Murshidabad : স্কুল মাঠের করুণ অবস্থা

SHARE:

মোফাক হোসেন, সাশ্রয় নিউজ ★ ধুলিয়ান: যখন রাজ্য সরকারের উন্নয়নের প্রচার চারদিকে বেজে চলেছে, উন্নয়নের শিলান্যাসের ছবি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠছে, ঠিক সেই সময়েই মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের বোগদাদনগর পঞ্চায়েতের কাঁকুরিয়া সাহেবনগর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে দেখা গেল একেবারে করুণ অবস্থা।
বর্ষাকালে এই মাঠটি যেন একটি জলাশয়ে পরিণত হয়, কচুরিপানায় ভরে যায় চারদিক। জুলাই মাস থেকে আজ পর্যন্ত মাঠের বেহাল দশা একই রকম রয়েছে। যার ফলে ছাত্র-ছাত্রীদের জল ভেঙে বিদ্যালয়ে যেতে হয়। অনেক সময় বিদ্যালয় চলাকালীন ছেলেমেয়েদের সাঁতার কাটতে দেখা যায়—এমনটাই জানান অত্র বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম। তিনি আরও বলেন, অনেক ছাত্র-ছাত্রী পিছলে পড়ে ভিজে পোশাকে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়—এ রকম দৃশ্যও দেখা গেছে। এমনকি ছাত্র-ছাত্রীদের সাইকেল রাখারও সঠিক জায়গা নেই।
এটি আজকের সমস্যা নয়; দীর্ঘদিনের সমস্যা। নেতা থেকে শুরু করে প্রশাসনিক মহলে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে দাবি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুদ্দিন আলী। তিনি জানান, বহু বছর আগে মাঠের সামনেই একটি ড্রেনের কাজ করা হয়েছিল, কিন্তু তা বিজ্ঞানসম্মত বা ইঞ্জিনিয়ারিং পদ্ধতি মেনে না করায় মাঠের জল নিষ্কাশন হয় না এবং ড্রেনটি বিদ্যালয়ের মাঠ থেকে অনেক উঁচু হওয়ায় কোনও কাজে আসে না। যদিও সেই সময় তাকে আশ্বস্ত করা হয়েছিল যে জল নিষ্কাশন হবে।
প্রধান শিক্ষক আরও জানান, আমাদের বিদ্যালয়ের ছয় হাজার ছাত্রছাত্রীর খেলাধুলার জন্য এটাই একমাত্র মাঠ। খেলাধুলা তো দূরের কথা, জল জমে থাকার কারণে ছেলেমেয়েরা ঠিকভাবে বিদ্যালয়েই আসতে পারে না। আগামী দিনে শমশেরগঞ্জ এলাকাবাসীর কাছে আমার আবেদন—আপনারা এই মাঠটি উঁচু করার জন্য আমাদের সহযোগিতা করুন, যাতে আমরা মাঠটিকে সংস্কার করতে পারি এবং আপনাদের ছেলে-মেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে পারে। শুধু প্রধান শিক্ষকই নন, এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, যেকোনো মুহূর্তে এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে।

আরও পড়ুন : Jakir Hossain winter relief | জঙ্গিপুরে জাকির হোসেনের উদ্যোগে বিশাল শীতবস্ত্র বিতরণ, মানুষের ঢল

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন