India vs South Africa T20 | Arshdeep Singh wides: বিশ্বকাপের আগে ভয়ংকর সতর্কবার্তা! মুল্লানপুরে ৫১ রানে হার, ব্যর্থ সূর্য-গিল-অর্শদীপ, গম্ভীরের কাঁধে প্রশ্নের পাহাড়

SHARE:

গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিংয়ে ভারতীয় দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজেদের ধারাবাহিকতা বজায় রাখা। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা ও ম্যাচ পরিস্থিতি বোঝার ক্ষমতা তরুণ ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত করে তুলছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, গম্ভীরের নেতৃত্বে ভারত শুধু শক্তিশালী প্রতিপক্ষদের মোকাবিলা করবে না, তরুণদের দিয়ে দলকে নতুন মাত্রাও দেবে।

শোভনা মাইতি, ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুল্লানপুর : বিশ্বকাপের আর দু’মাসও বাকি নেই। তার আগে ভারতের ক্রিকেটে অশনি সংকেত দেখা গেল মুল্লানপুরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫১ রানের বড় হারের পর শুধু স্কোরবোর্ড নয়, অভিজ্ঞ ক্রিকেটারদের ব্যর্থতা, অধিনায়কের সিদ্ধান্ত, পেসারদের নিয়ন্ত্রণহীনতা সব মিলিয়ে ভারতীয় শিবিরে তৈরী হয়েছে অস্বস্তির ছায়া। অথচ ম্যাচ শেষে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) সহজ স্বরে বলে দিলেন, “Everything is okay… fine.” কিন্তু মাঠের ছবি বলছে তার উল্টো। সবচেয়ে বড় ধাক্কা দিলেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০-র বেশি উইকেট নেওয়া পেসার যে নিজের ঘরের মাঠে এমনভাবে ভেঙে পড়বেন, তা কেউ ভাবেনি। বিশেষ করে কুইন্টন ডি’কক (Quinton de Kock)-এর সামনে তিনি একপ্রকার অসহায়। ম্যাচের ১১তম ওভারেই ভেঙে গেল তাঁর আত্মবিশ্বাস। প্রথম বলেই ডি’কক ছক্কা মারতেই নিয়ন্ত্রণ হারাতে থাকেন অর্শদীপ। অফ স্টাম্পের বাইরে বল করতে গিয়েই করেন সাতটি ওয়াইড। একটি ওভারেই ১৩টি বল, পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টির সবচেয়ে লজ্জাজনক রেকর্ডের ভাগীদার হলেন তিনি। আগের রেকর্ড ছিল আফগানিস্তানের নবীন-উল-হকের (Naveen-ul-Haq) দখলে।

আরও পড়ুন : India Blind Women Cricket Team, India vs Nepal Final | আবার বিশ্বচ্যাম্পিয়ন ভারত, দৃষ্টিহীনদের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের দুর্দান্ত জয়

ডাগআউটে বসে গৌতম গম্ভীর (Gautam Gambhir) নিজেও মেজাজ হারিয়ে ফেলেন। ক্যামেরায় ধরা পড়ে তিনি উত্তেজিতভাবে বোলিং কোচ মর্নি মর্কেলের (Morne Morkel) সঙ্গে কথা বলছেন। গম্ভীর স্পষ্টই বুঝিয়ে দেন, এমন বোলিং বিশ্বকাপের প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়াবে। এর বাইরে হতাশ করলেন সিনিয়র পেসার জসপ্রীত বুমরাহও (Jasprit Bumrah)। দুই প্রধান পেসার ৮ ওভারে দিলেন ৯৯ রান! উইকেট একটিও নয়। শিশির ছিল ঠিকই, কিন্তু এরকম লাইন–লেংথ বিশ্বকাপের আগে বড় বিপদ ডেকে আনতে পারে। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং শুরু থেকেই ছন্নছাড়া করে দেয় ভারতীয় বোলারদের। রিজা হেনড্রিক্স (Reeza Hendricks) ব্যর্থ হলেও ডি’কক ও এডেন মার্করাম (Aiden Markram) মিলে ৮৩ রানের জুটি গড়ে বড় রানের ভিত তৈরি করেন। বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) নিজের জাদুকরী লেগস্পিনে মার্করাম ও ডি’কক-কে ফেরালেও বাকি বোলারদের অবস্থা আরও খারাপ হয়। শেষে ডেভিড মিলার (David Miller) ও ডোনোভান ফেরেইরা (Donovan Ferreira)-র তোলা অর্ধশতরানের জুটিতে দক্ষিণ আফ্রিকা চূড়ান্তভাবে ম্যাচ হাতের বাইরে নিয়ে যায়। ২০ ওভারে ৪ উইকেটে ২১৩।

ভারতের ইনিংস শুরু থেকেই বিপর্যস্ত। আবার ব্যর্থ শুভমন গিল (Shubman Gill)। প্রথম বলেই খোঁচা মেরে শূন্য রানে ফিরলেন। গম্ভীর তাঁকে দলে ফিরিয়ে সহ-অধিনায়ক করেছেন, কিন্তু তাঁর ফর্ম এখন ভারতের জন্য বড় চিন্তা। অভিষেক শর্মা (Abhishek Sharma) দু’টি ছক্কা মারলেও বড় রান করতে পারলেন না; মার্কো জানসেনের (Marco Jansen) দুর্দান্ত ইন-সুইঙ্গারে এল পোল-বোল্ড। অধিনায়ক সূর্যও ফের ব্যর্থ, ৫ রানে আউট হন।

সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত, অক্ষর প্যাটেলকে (Axar Patel) তিন নম্বরে নামানো। তিলক বর্মা (Tilak Varma) বা হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)-র মতো ব্যাটারকে রেখে এত উপরে কেন অক্ষর? তিনি ২১ বলে ২১ রান করে রানের চাপ আরও বাড়িয়ে দিলেন। তিলক চেষ্টা করছিলেন একাই লড়াই ধরে রাখতে। তাঁর ব্যাটিং ছিল ম্যাচে ভারতের একমাত্র ইতিবাচক দিক। ৬১ রানের ইনিংস কিছুটা আশা জাগালেও সঙ্গ পেলেন না প্রয়োজনীয়। জিতেশ শর্মা (Jitesh Sharma) ভাগ্যের জোরে একটি বল বাঁচলেও শেষে ২৭ রানে ফিরলেন।

দক্ষিণ আফ্রিকার বোলারদের কাছে মাথা নোয়াতে হল ভারতকে। শিশির থাকা সত্ত্বেও তারা লাইন-লেংথ বদলে, ধীরে ওয়ারিয়র বল করে ভারতীয় ব্যাটারদের থিতু হতে দেয়নি। মুল্লানপুরের বড় বাউন্ডারি কাজে লাগিয়ে দৌড়ে রান তুলল দক্ষিণ আফ্রিকা, কিন্তু ভারতের ব্যাটাররা বড় শট খেলতে গিয়েই উইকেট ছুড়ে এলেন। উল্লেখ্য যে, ১৯.১ ওভারে ১৬২-তে গুটিয়ে গেল সূর্যের ভারত। হারের ব্যবধান ৫১ রান, কিন্তু আরও ভয়ানক হল যে ২০ ওভারে ভারত দিল ২২ রান অতিরিক্ত! তার মধ্যে ১৬ ওয়াইড। প্রায় তিন ওভার বেশি বল করতে হয়েছে, এটাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। গম্ভীরের পছন্দে শুভমন, কোচিং সিদ্ধান্ত, সূর্যের অধিনায়কত্ব, সব কিছু নিয়েই এখন উঠছে প্রশ্ন। বিশ্বকাপের আগে ভারতের প্রস্তুতি যে বেশ জটিল, তা পরিষ্কার হয়ে গেল মুল্লানপুরের রাতে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : PRESIDENT OF INDIA PRESENTS NATIONAL AWARDS FOR THE EMPOWERMENT OF PERSONS WITH DISABILITIES FOR THE YEAR 2025

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন