সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : ভারতের বিশ্বকাপ জয়ের পর নারী ক্রিকেটে যে বিপুল উত্তেজনা তৈরি হয়েছিল, বৃহস্পতিবার নয়াদিল্লির মেগা নিলাম সেই আগুনকে আরও উসকে দিল। মহিলা প্রিমিয়ার লিগ WPL ২০২৫ -এর সূচী থেকে নিলামের নাটক। সবকিছু মিলিয়ে ক্রিকেটপ্রেমীরা পেয়েছেন এক রোমাঞ্চকর সন্ধে। BCCI-এর ঘোষণা অনুযায়ী ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী ভাষণের পর দিনক্ষণ ঘোষণা করেন WPL চেয়ারম্যান জয়েশ জর্জ (Jayesh George)। নিলামে মোট নাম ছিল ২৭৬ জন ক্রিকেটারের। কিন্তু জায়গা মিলেছে মাত্র ৭৩ জনের। ভারতের ১৯৪ জন ক্রিকেটারের মধ্যে ক্যাপড খেলোয়াড় ৫২ জন হলেও জায়গা ছিল মাত্র ৫০ জনের জন্য। বিদেশি ৮৩ জন ক্রিকেটারের জন্য খালি ছিল ২৩টি স্লট।
সবাইকে অবাক করে দিয়ে নিলামের আগেই চোটের জন্য নাম প্রত্যাহার করে নেন অজি তারকা জেস জোনাসেন (Jess Jonassen)। আবার নিলামের সবচেয়ে বড় ধাক্কা, অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy) অবিক্রীত! বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা, কিন্তু কোনও দলই বিড করেনি, এমন আশ্চর্য দৃশ্য এর আগে খুব কমই দেখা গিয়েছে। এরই মাঝে কোটি টাকার ঢেউ তোলে সোফি ডিভাইন (Sophie Devine)। মাত্র ৫০ লক্ষ বেস প্রাইস থেকে ২ কোটি টাকায় তাঁকে দলে টানে গুজরাট জায়ান্টস। নিলামের প্রথম বড় বিস্ফোরণ বলতে যা বোঝায়।
কিন্তু দিনের সবচেয়ে বড় উত্তেজনা জমে ওঠে দীপ্তি শর্মাকে (Deepti Sharma) কেন্দ্র করে। বিশ্বকাপে ২১৫ রান এবং ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হওয়া দীপ্তিকে নিতে শেষ মুহূর্তে দড়ি টানাটানি পড়ে দিল্লি ক্যাপিটালস এবং ইউপি ওয়ারিয়র্জের মধ্যে। দিল্লি ৩.২০ কোটি টাকা পর্যন্ত উঠলেও নিয়ম অনুযায়ী পুরনো দল ইউপি আরটিএম (Right to Match) ব্যবহার করে তাঁকে ফের দলে নেয়। এর ফলে নিলামের দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার হলেন দীপ্তি। ইউপি ওয়ারিয়র্জ তাঁকে ‘দলের মেরুদণ্ড’ বলে উল্লেখ করে।
দিল্লি ও ইউপির লড়াই এখানেই শেষ হয়নি। অজি তারকা মেগ ল্যানিংকে (Meg Lanning) ঘিরেও দুই দলের হাড্ডাহাড্ডি বিড চলে। শেষমেশ ১ কোটি ৯০ লক্ষ টাকায় ল্যানিং যান উত্তরপ্রদেশে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা উলভার্টকে (Laura Wolvaardt) ১ কোটি ১০ লক্ষ টাকায় কিনে নেয় দিল্লি।
বিশ্বকাপের আরেক উজ্জ্বল তারকা শ্রী চরণী (Sri Charani) নিলামে প্রমাণ করলেন তাঁর পারফরম্যান্সের মূল্য কতটা। ৩০ লক্ষ বেস প্রাইস থেকে তিনি উঠে যান ১ কোটি ৩০ লক্ষে, যোগ দিলেন দিল্লি ক্যাপিটালসে। একই দলে যুক্ত হলেন স্নেহ রানা (Sneh Rana) ৫০ লক্ষে এবং ক্যারিবিয়ান বিগ হিটার চিনেল হেনরি (Chinelle Henry) ১.৩০ কোটিতে। দিল্লির আজকের নিলাম নিঃসন্দেহে সবচেয়ে ব্যালান্সড। আরসিবিও পিছিয়ে থাকেনি। ৬০ লক্ষে তারা দলে আনে অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল (Georgia Voll), ৬৫ লক্ষে রাধা যাদব (Radha Yadav) এবং ইংল্যান্ডের লিন্সে ক্লেয়ারকে (Linsey Clare) ৩০ লক্ষে। বেঙ্গালুরুর বোলিং ইউনিট এ বছর আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। ইউপি ওয়ারিয়র্জও বাজিমাত করেছে ১.২ কোটি টাকায় ফোবি লিচফিল্ডকে (Phoebe Litchfield) দলে নিয়ে। কিরণ নভবীর (Kiran Navbir) যোগ দিয়েছেন ৪০ লক্ষ টাকায়। পাশাপাশি বিশ্বজয়ী হারলিন দেওলকে (Harleen Deol) ৫০ লক্ষে দলে রেখে বড় লড়াইয়ের প্রস্তুতি সেরে ফেলেছে ইউপি।
বাংলার গর্ব তিতাস সাধুকে (Titas Sadhu) ৭০ লক্ষ টাকায় দলে নিয়েছে গুজরাট। তাঁর নাম ওঠার সঙ্গে সঙ্গেই নিলামে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কলকাতার বাঁহাতি স্পিনার সাইকা ইসহাক (Saika Ishaque) অবাকভাবে অবিক্রীত থেকে যান, যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে ক্রিকেটমহলে। গুজরাটের আরও বড় শিকার, আরটিএম ব্যবহার করে ৭০ লক্ষে ভারতী ফুলমালিকে (Bharati Fulmali) মুম্বইয়ের হাত থেকে নিয়ে আসা। তবে মুম্বইও পিছিয়ে থাকেনি। ৬০ লক্ষ টাকায় দলে নেয় ভয়ংকর গতি সম্পন্ন পেসার শবনিম ইসমাইলকে (Shabnim Ismail)।
প্রসঙ্গত উল্লেখ্য, ৮ দল, কোটি টাকার লড়াই, পারফরম্যান্সের বিস্ফোরণ, WPL ২০২৫ এবার আরও বড়, আরও আক্রমণাত্মক, আরও রঙিন হতে চলেছে। সূচী ঘোষণার পরই বলা হচ্ছে, নারী ক্রিকেটে এবার নতুন ইরা শুরু।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : India Women’s Cricket World Cup 2025, Harmanpreet Kaur, Rohit Sharma emotional, Virat Kohli message | হরমনপ্রীতদের বিশ্বজয় দেখে চোখে জল রোহিতের! কোহলির অনুপ্রেরণার বার্তা: ‘তোমরা নতুন প্রজন্মকে পথ দেখালে’




