সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) কি সত্যিই বাগদান সেরে ফেলেছেন বিজয় দেবেরাকোন্ডার (Vijay Deverakonda) সঙ্গে? নেটদুনিয়া, পাপারাজ্জি, ফ্যান, সবার নজর এখন তাঁদের ব্যক্তিগত জীবনের দিকে। বহুদিন ধরেই সম্পর্কের জল্পনা চলছে এই দুই দক্ষিণী তারকাকে নিয়ে। আর তা আরও উস্কে দেয় রশ্মিকার সাম্প্রতিক একটি ছবি, যেখানে তাঁর অনামিকায় জ্বলজ্বল করা হীরের আংটি দেখেই শুরু হয় নতুন গুঞ্জন। দাবি ওঠে, গোপনে নাকি সম্পন্ন হয়েছে আংটি বদল!

এমনই নানা কৌতূহল ও চর্চার মাঝে এবার প্রথমবার সরাসরি নিজের মুখে বিয়ে প্রসঙ্গে মন্তব্য করলেন রশ্মিকা। তবে তাঁর বক্তব্যে মিলল না হ্যাঁ বা না, মিলল ব্যক্তিগত পরিসর রক্ষার আবেদন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে সরাসরি প্রশ্ন করা হয়, বিজয় দেবেরাকোন্ডার (Vijay Deverakonda) সঙ্গে বিয়ে বা বাগদানের খবর কি সত্যি? রশ্মিকা মেনেও নিলেন না, উড়িয়েও দিলেন না। তাঁর কথায়, “আমি এই নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। আমার ব্যক্তিগত জীবন নিয়ে সিলমোহরও দিতে চাই না, আবার অস্বীকারও করতে চাই না। যখন আমরা মনে করব যে এই বিষয়টি জনসমক্ষে বলা উচিত, তখনই আমরা নিজেদের মুখে জানাব। ততক্ষণ আমাদের একটু ব্যক্তিগত পরিসরটা দিলে ভালো হয়। প্রত্যেকেরই একটা ব্যক্তিগত জীবন থাকে, সেটাকে সম্মান করা উচিত।” অর্থাৎ রশ্মিকার মন্তব্য আরও একবার উস্কে দিয়েছে আলোচনা—তাঁর নীরব সম্মতি কি বিয়ের ইঙ্গিতই দিচ্ছে?
প্রসঙ্গত, বহু বছর ধরেই রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম নিয়ে গুঞ্জন চলছে। কেউ বলেন ছয় বছর, কেউ বলেন আট বছর, এই তারকা জুটি নাকি দীর্ঘদিন ধরে সম্পর্কে। যদিও দু’জনই কখনও প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি।তবে তাঁদের আচরণ, প্রকাশ্য জায়গায় একসঙ্গে দেখা যাওয়া, সোশ্যাল মিডিয়ায় একই জায়গার ভিন্ন ছবি পোস্ট, সবই আলোকপাত করেছে সম্পর্কের দিকেই। ভক্তদের দাবি, কখনও তাঁদের দেখা গেছে মুম্বইয়ের রেস্তোরাঁয় ডিনার ডেটে, কখনও একই লোকেশনে ছুটি কাটাতে।
যদিও সবসময় তাঁরা ক্যামেরার সামনে ‘বন্ধু’ হিসেবেই থেকেছেন।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন ‘থামা’র প্রচারে রশ্মিকার আঙুলে দেখা যায় উজ্জ্বল হীরের আংটি। সোশ্যাল মিডিয়া ভরে যায় মন্তব্যে, “এই কি সেই বাগদানের আংটি?” “গোপনে রশ্মিকা-বিজয় কি আড়াই লাখি আংটি বদল সেরে ফেলেছেন?” আংটি নিয়ে প্রশ্ন করা হলে রশ্মিকা হেসে বলেন, “সবাই তো সব জেনে গিয়েছে দেখছি!” তবে তিনি বাগদানের খবরকে নিশ্চিত করেননি।
বেশ কিছু সূত্র দাবি করছে, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরে মহাধুমধামে মালাবদল করবেন রশ্মিকা-বিজয়। সাজানো হবে রাজকীয় আয়োজন, অতিথি তালিকায় থাকবে দক্ষিণী ও বলিউডের অর্ধেক তারকা। যদিও নায়িকা এখনই কোনও ঘোষণার পক্ষে নন। তাঁর বারবারের অনুরোধ, “ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন।” ফলে পরিষ্কার, এখনই বিয়ের খবর প্রকাশ্যে আসছে না। তবে এই জুটির আচরণ দেখে ভক্তরা আশাবাদী, খুব শিগগিরই আসতে পারে সুখবর।
রশ্মিকার মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, ওঁদের ব্যক্তিগত জীবনে কিছু একটা ঘটছে। কিন্তু তা প্রকাশ্যে আনার সময় এখনই নয়। তিনি সিলমোহর না দিলেও অস্বীকারও না করায় ভক্তদের প্রশ্ন, ‘তাহলে কি বিয়ের দিনক্ষণ ঠিক হয়েই গিয়েছে?’ এমন এক রহস্যময় অবস্থানই আরও বেশি কৌতূহল বাড়াচ্ছে। আর একটি বিষয় স্পষ্ট, ‘ন্যাশনাল ক্রাশ’ এখন নিজের ক্যারিয়ারের পাশাপাশি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি পুরোপুরি নিজের মতো করেই এগিয়ে নিতে চান।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Rashmika Mandanna The Girlfriend Box Office | প্রথম সোমবারেই জোড়া সাফল্য রশ্মিকার ‘দ্য গার্লফ্রেন্ড’-এর! চার দিনে আয় ৭.৫ কোটি টাকা




