা গোপনীয়তা বজায় রাখছেন, তা নিয়েও ইন্ডাস্ট্রিতে আলোচনা কম নয়। অনেকেরই মনে আছে, ২০১৭ সালের জুলাই মাসে কন্নড় অভিনেতা রক্ষিত শেট্টির (Rakshit Shetty) সঙ্গে রশ্মিকার বাগ্দান হয়েছিল। সেই বাগ্দান এক বছর পর ভেঙে যায়। কেন সেই সম্পর্ক ভাঙল, সে বিষয়ে দু’জনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি। ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, সেই অভিজ্ঞতার কারণেই রশ্মিকা নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এখন অনেক বেশি সতর্ক। প্রেম, বাগ্দান বা বিয়ে, সব কিছুতেই তিনি চেয়েছেন নীরবতা বজায় রাখতে। অন্য দিকে, বিজয় দেবরকোন্ডাও বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে কম কথা বলেন। কাজের সূত্রে নানা বিতর্কে জড়ালেও প্রেম বা সম্পর্ক নিয়ে তাঁকে খুব একটা মন্তব্য করতে দেখা যায়নি। ফলে দু’জনের এই সিদ্ধান্ত, চুপিসারেই বিয়ে সেরে ফেলা, তাঁদের স্বভাবের সঙ্গেই মানানসই বলে মনে করছেন অনেকে। বলা যায়, দক্ষিণী ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় জুটির বিয়ে যে আগামী বছরের অন্যতম আলোচিত ঘটনা হতে চলেছে, তা বলাই বাহুল্য। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও উদয়পুরের রাজকীয় প্রাসাদে সাতপাকে বাঁধা পড়ার খবর ইতিমধ্যেই অনুরাগীদের হৃদয়ে উত্তেজনার সঞ্চার করেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে নিজেরাই মুখ খুলবেন বিজয় ও রশ্মিকা।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন: Rashmika Mandanna Wedding | রশ্মিকা-বিজয় বিয়ের গুঞ্জনে নতুন মোড়! অবশেষে মুখ খুললেন ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানা




