Olympic Cricket 2028, Virat Kohli comeback |অলিম্পিকে ফিরছে ক্রিকেট, কোহলির (Virat Kohli) প্রত্যাবর্তনের গুঞ্জন ঘনাচ্ছে!

SHARE:

বিনীত শর্মা ★সাশ্রয় নিউজ, নতুন দিল্লি : প্রায় ১২৮ বছর পর আবার অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (International Olympic Committee) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হচ্ছে। এই সিদ্ধান্তের পরই শুরু হয়েছে জল্পনা, ভারত যদি পদকের ম্যাচে পৌঁছায়, তবে কি বিরাট কোহলি (Virat Kohli) ফিরবেন জাতীয় দলে?

অলিম্পিকে ক্রিকেটের ইতিহাস বলতে গেলে, এক কথায় প্রায় শুন্য। ১৯০০ সালের অলিম্পিকে মাত্র একটি ম্যাচ হয়েছিল, গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে। সেই ম্যাচে সোনা জেতে ব্রিটিশরা। এরপর ক্রিকেট অলিম্পিক থেকে নির্বাসিতই ছিল। অবশেষে ২০২৮ সালে সেই নিষেধাজ্ঞার অবসান হতে চলেছে। উল্লেখ্য যে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদ্য ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৮ সালের ১২ জুলাই থেকে শুরু হবে ক্রিকেটের লিগ পর্ব। ফাইনাল ও পদকের ম্যাচগুলি হবে ২০ ও ২৯ জুলাই। পুরুষ ও মহিলা, দুই বিভাগেই মোট ১২টি দল অংশ নেবে। প্রত্যেক দলে থাকবে ১৫ জন ক্রিকেটার। অর্থাৎ ১৮০ জন খেলোয়াড়ের অলিম্পিকের অংশগ্রহণ নিশ্চিত। খেলা হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে, যা বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ও দ্রুতগতির ক্রিকেট সংস্করণ বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, অলিম্পিকে ক্রিকেট ম্যাচগুলি হবে লস অ্যাঞ্জেলেসের বাইরে, প্রায় ৫০ কিলোমিটার দূরের পামোনা (Pomona) শহরে। সেখানকার ফেয়ারপ্লেক্স গ্রাউন্ডে অস্থায়ী স্টেডিয়াম বানিয়ে ক্রিকেটের আসর বসানো হবে। ম্যাচ শুরু হবে সকাল ৯টা ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, স্থানীয় সময় অনুযায়ী। পদকের ম্যাচগুলিও একই সময়ে নির্ধারিত। সূত্রের আরও খবর, যে ছয়টি দেশ অলিম্পিকে ক্রিকেটে অংশ নেবে, তা এখনও চূড়ান্ত নয়। কিন্তু বর্তমান আইসিসি (ICC) ক্রমতালিকা অনুযায়ী ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও পাকিস্তানের অংশগ্রহণ প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

এই প্রেক্ষাপটে উঠে আসছে একটি নাম, বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের অন্যতম সেরা ব্যাটার। তিনি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন। বিরাট একসময় নিজেই বলেছিলেন, “যদি ভারত অলিম্পিকের পদকের লড়াইয়ে ওঠে, তাহলে ফেরার ব্যাপারে ভাবতে পারি।” তাঁর এই বক্তব্য এখন ফের উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। কোহলির অলিম্পিক প্রত্যাবর্তন নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে তোলপাড়। অনেকের মতে, ভারতীয় দলে অভিজ্ঞতার ভারসাম্য রাখতে এবং স্বপ্নের পদকের লড়াইয়ে অভিজ্ঞ কোনও ক্রিকেটারের প্রয়োজন হলে, বিরাটের মতো আইকন ফের ফিরে আসতে পারেন।

ভারতের ওডিআই দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। কিন্তু অলিম্পিকের মতো আন্তর্জাতিক মঞ্চে দেশের জন্য পদক জেতার আবেগ হয়ত ফের একবার তাঁদের ফিরিয়ে আনতে পারে।ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এ বিষয়ে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি দেয়নি। তবে বোর্ড সূত্রে খবর, “অলিম্পিকের গুরুত্ব বোর্ড জানে। দলে তারকাদের ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে সব কিছু নির্ভর করবে তখনকার ফর্ম ও ফিটনেসের ওপর।” একই সঙ্গে বিসিসিআইয়ের কোচিং স্টাফ ও সিলেকশন কমিটির ওপর দায়িত্ব থাকবে, ২০২৮ সালের স্কোয়াড গড়ার ক্ষেত্রে অভিজ্ঞতা ও তারুণ্যের সঠিক সমন্বয় তৈরি করার। কারণ অলিম্পিক মানে কেবল একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা নয়, দেশের সম্মানের প্রতীকও। সেই মঞ্চে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে বিরাট কোহলি কি নিজেকে আর ধরে রাখতে পারবেন?

অন্যদিকে, মহিলা ক্রিকেটারদের ক্ষেত্রেও ভারতের সম্ভাবনা উজ্জ্বল। হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), শেফালি ভার্মা (Shafali Verma)-রা যে ফর্মে আছেন, তাতে সোনা জেতার আশা জোরদারভাবেই করছেন অনেকে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক তাই শুধুই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা নয়, তা হতে চলেছে ক্রিকেট ইতিহাসের এক নতুন সূচনা। আর সেই ইতিহাসে ভারতের অংশগ্রহণ যদি বিরাট কোহলির নেতৃত্বে হয়, তাহলে সেটা নিঃসন্দেহে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Virat Kohli | ‘গুরুর’ আহ্বানে বিলেতের সন্ধ্যায় এক টেবিলে শুভমান-পন্থরা, কিং কোহলির লন্ডনের বাড়িতে ডিনারে উষ্ণতা ছড়ালো টিম ইন্ডিয়া

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন