IBSA leaders meeting, Modi Lula Ramaphosa | জোহানেসবার্গে আইবিএসএ বৈঠকে মোদীর নতুন রূপরেখা: ডিজিটাল ইনোভেশন অ্যালায়েন্স ও জলবায়ু-সহনশীল কৃষি তহবিলের প্রস্তাব

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ জোহানেসবার্গ : জোহানেসবার্গে জি২০ সম্মেলনের ব্যস্ত সূচীর মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা (Lula da Silva) এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা (Cyril Ramaphosa) একত্র হলেন আইবিএসএ (IBSA) নেতাদের বৈঠকে। তিন দেশের এই ত্রিপাক্ষিক মঞ্চ বহু বছর ধরে গ্লোবাল সাউথের (Global South) স্বরকে শক্তিশালী করতে কাজ করে এসেছে। জোহানেসবার্গে অনুষ্ঠিত এ বছরের বৈঠকে তিন নেতা একসুরে জানিয়ে দিলেন, বৈশ্বিক বৈষম্য দূর করতে, আন্তর্জাতিক রাজনৈতিক-অর্থনৈতিক কাঠামোকে আরও ন্যায়সংগত করতে এবং দক্ষিণের দেশগুলির অধিকার ও প্রয়োজনকে সামনে আনার জন্য তারা আরও আগ্রাসী ভূমিকা পালন করবেন।

বৈঠকে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট ভাষায় বলেন, “গ্লোবাল সাউথের কথা শোনার সময় এসেছে। আমাদের স্বরকে জোরালো করে তোলাই আইবিএসএর মূল দায়িত্ব।” ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাও সম্মতিসূচক ভঙ্গিতে বলেন, “বর্তমান বিশ্বে তিনটি গণতান্ত্রিক দেশের যৌথ অবস্থান ভবিষ্যতের ভারসাম্য তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা এ বিষয়ে যোগ করেন, “আইবিএসএ শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এটি এক ধরণের শক্তি- যা উন্নয়নশীল দেশগুলির আশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে।” বৈঠকে মোদির মূল জোর ছিল আন্তর্জাতিক সংস্থাগুলির কাঠামোগত সংস্কার, সন্ত্রাসবাদ মোকাবিলায় দৃঢ় সমন্বয়, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ সামলাতে সহযোগিতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলা। তিনি উল্লেখ করেন, “সন্ত্রাসবাদ আজও বিশ্বের সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। আইবিএসএ যদি একসঙ্গে কাজ করে তবে আমাদের তিন দেশের পাশাপাশি পুরো গ্লোবাল সাউথই এর বিরুদ্ধে শক্তিশালী বার্তা দেবে।”

সবচেয়ে উল্লেখযোগ্য প্রস্তাব হিসেবে উঠে আসে মোদীর ‘আইবিএসএ ডিজিটাল ইনোভেশন অ্যালায়েন্স’ (IBSA Digital Innovation Alliance) তৈরি করার পরামর্শ। ভারতের ডিজিটাল বিপ্লবের উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, “ডিজিটাল পাবলিক ইন্সট্রাকচার, ডিজিটাল আইডেন্টিটি ও ই-গভর্ন্যান্সে আমাদের অর্জন কেবল ভারতের নয়, বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের পথ দেখাতে পারে। তাই একটি যৌথ ডিজিটাল ইনোভেশন প্ল্যাটফর্ম তৈরি করলে সদস্য দেশগুলির মধ্যে প্রযুক্তিগত অগ্রগতি আরও দ্রুত হবে।” এছাড়া কৃষিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী মোদী ‘আইবিএসএ জলবায়ু-সহনশীল কৃষি তহবিল’ (IBSA Fund for Climate-Resilient Agriculture) গঠনের কথাও বলেন। প্রধানমন্ত্রী মোদী জানান, “জলবায়ুর পরিবর্তন সবচেয়ে বেশি আঘাত করে কৃষকদের উপর। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে। তাই কৃষির সঙ্গে প্রযুক্তির সমন্বয় এবং আর্থিক সহায়তার একটি যৌথ তহবিল প্রয়োজন।” দক্ষিণ আফ্রিকার ও ব্রাজিলের রাষ্ট্রপ্রধান দু’জনেই এই প্রস্তাবকে স্বাগত জানান।

বৈঠকে উভয় নেতা ডিজিটাল ইকোনমি ও গ্রিন টেকনোলজিকে ভবিষ্যতের সহযোগিতার মূল ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন। লুলা দা সিলভা বলেন, “আমরা এমন এক পৃথিবী চাই যেখানে উন্নয়ন মানে পরিবেশ ধ্বংস নয়। প্রযুক্তি ও স্থিতিশীল কৃষি একসঙ্গে চলতে পারে, আইবিএসএ সে পথ দেখাতে পারে।” রামাফোসা জানান, “কৃষি আমাদের অর্থনীতির মেরুদণ্ড। জলবায়ু-সহনশীল কৃষি প্রকল্প গ্লোবাল সাউথে খাদ্য নিরাপত্তার নতুন যুগ তৈরি করতে পারে।”
উল্লেখ্য, বৈঠকে তিন দেশের নেতারা আরও বলেন যে, আইবিএসএ শুধু রাজনৈতিক মঞ্চ নয়, এটি শিল্প-বাণিজ্য, বিজ্ঞান, শিক্ষা, স্কিলিং এবং সাংস্কৃতিক সহযোগিতারও বিস্তৃত ক্ষেত্র। বিশেষ করে তিন দেশের গণতান্ত্রিক কাঠামো এবং ঐতিহাসিক বন্ধুত্ব আইবিএসএ-কে এক বিশেষ মর্যাদা দিয়েছে।

জোহানেসবার্গের এই বৈঠক আন্তর্জাতিক কুটনৈতিকদের মতে কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বের বর্তমান অনিশ্চয়তার মধ্যেও উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষায় তিনটি বড় অর্থনীতির যৌথ অবস্থান ভবিষ্যতের বিশ্বব্যবস্থাকে প্রভাবিত করবে। ভারত-ব্রাজিল-দক্ষিণ আফ্রিকার ত্রিপাক্ষিক বন্ধন বিশ্বমঞ্চে একটি স্থিতিশীল, দায়িত্বশীল এবং সমন্বিত শক্তির বার্তা পাঠাচ্ছে।প্রসঙ্গত, জি২০ -এর বৃহত্তর আলোচনার পাশাপাশি এই আইবিএসএ বৈঠক দেখিয়ে দিল, গ্লোবাল সাউথের স্বর জোরাল করতে তিন নেতা এক নতুন অধ্যায় শুরু করেছেন। ডিজিটাল প্রযুক্তি থেকে শুরু করে জলবায়ু মোকাবিলা, প্রতিটি ক্ষেত্রে আগামী দিনে আইবিএসএ আরও সক্রিয় ভূমিকা নিতে চলেছে। আর মোদির দেওয়া প্রস্তাবগুলি সেই নতুন যুগের ভিত্তি হিসেবে চিহ্নিত হচ্ছে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : G20 Modi Fentanyl Message | জি২০ সম্মেলনে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে মোদীর কড়া বার্তা, ফেন্টানিল নিয়ে উদ্বেগ

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন