সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : আহমেদাবাদের আকাশে ভেসে উঠেছিল এক ভয়ঙ্কর দৃশ্য। মাত্র পাঁচ মিনিটের উড়ান, তারপর মাটিতে বিধ্বস্ত। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অজস্র পরিবার। তাঁদের মধ্যেই রয়েছেন বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসে (Vikrant Massey)। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁর তুতো ভাই, বিমানটির সহকারী চালক ক্লাইভ কুন্দর (Clive Kundar)। বিক্রান্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্টে ব্যক্তিগত শোক প্রকাশ করেছেন। লিখেছেন, ‘‘আজ আহমেদাবাদে অকল্পনীয় ট্র্যাজিক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে সমবেদনা জানাই। আমার কাকা ক্লিফোর্ড কুন্দর (Clifford Kundar) তাঁর পুত্রকে হারিয়েছেন জেনে আরও কষ্ট পেয়েছি। ওই বিমানে প্রথম অফিসার অপারেটিং ছিলেন ক্লাইভ। কাকা, তোমাকে এবং তোমার পরিবারকে ঈশ্বর শক্তি দিন। যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁদেরও শক্তি দিন।’’
বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে এআই ১৭১ (AI 171) নম্বরের বিমানটি অহমদাবাদ বিমানবন্দর থেকে উড়ে গিয়েছিল লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টের (Gatwick Airport) দিকে। কিন্তু মাটি ছোঁয়ার আগেই ভাগ্য বদলে গেল ২৪২ জন যাত্রীর। যাত্রা শুরুর ঠিক পাঁচ মিনিট পরেই, গুজরাতের মেঘানিনগরের (Meghaninagar) জনবহুল এলাকায় বিমানটি ভেঙে পড়ে। এরপরেই বিস্ফোরণ ও আগুন গ্রাস করে গোটা বিমানটিকে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিমানে ছিলেন ২৩২ জন যাত্রী ও ১০ জন বিমানকর্মী। চালকের আসনে ছিলেন ক্যাপ্টেন সুমিত সবরওয়াল (Sumit Sabharwal)। তাঁর সহকারী হিসেবে ছিলেন ক্লাইভ কুন্দর। একজন কানাডিয়ান নাগরিক-সহ মোট ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন যাত্রী তালিকায়।
মেঘানিনগরের একটি মেডিক্যাল কলেজের হস্টেল-ভবনে বিমানটি আছড়ে পড়ে। দুর্ঘটনার অভিঘাতে হস্টেলটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং হস্টেলে থাকা পাঁচ জন ছাত্রের মৃত্যুর খবর মিলেছে। স্থানীয় মানুষ উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল ও এনডিআরএফ বাহিনীকে।
ঘটনাস্থলে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দুর্ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে তিনি বলেন, “এটি শুধুমাত্র এক ট্র্যাজিক দুর্ঘটনা নয়, এটি গোটা দেশের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) গভীর শোকপ্রকাশ করে বলেন, “প্রাণহানির এই খবরে আমি মর্মাহত। মৃতদের পরিবারের পাশে আমরা সবসময় আছি।” তদন্তে নেমেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা পাখির সঙ্গে ধাক্কা।দুটি কারণের একটির জন্য এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে, বিষয়টি এখনও নিশ্চিত নয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল এবং বোয়িং কোম্পানির প্রতিনিধিরাও তদন্তে সাহায্য করতে পৌঁছে গিয়েছেন।
এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শোকের ছায়া। ‘টুয়েলভথ ফেল’ (12th Fail) খ্যাত বিক্রান্ত ম্যাসের আবেগঘন পোস্টে বহু মানুষ সহানুভূতি জানাচ্ছেন। একজন জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠার পেছনে যাঁর শক্ত ভিত, সেই পরিবারের এক সদস্যকে এমন ভাবে হারানো যে কতটা যন্ত্রণাদায়ক হতে পারে, তা উপলব্ধি করতেই থমকে গেছে বলিউডের সহকর্মীরা।একদিকে প্রযুক্তির উন্নয়ন, অন্যদিকে নিয়তির নির্মমতা এই দুইয়ের মাঝখানে পড়ে জীবন কখন যে থেমে যায়, তার কোনও আগাম বার্তা নেই। আহমেদাবাদ বিমান দুর্ঘটনা যেন তারই জ্বলন্ত প্রমাণ। বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে এই ভয়ঙ্কর ঘটনা, যার জবাব খুঁজছে গোটা দেশ।
ছবি : সংগৃহীত
পড়ুন : Ahmedabad Plane Crash : আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় টাটার মানবিক পদক্ষেপ: নিহতদের পরিবারকে এক কোটি ক্ষতিপূরণ ঘোষণা টাটা গোষ্ঠীর




