Rituparna Kajol Durga Puja, Mumbai Durga Puja 2025 | ঋতুপর্ণা সেনগুপ্ত : ভালবাসার টানে কলকাতা থেকে মুম্বই

SHARE:

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বই : সিঁদুরখেলায় কাজলের সঙ্গে মাতলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি কখন কোথায় আছেন তা অনেক সময় ভক্তদের পক্ষে অনুমান করা কঠিন হয়ে যায়। কখনও বিদেশ সফরে, আবার কখনও পারিবারিক মুহূর্তে তিনি কলকাতার রাস্তায় ধরা দেন। এবার দুর্গাপুজোর উৎসবের আবহে ফের শিরোনামে এলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। মুম্বইয়ে মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোয় গিয়ে সিঁদুরখেলায় যোগ দিয়ে চমকে দিলেন সবাইকে। সেখানে বলিউড অভিনেত্রী কাজল (Kajol)-এর সঙ্গে তাঁর হাসি-আড্ডা আর সিঁদুরে রাঙানো মুহূর্তের ছবি ও ভিডিও নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দুর্গাপুজোর শেষ দিনে মুম্বইয়ের শিবাজি পার্ক এবং মুখোপাধ্যায় পরিবারের পুজো ঘিরে ছিল আলাদা উন্মাদনা। কলকাতার নানা মণ্ডপ ঘুরে বেড়ানোর পর হঠাৎই ঋতুপর্ণাকে সেখানে দেখে ভক্তরা খুশির চমক পান। আনন্দবাজার অনলাইনে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “মুম্বইয়ের শিবাজি পার্ক-সহ ক’য়েকটা প্যান্ডেলে আমন্ত্রণ ছিল। সেখানে গিয়েছিলাম। পরে একটু সময় হাতে পেয়ে গিয়েছিলাম রানিদের (মুখোপাধ্যায় পরিবার) পুজোয়। ওঁরা সবাই আমাকে খুব ভালবাসে। বার বার ডেকেছে। তাই সুযোগ পেয়ে সিঁদুরখেলায় যোগ দিলাম।” উল্লেখ্য, ঋতুপর্ণার উপস্থিতিতে সেদিনের সিঁদুরখেলার মুহূর্ত যেন হয়ে উঠেছিল আরও বিশেষ। কাজল নিজেও অভিনেত্রীর সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে পিছপা হননি। তাঁদের খুনসুটি আর রঙিন মুহূর্তে উৎসব যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল।

এই ঋতুপর্ণার সফর শুধুমাত্র পুজোর আবহেই সীমাবদ্ধ নয়। জানা গিয়েছে, মুম্বইয়ের আমন্ত্রণ সারলেও তিনি দ্রুতই ফিরছেন কলকাতায়। কারণ, তাঁর ইচ্ছে রয়েছে সুরুচি সংঘের ঠাকুর দর্শন করার। অভিনেত্রী বলেন, “বৃহস্পতিবারই কলকাতায় ফিরব। ইচ্ছে আছে সুরুচি সংঘে গিয়ে ঠাকুর দেখার।”
পরিবারের সঙ্গে পুজোর দিনগুলো কাটানোর জন্যও ঋতুপর্ণা বেশ খুশি। তিনি জানিয়েছেন, স্বামী সঞ্জয় (Sanjay) এবং ছেলে কিছুটা সময় পেয়েছেন কলকাতায়, তাই তাঁদের সঙ্গে শহরের বিভিন্ন প্যান্ডেলে ঘুরেছেন। পরিবারকে সময় দেওয়ার ফাঁকেই তিনি সামলাচ্ছেন কাজের চাপ।

অভিনেত্রীর কাজের সূচী যে ভীষণ ব্যস্ত, তা তিনি নিজেই স্বীকার করেছেন। দুর্গাপুজো মিটতেই তাঁর গন্তব্য আমেরিকা। সেখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই নিয়ে বলতে গিয়ে তিনি জানান, “মায়ের জন্যই সব কাজ সুষ্ঠুভাবে করে ফেলতে পারি। আগামিদিনে অনেক কাজের পরিকল্পনা রয়েছে। এখন সেগুলো নিয়েই ব্যস্ত আছি।”

অভিনেত্রীর এই যাওয়া-আসার মধ্যে ভক্তরা পাচ্ছেন একাধিক চমক। কখনও কলকাতার প্যান্ডেলে পরিবারকে নিয়ে দেখা যাচ্ছে তাঁকে, আবার কখনও মুম্বইয়ের তারকাখচিত পুজোয় রঙ খেলায় মাততে। তাঁর এই চলাফেরা প্রমাণ করে, উৎসবের আবহ তিনি সব জায়গাতেই সমানভাবে উপভোগ করেন। আবার, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও আর ছবিতে দেখা যাচ্ছে, সাদা-লাল শাড়িতে সাজগোজ করা ঋতুপর্ণা একেবারেই ঐতিহ্যবাহী লুকে। আর তাঁর পাশে সিঁদুরে রাঙা হাসিমুখে দাঁড়িয়ে কাজল। মুহূর্তেই নেটিজেনদের মধ্যে ঝড় তুলেছে এই ছবি। অনেকে লিখেছেন, “দুই বাংলার দুই প্রিয় মুখ, একসঙ্গে সিঁদুরখেলায়, এ দৃশ্য সত্যিই অসাধারণ।” ঋতুপর্ণার এভাবে এক শহর থেকে অন্য শহরে উৎসব ভাগ করে নেওয়ার প্রবণতা যেন ভক্তদের আরও কাছে টেনে আনে তাঁকে। কলকাতা হোক বা মুম্বই, ঋতুপর্ণা সেনগুপ্ত যেন সর্বত্রই সমানভাবে আপন করে নেন মানুষকে। অভিনেত্রীর ব্যস্ত কর্মজীবন, পারিবারিক মুহূর্ত আর উৎসবের রঙে মিশে গড়ে উঠছে তাঁর চলতি সময়ের দিনলিপি। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, পুজো শেষে আবার কোন নতুন চমক নিয়ে তিনি সামনে আসেন।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Kajol daughter Nysa | কাজলকন্যা নাইসা বলিউডে? মুখ খুললেন অভিনেত্রী কাজল, করণ জোহর প্রসঙ্গে জল্পনা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment