PM Narendra Modi Namibia visit | নামিবিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: গান স্যালুটে স্বাগত, প্রবাসীদের উপহারে ভরা উষ্ণ অভ্যর্থনা

SHARE:

সাশ্রয় নিউজ ★ উইন্ডহোক, নামিবিয়া : একটি নজিরবিহীন অভ্যর্থনার ভেতর দিয়ে বুধবার (৯ জুলাই) নামিবিয়ার মাটিতে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ব্রাজিল সফর সেরে উইন্ডহোকে পৌঁছেই তাঁকে দেওয়া হয় ২১টি গান স্যালুট ও সম্মানজনক গার্ড অব অনার। দেশটির রাষ্ট্রপতি নেচুম্বো নন্দি-দাইতওয়াহ (Netumbo Nandi-Ndaitwah)-এর আমন্ত্রণে এই ঐতিহাসিক সফরে মোদী। প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথমবার নামিবিয়ায় মোদী। তাঁর আগে মাত্র দু’জন ভারতীয় প্রধানমন্ত্রী এই আফ্রিকান দেশ সফর করেছিলেন। এবার এই সফরকে ঘিরে নজিরবিহীন কূটনৈতিক গুরুত্ব স্পষ্ট। এক্স হ্যান্ডলে পোস্ট করে মোদী লেখেন, ‘নামিবিয়া ভারতের অন্যতম বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ অংশীদার। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে আমি মুখিয়ে রয়েছি।’

নামিবিয়ার সঙ্গে ভারতের বহুদিনের সম্পর্ক আরও শক্ত করতে এবার সামনাসামনি বৈঠকে বসেন দুই দেশের নেতারা। মোদী ও নেচুম্বো নন্দি-দাইতওয়াহের দীর্ঘ আলোচনায় উঠে আসে প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সহ একাধিক ক্ষেত্রের সহযোগিতা। প্রধানমন্ত্রী লেখেন, ‘আমাদের আলোচনায় ভবিষ্যতের রূপরেখা নির্ধারিত হয়েছে। দুই দেশের অগ্রগতির জন্য একসঙ্গে কাজ করব।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর এই সফরের বিশেষ দিক হল প্রবাসী ভারতীয়দের উচ্ছ্বাস ও সংবর্ধনা। উইন্ডহোক বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের বহু মানুষ। তাঁরা মোদীর সঙ্গে কুশল বিনিময় করেন ও উপহার হিসেবে তাঁকে উপস্থাপন করেন তাঁর একটি শিল্পচিত্র। এ প্রসঙ্গে মোদী লেখেন, ‘প্রবাসী ভারতীয়রা যেভাবে নিজেদের সংস্কৃতি, ভাষা ও পরম্পরাকে বিদেশ বিভুঁইয়ে ধরে রেখেছেন, তা দেখে আমি অভিভূত। তারা আমাদের গর্ব।’

এই সফরে মোদীকে নামিবিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করার কথাও জানা গিয়েছে। এর আগে ব্রাজিল ও ত্রিনিদাদ ও তোবাগোর (Trinidad and Tobago) রাষ্ট্রনেতারা প্রধানমন্ত্রীকে তাঁদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছেন।প্রসঙ্গত, এই সফর পাঁচ দেশের কূটনৈতিক যাত্রার অংশ। ২ জুলাই মোদী পা রাখেন ঘানা (Ghana)-য়। সেখান থেকে যান ত্রিনিদাদ ও তোবাগো, আর্জেন্টিনা (Argentina), ব্রাজিল (Brazil) ও অবশেষে নামিবিয়া (Namibia)।

বিশ্লেষকদের মতে, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার মতো উদীয়মান অঞ্চলে ভারতের উপস্থিতি বাড়াতে মোদীর এই সফর গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। নামিবিয়া যেমন ভারতের জন্য খনিজ সম্পদে পরিপূর্ণ অংশীদার, তেমনই রাজনৈতিক দিক থেকেও দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আজ আরও শক্তিশালী রূপ নিচ্ছে। এই সফরের মাধ্যমে আবারও স্পষ্ট হল, ভারত তার ‘গ্লোবাল সাউথ’ নীতিকে বাস্তবায়িত করতে দৃঢ় প্রতিজ্ঞ। সেই নীতিরই প্রতিফলন দেখা যাচ্ছে মোদীর এই বহুপাক্ষিক সফরে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : PM Narendra Modi BRICS Summit 2025 | বিশ্ব স্বাস্থ্য আর পরিবেশ সুরক্ষায় একসঙ্গে চলতে হবে: ব্রিকস মঞ্চে মোদীর বার্তা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন