সাশ্রয় নিউজ ডেস্ক ★ মাস্কাট: ভারত ও ওমানের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করতে উদ্যোগী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার সকালে ওমানের রাজধানী মাস্কাটে আয়োজিত একটি উচ্চপর্যায়ের বিজনেস ফোরামে অংশ নিয়ে তিনি দুই দেশের শিল্পপতিদের সামনে বিনিয়োগ, বাণিজ্য ও উদ্ভাবনের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী জানান, ভারত ও ওমান- দু’দেশের শিল্প প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এই ফোরাম অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। একই সঙ্গে তিনি ওমানের ব্যবসায়ীদের ভারতকে ভবিষ্যৎ বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে জানা যায়, ভারত ও ওমানের সম্পর্ক কেবল কূটনৈতিক স্তরেই সীমাবদ্ধ নয়, তা বহু শতাব্দী পুরনো বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগসূত্রের ওপর দাঁড়িয়ে রয়েছে। আরব সাগরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে সামুদ্রিক বাণিজ্যের ঐতিহ্য গড়ে উঠেছিল, এখন তা আধুনিক অর্থনীতির রূপ নিয়ে নতুন করে শক্তিশালী হচ্ছে। বিজনেস ফোরামে এই ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেই প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে প্রযুক্তি, পরিকাঠামো, জ্বালানি এবং স্টার্টআপ ইকোসিস্টেম, এই সব ক্ষেত্রে ভারত-ওমান সহযোগিতা আরও বিস্তৃত হতে পারে। মাস্কাটের এই বিজনেস ফোরামে ভারতের পাশাপাশি ওমানের একাধিক বড় শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, তথ্যপ্রযুক্তি, সবুজ শক্তি, লজিস্টিক্স, বন্দর উন্নয়ন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং উৎপাদন শিল্পে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, ভারত আজ দ্রুত বিকাশমান অর্থনীতির দেশ, যেখানে সংস্কার, ডিজিটালাইজেশন এবং যুবশক্তির মিলনে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
আরও পড়ুন :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বলেন, ‘ভারত এখন শুধু একটি বাজার নয়, ভারত একটি উদ্ভাবনী কেন্দ্র। ওমানের ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করলে তারা শুধু মুনাফাই নয়, দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের সুযোগ পাবেন।’ তাঁর এই বক্তব্যকে একাধিক শিল্পপতি অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক কুটনৈতিকদের মতে, এই বিজনেস ফোরাম ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’, ‘স্টার্টআপ ইন্ডিয়া’ এবং ‘ডিজিটাল ইন্ডিয়া’ উদ্যোগের আন্তর্জাতিক সম্প্রসারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ওমান মধ্যপ্রাচ্যের একটি কৌশলগত দেশ হওয়ায়, সেখানে বিনিয়োগ ও বাণিজ্য বাড়লে ভারতের জন্য গোটা উপসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ওমানের জন্যও ভারত হয়ে উঠতে পারে এশিয়ার বৃহৎ বাজারে প্রবেশের একটি শক্তিশালী দরজা। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধিদলে থাকা আধিকারিকদের মতে, এই ফোরামের মাধ্যমে দু’দেশের মধ্যে ইতিমধ্যেই স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির বাস্তব রূপায়ণ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক Comprehensive Economic Partnership Agreement (CEPA) বাস্তবায়নের পর কীভাবে বাণিজ্যের পরিমাণ আরও বাড়ানো যায়, তা নিয়েই ছিল মূল ফোকাস। এই চুক্তির ফলে শুল্ক হ্রাস, সহজ বাণিজ্যিক নীতি এবং বিনিয়োগ সুরক্ষার মতো সুবিধা মিলবে বলে আশা করা হচ্ছে।
রাজনৈতিক মহলের মতে, এই সফর শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকেই নয়, কূটনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলিতে যে নতুন উচ্চতায় পৌঁছেছে, মাস্কাটের এই বিজনেস ফোরাম তারই একটি প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত যে ‘ইনভেস্টর-ফ্রেন্ডলি’ দেশ হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছে, এই ধরনের আন্তর্জাতিক মঞ্চে তার স্পষ্ট বার্তা পৌঁছে যাচ্ছে। মাস্কাটে আয়োজিত এই বিজনেস ফোরাম ভারত-ওমান সম্পর্কের নতুন অধ্যায় রচনার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। বিনিয়োগ, উদ্ভাবন এবং যৌথ উন্নয়নের যে বার্তা প্রধানমন্ত্রী দিয়েছেন, তা আগামী দিনে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে বলেই আশাবাদী ওয়াকিবহাল মহলের।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : PM Narendra Modi Vocal for Local speech | উৎসবের মরশুমে স্বদেশী ঝড় : ‘ভোকাল ফর লোকাল’-এর নয়া ডাক দিয়ে আত্মনির্ভরতার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর



