পার্বতী কাশ্যপ ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : দুর্গাপুজো (Durga Puja) আসতে আর মাত্র কিছুদিন বাকি। কলকাতা থেকে মুম্বই, সর্বত্রই এই সময়ে উৎসবের আবহ। নতুন পোশাক, গয়না আর মেকআপের পাশাপাশি শরীর ও ত্বকের যত্ন নিয়েও সচেতন থাকেন সকলে। অনেকে চান নিজেদের পছন্দের বলিউড সেলেবদের মতো ফিট এবং গ্লোয়িং লুক। ঠিক সেই কারণেই মালাইকা আরোরা (Malaika Arora), প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও কিয়ারা আডবানি -এর (Kiara Advani) ডায়েট চার্ট এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে অসংখ্য মানুষের কাছে। পুজোর আগে যদি নিজেকে একেবারে নতুনভাবে সাজিয়ে তুলতে চান, তবে জেনে নিন এই তারকাদের গোপন ফিটনেস ফান্ডা।

বলিউডের ‘ফিটনেস কুইন’ খেতাব যেন মালাইকা অরোরা (Malaika Arora) -এর নামের সঙ্গেই জুড়ে গেছে। ৪৯ পেরিয়েও তাঁর টোনড বডি এখনও অবাক করে দেয় ভক্তদের। মালাইকা কোনও দিনই শরীরচর্চায় ফাঁকি দেন না। প্রতিদিন যোগা আর জিম তাঁর রুটিনের অবিচ্ছেদ্য অঙ্গ। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরমজলে লেবু ও মধু মিশিয়ে পান করাই তাঁর দিনের শুরু। এরপর তিনি খান এক চামচ নারকেল তেল বা ঘি, যা শরীরের মেটাবলিজমকে বাড়াতে সাহায্য করে। মালাইকা নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি বিশ্বাস করি দিনের শুরুটা যদি সঠিক হয়, তাহলে সারাদিন শরীর ও মন ভালো থাকে।”

অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এখন বলিউড ছাড়িয়ে হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। চল্লিশের কোঠায় পৌঁছেও তাঁর সৌন্দর্য আর ফিটনেস অনেক কনিষ্ঠ অভিনেত্রীর জন্যও ঈর্ষণীয়। মা হওয়ার পরও প্রিয়াঙ্কার শরীরের উজ্জ্বলতা ও এনার্জি দেখলে যে কেউ অবাক হবেন। প্রিয়াঙ্কার সকাল শুরু হয় এক কাপ গরম কফির চুমুক দিয়ে। তার পর ওয়ার্কআউট তাঁর কাছে বাধ্যতামূলক। প্রিয়াঙ্কার সকালের খাবারে থাকে অমলেট, তাজা ফলের রস, কখনও ইডলি কিংবা চিঁড়ের পোলাও। দুপুরের ডায়েটে প্রিয়াঙ্কা ভরসা করেন একেবারে দেশীয় পদে। নিরামিষপ্রেমী প্রিয়াঙ্কার মেনুতে থাকে রাগির রুটি, ডাল, বিভিন্ন সবজি, স্যালাড আর টকদই। রাতের খাবারে তিনি খান হালকা স্যুপ বা অন্য কোনও লাইট মিল। তিনি একবার বলেছিলেন, “ফিটনেস মানে শুধু চেহারার সৌন্দর্য নয়, এটা একধরনের মানসিক শান্তিও।”

অভিনেত্রী কিয়ারা আডবানি (Kiara Advani) সম্প্রতি মা হয়েছেন। তবুও তাঁর ফিটনেস রুটিন দেখে বোঝাই যায় না মাতৃত্ব তাঁকে একটুও ধীর করেছে। প্রতিদিন সঠিক ডায়েট আর শরীরচর্চাই তাঁর মূল মন্ত্র। কিয়ারা কখনও ব্রেকফাস্ট বাদ দেন না। সকালের শুরুতেই তিনি খান এক গ্লাস ডিটক্স ওয়াটার, সঙ্গে গরমজলে লেবু ও মধু। কিয়ারার খাবারের তালিকায় থাকে গ্রিলড চিকেন ও নানা ধরনের সবজি। তিনি বিশ্বাস করেন, প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবারই শরীরকে ভিতর থেকে সুন্দর রাখে। কিয়ারা একবার বলেছিলেন, “ত্বকের উজ্জ্বলতা আসলে ভেতরের স্বাস্থ্য থেকে আসে। তাই আমি যা খাই তার প্রতিটি কণার দিকে খেয়াল রাখি।”
এই তিন তারকার ডায়েট প্ল্যান দেখে স্পষ্ট যে ফিট থাকতে চাইলে শরীরচর্চার পাশাপাশি মেপে খাওয়াদাওয়া করাটাও জরুরি। শুধু পুজোর সময় নয়, সারা বছর নিয়মিত এই রুটিন মেনে চললে শরীর যেমন ঝরঝরে থাকবে, তেমনি ত্বক ও চুলও পাবে প্রাকৃতিক উজ্জ্বলতা। পুজোর আগে তাই যারা নিজেদের নতুন রূপে সাজিয়ে তুলতে চান, তাঁদের জন্য মালাইকা, প্রিয়াঙ্কা আর কিয়ারার লাইফস্টাইল এক বড় অনুপ্রেরণা হতে পারে। উল্লেখ্য, সেলেবরা যেমন বলেন, ফিটনেস মানে শুধুমাত্র স্লিম বা গ্ল্যামারাস দেখানো নয়, তা এটা শরীর-মনকে একসঙ্গে সুস্থ রাখার একধরনের অভ্যাস। তাই আসন্ন দুর্গাপুজো (Durga Puja Lifestyle)-তে যদি নিজেকে অন্যদের থেকে আলাদা করে তুলতে চান, তবে আজ থেকেই শুরু করুন শরীরচর্চা আর সঠিক ডায়েট। কারণ সুস্থতাই আসল সৌন্দর্য।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Beauty Tips | রাতের ঘুমে সৌন্দর্যের চাবিকাঠি, মুখে ঘি লাগানোর সাত দিনের ম্যাজিক!



