শুভ্রাংশু রায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ভারতের অন্যতম সেরা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu) চলতি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে এগোচ্ছিলেন। প্রথম রাউন্ড থেকেই প্রতিপক্ষকে হারাচ্ছিলেন সহজেই। তাঁর পারফরম্যান্স দেখে ভারতীয় সমর্থকরা আশা করেছিলেন আরও একবার বিশ্বমঞ্চে পদক নিয়ে ফিরবেন সিন্ধু। কিন্তু ভাগ্যের চাকা ঘুরল কোয়ার্টার ফাইনালে। ইন্দোনেশিয়ার প্রতিভাবান শাটলার পুত্রি কুসুমা ওয়ারদানির (Putri Kusuma Wardani) কাছে তিন গেমের লড়াইয়ে ১৪-২১, ২১-১৩, ১৬-২১ ফলে হেরে বিদায় নিতে হল সিন্ধুকে।
মোট ৬৪ মিনিটের এই লড়াইয়ে সিন্ধুর শুরুটা একেবারেই ভাল হয়নি। বিশ্বের নবম বাছাই ওয়ারদানির সামনে পঞ্চদশ বাছাই সিন্ধু শুরুতেই চাপে পড়ে যান। তাঁকে প্রথম গেমে বার বার নেটের দিকে খেলতে বাধ্য করা হচ্ছিল। সিন্ধুর খেলার গতি কেটে দিচ্ছিল প্রতিপক্ষ। একাধিক অনিচ্ছাকৃত ভুলে পয়েন্ট হারিয়ে তিনি ক্রমশ পিছিয়ে যান। শেষ মুহূর্তে ক’য়েকটি স্মার্ট শট খেললেও ব্যবধান এতটাই বড় হয়ে গিয়েছিল যে আর পেরে ওঠেননি। ১৪-২১ ফলে প্রথম গেম চলে যায় ওয়ারদানির দখলে।দ্বিতীয় গেমে সিন্ধুর মধ্যে দেখা যায় পুরনো আগ্রাসন। শুরু থেকেই আক্রমণাত্মক খেলে প্রতিপক্ষকে তিনি চাপের মধ্যে ফেলে দেন। তাঁর পাওয়ার স্ম্যাশ আর দ্রুতগতির রিটার্নে দিশেহারা হয়ে পড়েন ওয়ারদানি। একসময় ১০-২ ব্যবধানে এগিয়ে যান সিন্ধু। পরে ১৬-৭ পর্যন্ত ব্যবধান বাড়ান তিনি। শেষ দিকে ওয়ারদানি লড়াই করলেও তা সিন্ধুর জয় আটকাতে পারেনি। ২১-১৩ ফলে ম্যাচে ফিরলেন ভারতের ব্যাডমিন্টন তারকা। মনে হচ্ছিল, সিন্ধুই হয়তো ম্যাচের মোড় ঘুরিয়ে দেবেন। তৃতীয় ও নির্ণায়ক গেমেই নাটকীয়তা তৈরি হয়। প্রথমে লিড নেন ওয়ারদানি। পাল্টা জবাব দেন সিন্ধুও। ম্যাচ দাঁড়ায় টানটান প্রতিদ্বন্দ্বিতায়। লম্বা র্যালি, ধারাবাহিক ড্রপ শট আর প্রতিটি পয়েন্টের জন্য মরিয়া লড়াইয়ে দর্শকরাও শ্বাসরুদ্ধ হয়ে বসেছিলেন। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ক’য়েকটি ভুল শট খেলে বসেন সিন্ধু। কিছু সিদ্ধান্তে ভুল হওয়ায় অযথা পয়েন্ট হারাতে হয় তাঁকে। সুযোগ হাতছাড়া করেননি ওয়ারদানি। ঠান্ডা মাথায় সুযোগ কাজে লাগিয়ে ২১-১৬ ফলে জয় ছিনিয়ে নেন ইন্দোনেশীয় শাটলার।

সিন্ধুর কোয়ার্টার ফাইনালে থেমে যাওয়া ভারতের জন্য বড় ধাক্কা। কারণ এর আগে ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি স্বর্ণপদক জিতেছিলেন। সেই ইতিহাস তাঁকে আলাদা মর্যাদা এনে দিয়েছে। কিন্তু এরপর থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রত্যাশা পূরণ করতে পারেননি সিন্ধু। ২০২১ সালে কোয়ার্টার ফাইনালে হেরে তাঁকে বিদায় নিতে হয়েছিল। ২০২২ এবং ২০২৩ সালে আরও খারাপ পারফরম্যান্স করেন, দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে যান। আর এবারও তাঁর অভিযান থামল কোয়ার্টার ফাইনালেই। ম্যাচ শেষে সিন্ধু বলেন, ‘আমি জানতাম এটি কঠিন ম্যাচ হবে। দ্বিতীয় গেমে আমার খেলা ঠিকঠাক হয়েছিল, কিন্তু তৃতীয় গেমে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল করে ফেলেছি। ব্যাডমিন্টনে ছোট ছোট ভুলই পার্থক্য গড়ে দেয়।অন্যদিকে জয়ী ওয়ারদানি ম্যাচের পর প্রশংসা করেছেন সিন্ধুর। তিনি বলেছেন, ‘সিন্ধু বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। ওর বিরুদ্ধে জেতা সহজ নয়। শেষ সেটে আমি শুধু মনোযোগ ধরে রাখার চেষ্টা করেছি।’
ভারতীয় ব্যাডমিন্টন ভক্তদের কাছে এটি হতাশাজনক ফল। কারণ সিন্ধু দীর্ঘদিন ধরে দেশের অন্যতম ভরসার নাম। টোকিও অলিম্পিকস (Tokyo Olympics) সহ একাধিক আন্তর্জাতিক আসরে তিনি দেশের মান বাড়িয়েছেন। এ বারও তাঁর খেলা দেখে অনেকেই পদক আশা করেছিলেন। তবে খেলার ভাষায় জয়-পরাজয় অনিশ্চিত। সিন্ধুর পরবর্তী টুর্নামেন্টে সকলের নজর থাকবে যে তিনি আবার ফর্মে ফিরতে পারেন কি না। ভারতের ব্যাডমিন্টন মহল অবশ্য আশাবাদী, সিন্ধুর অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তা তাঁকে আরও একবার বড় মঞ্চে ফিরিয়ে আনবে। তাঁর কোচিং টিমও জানাচ্ছে, ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি আরও শক্তিশালী হয়ে ফিরবেন।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Badminton World Championships 2025 | পিভি সিন্ধুর দুরন্ত জয়, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে ভারতীয় তারকা




