পারিজাত গঙ্গোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : ভারতের ক্রিকেট আকাশে নতুন তারার নাম অভিষেক শর্মা (Abhishek Sharma)। এশিয়া কাপে তাঁর দুর্দান্ত ব্যাটিং শুধু দেশকে জেতায়নি, ভেঙেছে একাধিক রেকর্ডও। বিরাট কোহলি (Virat Kohli) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) -এর মতো তিনি প্রতিষ্ঠিত ব্যাটারদের পেছনে ফেলে নতুন ইতিহাস গড়েছেন। প্রতিযোগিতার প্রায় প্রতিটি ম্যাচেই তাঁর ব্যাট কথা বলেছে। ভারতীয় দলের জয়ের মূল কারিগর হিসেবে নির্বাচিত হয়ে ট্রফি হাতে দেশে ফেরার পর এখন আলোচনায় উঠে এসেছে এক অন্য ছবি, বোনের বিয়েতে ভাংড়া নাচে মেতে উঠেছেন অভিষেক। উল্লেখ্য, এশিয়া কাপ শুরু হওয়ার আগেই আইসিসি-র টি২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষস্থানে ছিলেন অভিষেক। তবে তিনি টুর্নামেন্ট শেষে সেই অবস্থানকে আরও পাকাপোক্ত করলেন। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৯৩১, যা টি২০ ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ইংল্যান্ডের ডাওইদ মালান (Dawid Malan)-এর রেকর্ড ছিল ৯১৯, সূর্যকুমার যাদবের সর্বোচ্চ ছিল ৯১২ এবং বিরাট কোহলির সেরা রেটিং ছিল ৯০৯। অর্থাৎ, এক লাফে কিংবদন্তীদের রেকর্ডকেও পিছনে ফেলে দিলেন পাঞ্জাবের এই তরুণ তারকা।
টুর্নামেন্টে সাত ম্যাচে ৪৪.৮৫ গড়ে ৩১৪ রান করেছেন অভিষেক। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০০, যা এই প্রতিযোগিতার মান আরও উঁচুতে তুলেছে। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্ব থেকে সুপার ফোর, প্রতিবারই তিনি দলের ভরসা হয়েছেন। যদিও ফাইনালে ব্যাটে রান আসেনি, কিন্তু তখনও ভারতের জয়ে কোনও সমস্যা হয়নি। তিনটি অর্ধশতক তাঁর ঝুলিতে যুক্ত হয়েছে এবং তিনি হয়ে উঠেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এর আগে কোনও ব্যাটার এশিয়া কাপে টি২০ ফরম্যাটে ৩০০ রান অতিক্রম করতে পারেননি, সেই অসম্ভবকেই সম্ভব করেছেন অভিষেক।
দেশে ফেরার পর পরিবারকে অভিষেক সময় দিচ্ছেন। বোনের বিয়েতে কালো শেরওয়ানি পরে তাঁকে ভাংড়ায় মাততে দেখা গিয়েছে। সঙ্গে ছিলেন পাঞ্জাবি গায়ক রঞ্জিত বাওয়া (Ranjit Bawa)। সেই মুহূর্তের ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যেভাবে ক্রিকেট মাঠে আগুন ঝরানো ব্যাটিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন, ঘরোয়া পরিবেশে তিনি ঠিক ততটাই সহজ-সরল আর প্রাণবন্ত।
প্রসঙ্গত, এশিয়া কাপ চলাকালীন অভিষেকের মা ও বোন গিয়েছিলেন দুবাইয়ে তাঁকে সমর্থন জানাতে। ম্যাচ শেষে হোটেলে তাঁদের সঙ্গে সময় কাটিয়েছিলেন অভিষেক। তাঁর মা এক সাক্ষাৎকারে বলেন, “অভিষেক সবসময় পরিবারের সঙ্গেই শক্তি খুঁজে নেয়। মাঠে সে যতই আক্রমণাত্মক হোক, ঘরে ফিরলে খুব সাধারণ আর হাসিখুশি ছেলে।” প্রসঙ্গত, বর্তমানে ভারতের হয়ে অভিষেক শুধু টি২০ ফরম্যাটেই খেলেন। তাই আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি থাকছেন না। ফলে আপাতত নিজের শহরে পরিবারের সঙ্গে উৎসবের মেজাজে রয়েছেন তিনি। ভক্তদের জন্য এটি বিশেষ আনন্দের কারণ, কারণ আন্তর্জাতিক ক্রিকেটে আলোড়ন তৈরি করার পাশাপাশি অভিষেক ব্যক্তিগত জীবনেও দারুণ খুশির সময় কাটাচ্ছেন।
অভিষেক যেভাবে অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন অভিষেক, তাতে অনেক বিশেষজ্ঞই মনে করছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তিনি। বিশেষত টি২০ ফরম্যাটে তাঁর বিধ্বংসী ব্যাটিং প্রতিপক্ষের জন্য আগামী দিনে বড় মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। কোচ, সতীর্থ থেকে প্রাক্তন ক্রিকেটার, সকলেই তাঁর এই সাফল্যের প্রশংসা করেছেন। এক প্রাক্তন ভারতীয় তারকা বলেন, “অভিষেকের ব্যাটিংয়ে যে ধরণের পরিণত ভাব দেখা যাচ্ছে, তা খুবই বিরল। সে কেবল একজন ম্যাচ উইনার নয়, একজন গেম চেঞ্জারও।”
ক্রিকেটের বাইরে ভক্তদের কাছে অভিষেকের ভাংড়া নাচ এখন সমান আলোচনার বিষয়। অনেকেই লিখেছেন, “যেভাবে ব্যাট হাতে দলকে জিতিয়েছেন, তেমনই পরিবারকেও আনন্দ দিয়েছেন নাচের মাধ্যমে।” এই উচ্ছ্বাসই প্রমাণ করছে, অভিষেক শর্মা কেবল মাঠের নয়, মানুষের হৃদয়েরও ক্রিকেটার হয়ে উঠছেন।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : সাশ্রয় নিউজ শারদীয়া সংখ্যা ১৪৩২ | Sasraya News Durga Puja Issue 1432



