India UK Free Trade Agreement | ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্যচুক্তি, বদলে যাবে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ লন্ডন : ভারত (India) ও ব্রিটেনের (Britain) মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্যচুক্তি (Free Trade Agreement) শেষমেশ স্বাক্ষরিত হল বৃহস্পতিবার। লন্ডনে যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার (Keir Starmer)। দীর্ঘ দিনের আলোচনা ও দ্বিধার অবসান ঘটিয়ে দু’দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিশা তৈরি করল এই ঐতিহাসিক চুক্তি।

সূত্রের খবর, বছরে ৩,৪০০ কোটি ডলারের বাণিজ্য বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই সমঝোতা হয়েছে। ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে আসার পর ব্রিটেনের পক্ষে এটিই সবচেয়ে বড় বাণিজ্যচুক্তি। মে মাসেই দুই দেশের মধ্যে চূড়ান্ত আলোচনা সম্পূর্ণ হয়েছিল। এবার প্রধানমন্ত্রী মোদীর ব্রিটেন সফরের সময় আনুষ্ঠানিক ঘোষণা করা হল। যৌথ সাংবাদিক বৈঠকে মোদী এই চুক্তিকে “যৌথ বিকাশের নীলনকশা” বলে উল্লেখ করে জানান, “আজ আমাদের সম্পর্কের এক ঐতিহাসিক দিন। কয়েক বছরের কঠোর পরিশ্রমের পর দুই দেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করল।”

Read : PM Narendra Modi, Charles III Meeting | রাজা চার্লসকে ‘সোনোমা ডাভ ট্রি’ উপহার দিলেন মোদী, ব্রিটেন-ভারত মুক্ত বাণিজ্য চুক্তিতেও সই

প্রসঙ্গত, নতুন চুক্তির ফলে ভারতের কৃষিজাত ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য যেমন হলুদ, গোলমরিচ, এলাচ, আমের শাঁস, আচার, ডাল বিনা শুল্কে ব্রিটিশ বাজারে প্রবেশ করবে। ভারতীয় মৎস্যজীবীরাও বড় সুবিধা পাবেন। চিংড়ি ও টুনা মাছ-সহ সামুদ্রিক খাদ্যপণ্য শুল্ক ছাড়াই ব্রিটেনে রফতানি করা যাবে। প্রায় ৯৯ শতাংশ ভারতীয় পণ্য ব্রিটিশ বাজারে বিনা শুল্কে প্রবেশের সুযোগ পাবে, যা ভারতের কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র কুটির শিল্প এবং তরুণ প্রজন্মের জন্য বড় প্রাপ্তি। অন্যদিকে, ব্রিটেনের পক্ষে সবচেয়ে বড় সুবিধা স্কচ হুইস্কি (Scotch Whisky) ও জিনের উপর শুল্ক কমানো। বর্তমানে ভারতীয় বাজারে স্কচ হুইস্কির উপর ১৫০ শতাংশ শুল্ক রয়েছে, যা প্রথমে কমিয়ে ৭৫ শতাংশ এবং পরবর্তী দশকে কমিয়ে ৪০ শতাংশ করা হবে। ব্রিটেন থেকে আমদানি করা বৈদ্যুতিন গাড়ির (Electric Vehicles) উপর শুল্কও ১১০ শতাংশ থেকে ১০ শতাংশে নামানো হবে। ফলে জাগুয়ার (Jaguar), ল্যান্ডরোভার (Land Rover) -এর মতো গাড়ি, মেডিক্যাল যন্ত্র, প্রসাধনী, চকোলেট, নরম পানীয়ের দামও ভারতের বাজারে কমবে। নতুন চুক্তি অনুসারে ব্রিটেন থেকে আমদানি করা ৯০ শতাংশ পণ্যের শুল্ক হ্রাস পাবে, যার মধ্যে ৬৪ শতাংশ পণ্যের ক্ষেত্রে তাৎক্ষণিক শুল্কছাড় মিলবে। তবে আপেল, চিজ ও দুগ্ধজাত পণ্য এই চুক্তির বাইরে রাখা হয়েছে ভারতের কৃষক ও স্থানীয় উৎপাদকদের স্বার্থে। আন্তর্জাতিক রাজনৈতিক কূটনৈতিকরা মতে, অনুমান করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হবে যাবে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal) ও ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস (Jonathan Reynolds) এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। স্টারমার এই চুক্তিকে ব্রিটেনের জন্য “যুগান্তকারী” উল্লেখ করে বলেন, “ভারতের সঙ্গে এই চুক্তির ফলে ব্রিটেনে চাকরি, বিনিয়োগ ও উন্নয়ন হবে। নতুন কর্মসংস্থান তৈরি হবে, ব্যবসার সুযোগ বাড়বে এবং খেটে খাওয়া মানুষের পকেটে অর্থ আসবে।” তবে চুক্তি স্বাক্ষরিত হলেও, কার্যকর হতে এখনও কিছুটা সময় লাগবে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা ও ব্রিটেনের পার্লামেন্টের অনুমোদনের পরেই তা বাস্তবায়িত হবে। ধারণা করা হচ্ছে, এই প্রক্রিয়ায় এক বছরের মতো সময় লাগতে পারে। অর্থনীতি বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি ভারত-ব্রিটেন সম্পর্ককে শুধু শক্তিশালীই করবে না, দুই দেশের কর্মসংস্থান, উৎপাদন এবং কৃষি শিল্পকেও এগিয়ে নিয়ে যাবে। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যে ভারতের অবস্থানকে আরও দৃঢ় করবে এই চুক্তি।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Shashi Tharoor on PM Modi | ‘ভারতের প্রধান সম্পদ’, মোদীর প্রশংসায় সরব কংগ্রেসের শশী থারুর

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন