Aravind Srinivas, Youngest billionaire India | ২১ হাজার কোটির মালিক! দেশের সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ার অরবিন্দ শ্রীনিবাস কে?

SHARE:

পার্বতী কাশ্যপ, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভারতের অর্থনৈতিক দুনিয়ায় একটি নতুন নাম ঝলমল করছে। মাত্র ৩১ বছর বয়সেই দেশের সর্বকনিষ্ঠ ধনকুবেরের (Billionaire) তকমা জুটেছে তাঁর কপালে। তিনি আর কেউ নন, চেন্নাইয়ের তরুণ প্রযুক্তিবিদ অরবিন্দ শ্রীনিবাস (Aravind Srinivas)। ২০২৫ সালের এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে (M3M Hurun India Rich List) তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছে ২১,১৯০ কোটি টাকার সম্পদের মালিক হিসাবে। এই বয়সে এত বিপুল সম্পদের মালিক হয়ে ওঠা নিঃসন্দেহে গোটা দেশের কাছে বিস্ময়কর ঘটনা। অরবিন্দ শ্রীনিবাস কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) জগতে এক পরিচিত নাম। তিনি জনপ্রিয় এআই স্টার্টআপ পারপ্লেক্সিটি এআই (Perplexity AI) -এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও। মাত্র তিন বছরের মধ্যেই প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী ২ কোটিরও বেশি গ্রাহক পেয়েছে। সার্চ ইঞ্জিন জগতে যেখানে গুগল (Google) দীর্ঘদিন ধরেই শীর্ষস্থানে, সেখানে অরবিন্দের প্ল্যাটফর্ম পারপ্লেক্সিটি এআই নতুন বিকল্প হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে। যে কোনও প্রশ্নের সরাসরি, দ্রুত ও নির্ভুল উত্তর দেওয়ার ক্ষমতার কারণেই এটি ব্যবহারকারীদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।

১৯৯৪ সালের ৭ জুন জন্ম অরবিন্দ শ্রীনিবাস ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিলেন মেধাবী। আইআইটি মাদ্রাজ (IIT Madras) থেকে বি.টেক ও এম.টেক শেষ করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (University of California) থেকে কম্পিউটার সায়েন্সে তিনি পিএইচডি সম্পন্ন করেন। তাঁর গবেষণার ক্ষেত্র ছিল রিইনফোর্সমেন্ট লার্নিং, কনট্রাস্টিভ লার্নিং, ট্রান্সফরমার-ভিত্তিক মডেল, ইমেজ রিকগনিশন ও ভিডিও জেনারেশন। পড়াশোনার পাশাপাশি তিনি আইআইটি-তে শিক্ষকতাও করেছেন, যেখানে রিইনফোর্সমেন্ট লার্নিং বিষয়টি পড়াতেন। গবেষণার সময় থেকেই তিনি বিশ্বের নামী টেক কোম্পানিগুলিতে কাজের সুযোগ পেয়েছিলেন। ওপেনএআই (OpenAI), গুগল (Google), ডিপমাইন্ড (DeepMind) -এর মতো সংস্থায় ইন্টার্ন হিসাবে অরবিন্দ কাজ শুরু করেছিলেন। ওপেনএআইতে রিইনফোর্সমেন্ট লার্নিং গবেষণা, ডিপমাইন্ডে কনট্রাস্টিভ লার্নিং ও গুগলে হ্যালোনেট (Halonet), রেসনেট-আরএস (ResNet-RS) -এর মতো ভিশন মডেল তৈরির কাজে তাঁর অবদান ছিল প্রশংসনীয়। পরে ওপেনএআইতে গবেষক হিসেবে যোগ দেন এবং সেখান থেকেই তাঁর পথচলা বড় মোড় নেয়।

অরবিন্দ শ্রীনিবাস। ছবি : সংগৃহীত

২০২২ সালে সহ-প্রতিষ্ঠাতা হিসাবে তিনি পারপ্লেক্সিটি এআই চালু করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই প্ল্যাটফর্ম এক ঝটকায় সিলিকন ভ্যালির (Silicon Valley) শীর্ষ বিশেষজ্ঞদের নজর কাড়ে। শুধু তা-ই নয়, জেফ বেজোস (Jeff Bezos) -এর মতো বিশ্বখ্যাত টেক উদ্যোক্তার বিনিয়োগও আসে এই স্টার্টআপে। মেটা (Meta) এ অ্যাপল (Apple) -এর মতো বড় সংস্থা পারপ্লেক্সিটি অধিগ্রহণের প্রস্তাব দিয়েছিল বলে খবর ছড়িয়েছিল। তবে অরবিন্দ তা প্রত্যাখ্যান করে জানান, তিনি এটিকে স্বাধীন সংস্থা হিসেবেই এগিয়ে নিয়ে যেতে চান।

পড়ুন : West Bengal Voting-politics2026: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস? (আজ তৃতীয় কিস্তি)

মাত্র কয়েক বছরের মধ্যেই তৈরি এই প্ল্যাটফর্ম বিশ্বে অন্যতম জনপ্রিয় এআই সার্চ ইঞ্জিনে পরিণত হয়। চ্যাটজিপিটির (ChatGPT) তুমুল সাফল্যের মধ্যেও পারপ্লেক্সিটি নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। সাংবাদিক, বিশ্লেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

আরও পড়ুন : West Bengal Voting-politics2026: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস?

অরবিন্দ শ্রীনিবাস শুধু উদ্যোক্তা হিসেবেই নয়, বিনিয়োগকারী হিসেবেও নিজের জায়গা তৈরি করেছেন। ২০২৩ সাল থেকে তিনি বিভিন্ন এআই স্টার্টআপে বিনিয়োগ করতে শুরু করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইলেভেনল্যাবস (ElevenLabs), একটি টেক্সট-টু-স্পিচ প্ল্যাটফর্ম, এবং সুনো (Suno), যেটি টেক্সট-টু-মিউজিক টুল তৈরি করে।

ভারতের ধনী ব্যক্তিদের তালিকায় অরবিন্দের নাম যুক্ত হওয়া দেশের নতুন প্রজন্মের জন্য এক বিশেষ অনুপ্রেরণা। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতে কোটিপতি পরিবারের সংখ্যা দ্রুত বাড়ছে। দেশের মাত্র ৫ শতাংশ পরিবার ইতিমধ্যেই ১০০ কোটির মাইলফলক ছুঁতে সক্ষম হয়েছে। ধনকুবেরদের সংখ্যার নিরিখে বর্তমানে ভারত বিশ্বে তৃতীয় স্থানে।এই তালিকায় অরবিন্দের পাশাপাশি জায়গা করে নিয়েছেন জেপ্টো (Zepto) -এর দুই তরুণ উদ্যোক্তা কৈবল্য বোহরা (Kaivalya Vohra) ও আদিত্য পালিচা (Aadit Palicha)। তবে অরবিন্দই সবচেয়ে কমবয়সি বিলিয়নেয়ার হিসেবে সবার নজর কাড়ছেন। উল্লেখ্য, অরবিন্দের জীবনের প্রেরণা ছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)। সুন্দর পিচাইয়ের মতো তিনিও চেন্নাইয়ের সন্তান। ছোটবেলা থেকেই সুন্দরকে আদর্শ মানতেন অরবিন্দ। মজার বিষয়, আজ তাঁরই তৈরি প্ল্যাটফর্ম গুগলের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। পারপ্লেক্সিটি এআই বর্তমানে ভারতে বিপুল জনপ্রিয়। ব্যবহারকারীদের এক বড় অংশই ভারতীয়। অরবিন্দ ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে ভবিষ্যতে বেঙ্গালুরু (Bengaluru) বা হায়দরাবাদে তাঁর (Hyderabad) নতুন ইঞ্জিনিয়ারিং টিম গঠনের পরিকল্পনা রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ ও শপিং সেক্টরে প্রবেশের জন্যও কাজ চলছে। এছাড়া ২০২৮ সালের পর অরবিন্দ আইপিও আনার পরিকল্পনাও করেছেন। উল্লেখ্য, অরবিন্দ শ্রীনিবাস প্রমাণ করেছেন যে প্রতিভা, কঠোর পরিশ্রম এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া থাকলে বয়স কোনও বাধা নয়। মাত্র তিন দশকের জীবনেই যেভাবে তিনি বিলিয়নেয়ার হয়ে উঠলেন, তা ভারতের তরুণ প্রজন্মের কাছে এক বিশাল প্রেরণা।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Gitika Tamta’s UPSC Success Story |আকাশছোঁয়া স্বপ্ন পূরণে স্বেচ্ছাচারিতা, UPSC জয়ের নজির গড়লেন উত্তরাখণ্ডের গীতিকা তমতা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment