শর্মিষ্ঠা সাহা মৈত্র ★ সাশ্রয় নিউজ : বর্ষা এলেও গরমের দাপট কমেনি। রোদের তেজে রাস্তায় বেরোলে ত্বক যেমন শুষ্ক হচ্ছে, ঠোঁটের (Lips) অবস্থাও তেমনই খারাপ। বিশেষত, যারা সারাদিন এয়ারকন্ডিশনড (AC) ঘরে থাকেন, তাঁদের ঠোঁট শুকোনোর প্রবণতা আরও বেশি। এই অবস্থায় আমরা অনেকেই অজান্তেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিই। তবে চিকিৎসকদের মতে, এই অভ্যাস একেবারেই ক্ষতিকর। ডার্মাটোলজিস্ট ডা. অনুরাধা ঘোষ (Anuradha Ghosh) জানাচ্ছেন, “জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেওয়া আসলে সাময়িক স্বস্তি দেয়। কিন্তু লালা শুকিয়ে গেলে ঠোঁট আরও বেশি ফেটে যায়। ফলে ঠোঁটের কোমলতা ও আর্দ্রতা নষ্ট হয়। কখনও কখনও র্যাশও (Rash) হতে পারে।” তিনি পরামর্শ দেন, ঠোঁটের শুষ্কতা কমাতে নিয়মিত ভাল ময়েশ্চারাইজার (Moisturiser) ব্যবহার করুন।
রাতে ঘুমনোর আগে ভ্যাসলিন (Vaseline) বা বোরােলিন (Boroline) ভালো করে ঠোঁটে মেখে নিতে বলেন বিশেষজ্ঞরা। এতে সারা রাত ধরে ঠোঁট হাইড্রেটেড (Hydrated) থাকে। অনুরাধা ঘোষ (Anuradha Ghosh) বলছেন, “রাতে ঠোঁটে ভ্যাসলিন বা বোরােলিন একটু বেশি পরিমাণে লাগিয়ে শুলে, সকালে ঠোঁট অনেক নরম ও সুন্দর থাকে।” অনেকে অলিভ অয়েল (Olive Oil) ব্যবহার করতেও পরামর্শ দেন। হাতে অল্প অলিভ অয়েল নিয়ে ঠোঁটে হালকা মাসাজ করলে ঠোঁটের শুষ্কতা দূর হয়। বিশেষত রাতে শোওয়ার আগে বা স্নানের সময় এটি করলে উপকার মেলে।
এছাড়া, ব্যাগে বা পকেটে সবসময় ভ্যাসলিন (Vaseline) বা বোরােলিন (Boroline) রাখা উচিত। ঠোঁট শুকোলেই সামান্য পরিমাণে লাগিয়ে নিলে সমস্যা মিটে যায়। শুধু বাইরের যত্ন নিলেই হবে না। প্রচুর পরিমাণে জল খাওয়া অত্যন্ত জরুরি। ডা. অনুরাধা ঘোষ (Anuradha Ghosh) জানাচ্ছেন, “দেহে জলের অভাব থাকলে ঠোঁট শুকোবে। তাই দিনে অন্তত সাত থেকে আট গ্লাস জল খান। তবেই ঠোঁটের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকবে।”
ছবি : প্রতীকী
আরও পড়ুন : Lipstick : লিপস্টিক থাকবে অটুট, খাওয়ার পরেও! জানুন রূপটান বিশেষজ্ঞদের ৫টি গোপন টিপস




