Vice President of India, C.P. Radhakrishnan | দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবন শুক্রবার সকালে সাক্ষী থাকল এক ঐতিহাসিক মুহূর্তের। সকাল ১০টা ১০ মিনিটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)-র সামনে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন সদ্য নির্বাচিত এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন (C.P. Radhakrishnan)। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন দিল্লির রাজনৈতিক মহলের বিশিষ্ট নেতারা।

উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। ছবি ঋণ : রাষ্ট্রপতি ভবন

গত মঙ্গলবার পুরনো সংসদ ভবনের সংবিধান ভবনে অনুষ্ঠিত হয়েছিল উপরাষ্ট্রপতি নির্বাচন। সেই নির্বাচনে জয়লাভ করেন একসময়ের আরএসএস প্রচারক সিপি রাধাকৃষ্ণন। গোপন ব্যালটে অনুষ্ঠিত এই ভোটাভুটিতে এনডিএ প্রার্থী ৪৫২টি ভোট পান। অন্যদিকে ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি (B. Sudarshan Reddy) পান ৩০০টি ভোট। অর্থাৎ ১৫২ ভোটের বিশাল ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেশের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন রাধাকৃষ্ণন।ফলাফলের এই ব্যবধান নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, ইন্ডিয়া জোটের ভিতর থেকেই একাধিক সাংসদ ক্রস ভোটিং করেছেন। যদিও বিরোধী শিবির এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেনি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ফল শুধু সংখ্যার অঙ্ক নয়, বিরোধী শিবিরের ভাঙনের ইঙ্গিতও বহন করছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। ছবি ঋণ : রাষ্ট্রপতি ভবন
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। ছবি ঋণ : রাষ্ট্রপতি ভবন

শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে রাষ্ট্রপতি ভবনে ছিল চূড়ান্ত আড়ম্বর। সাংবিধানিক নিয়ম মেনেই রাধাকৃষ্ণনকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নতুন উপরাষ্ট্রপতির শপথের মুহূর্তে উপস্থিত ছিলেন রাজনৈতিক মহলের বহু বিশিষ্ট মুখ। অনুষ্ঠানের মাঝেই দেখা গেল পূর্বতন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar)। বাদল অধিবেশনের প্রথম দিনেই তিনি ইস্তফা দিয়েছিলেন। তার পর এই প্রথমবার জনসমক্ষে দেখা গেল তাঁকে। ধনখড়কে দেখে অনেকেই বলছিলেন, “গণতান্ত্রিক কাঠামোয় দায়িত্ব হস্তান্তরের এটাই তো প্রকৃত সৌন্দর্য।” উল্লেখ্য, সিপি রাধাকৃষ্ণনের রাজনৈতিক জীবনও যথেষ্ট বিস্তৃত। একসময়ের সঙ্ঘ প্রচারক থেকে উঠে এসে তিনি দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী বিজেপি মুখ হয়ে ওঠেন। তামিলনাড়ুর রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। বিজেপির সংগঠন শক্তি বৃদ্ধিতে তাঁর অবদান উল্লেখযোগ্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “সিপি রাধাকৃষ্ণন দীর্ঘদিন ধরে জনগণের জন্য কাজ করেছেন। তাঁর অভিজ্ঞতা ও নিষ্ঠা ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে।” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে লেখেন, “নতুন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার জন্য রাধাকৃষ্ণনকে অভিনন্দন। তাঁর নেতৃত্বে সংসদের কাজ আরও সুচারুভাবে সম্পন্ন হবে বলে আমার বিশ্বাস।” অন্যদিকে বিরোধী শিবিরের প্রার্থী বি সুদর্শন রেড্ডি ফলাফল মেনে নিয়ে জানান, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের প্রতিনিধি হিসেবে সাংসদরা নিজেদের মতামত প্রকাশ করেছেন। আমরা ফল মেনে নিচ্ছি ও নতুন উপরাষ্ট্রপতির কাজের প্রতি পূর্ণ সহযোগিতা করব।”

উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশের রাজনৈতিক ইতিহাসে উপরাষ্ট্রপতি পদ সবসময়ই গুরুত্বপূর্ণ। রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাতে হবে রাধাকৃষ্ণনকে। সংসদের কাজকর্ম মসৃণভাবে চালানো, সরকার ও বিরোধী পক্ষের মধ্যে সমন্বয় তৈরি করা, এসবই তাঁর নতুন দায়িত্বের অঙ্গ। রাজনৈতিক মহলের মতে, একজন অভিজ্ঞ সাংগঠনিক কর্মী হিসেবে তিনি এই চ্যালেঞ্জ সামলাতে সক্ষম হবেন। রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠান শেষ হলেও, দেশের রাজনৈতিক অঙ্গনে এখনও রয়ে গেছে এই নির্বাচন ও শপথগ্রহণ ঘিরে উত্তেজনা। বহু মানুষের চোখ এখন নতুন উপরাষ্ট্রপতির দিকে, যাঁর কাঁধে দেশের গণতান্ত্রিক পরিকাঠামোর গুরুত্বপূর্ণ এক স্তম্ভের দায়িত্ব।

ছবি ঋণ : রাষ্ট্রপতি ভবন 
আরও পড়ুন : PRESIDENT OF INDIA CONFERS NATIONAL AWARDS ON TEACHERS | to make India a Global Knowledge Superpower, our teachers must be recognized as the best teachers in the world : PRESIDENT MURMU

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment