সাশ্রয় নিউজ ★ কলকাতা : একটি গভীর আর্থিক প্রতারণার শিকার হয়েছেন টলিউডের পরিচিত মুখ পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে নিজের দুঃখের কাহিনি তুলে ধরতে গিয়ে কার্যত চোখের জল ধরে রাখতে পারেননি অভিনেত্রী ও তাঁর স্বামী কুণাল বর্মা (Kunal Verma)। তাঁদের দাবি, বহু কষ্টে উপার্জিত টাকা হাতছাড়া হয়ে যাওয়ায় পরিবার চরম সঙ্কটে পড়েছে। ঘটনাটি সামনে এসেছে যখন পূজা ও কুণাল মুখ খোলেন গত ক’য়েক মাসের দুর্বিষহ অভিজ্ঞতা নিয়ে। অভিনেত্রীর কথায়, “গত ২-৩ মাস আমরা একেবারে নরকযন্ত্রণার মধ্যে দিয়ে গেছি। জানি না কীভাবে আবার সব ঠিক করব। কিন্তু হাল ছেড়ে দেব না। শূন্য থেকে আবার শুরু করব।” সেই সঙ্গে তিনি অনুরাগীদের পাশে থাকার অনুরোধও জানিয়েছেন।

তবে কীভাবে এমন প্রতারণার শিকার হলেন তাঁরা? জানা যাচ্ছে, প্রায় তিন বছর ধরে পূজা ও কুণালের সঙ্গে এক ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। সেই বিশ্বাসকেই হাতিয়ার করে তিনি প্রতারণা করেছেন বলে অভিযোগ। যদিও তাঁরা এখনও পর্যন্ত সেই ব্যক্তির নাম প্রকাশ্যে আনেননি। এমনকী কত টাকা জালিয়াতি হয়েছে, সেটাও জানাননি। তবে দু’জনেই স্বীকার করেছেন, টাকার অঙ্কটা ছোট নয়।অভিনেত্রী জানান, “এই টাকাগুলো আমাদের রক্ত-ঘাম ঝরানো উপার্জন। সেগুলোই এমনভাবে খোওয়া গেল, ভাবতেই পারছি না। মানসিকভাবে ভেঙে পড়েছি ঠিকই, কিন্তু আবার ফিরে আসতেই হবে। আমাদের আগামী প্রজেক্টগুলির জন্য দয়া করে আপনাদের সমর্থনটা পাশে থাকুক।”
পূজা বন্দ্যোপাধ্যায় এক সময় বাণিজ্যিক বাংলা ছবির পরিচিত মুখ ছিলেন। ‘চ্যালেঞ্জ ২’, ‘রোমিও’ প্রভৃতি ছবিতে তিনি কাজ করেছেন। এরপর মুম্বইয়ের দিকে রওনা দেন। হিন্দি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান। ‘দেব কে দেব মহাদেব’-এর ‘পর্বতী’ চরিত্র তাঁকে এনে দেয় জনপ্রিয়তা। মাতৃত্বের কারণে অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও পরে আবার নতুন উদ্যমে ফিরে আসেন। বাংলা ওয়েব সিরিজ, ডান্স রিয়্যালিটি শোয়ের বিচারক, সবেতেই দেখা গেছে তাঁকে।
এই মুহূর্তে পূজা সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। নিজের জীবনের বিভিন্ন মুহূর্ত সেখানে শেয়ার করে থাকেন অনুরাগীদের সঙ্গে। কিন্তু এমন এক দুর্যোগপূর্ণ সময়ের খবরে তাঁর বহু অনুরাগীই উদ্বিগ্ন। বহু ফ্যান সোশ্যাল মিডিয়ায় পূজার পাশে থাকার বার্তা দিয়েছেন।আপাতত আইনি পথে সমস্যার সমাধান খুঁজছেন পূজা ও কুণাল। তবে তাঁরা একটাই বার্তা দিচ্ছেন, “বিশ্বাসের খোলসে যে কেউ ছুরি মারতে পারে, তাই সচেতন থাকুন। আর যদি পড়ে যান, তাহলে ভেঙে পড়বেন না। কারণ জীবন আবার শুরু করাও সম্ভব।” এই সাহসী মানসিকতাই হয়ত তাঁদের আবার ফিরিয়ে আনবে আলোর পথে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Amir Khan : আবার পর্দায় আবেগের ছোঁয়া, ‘সিতারে জমিন পর’ ছবিতে জীবনের দুই নারীকে সঙ্গে নিয়ে ফিরছেন আমির খান




