জম্মু-তাওয়াই এক্সপ্রেসে ভয়াবহ ডাকাতি
সাশ্রয় নিউজ ★ ডলটনগঞ্জ: জম্মু-তাওয়াই এক্সপ্রেসে ভয়াবহ ডাকাতির ঘটনা। শনিবার রাত প্রায় ১১টা নাগাদ ওই ট্রেনে আগ্নেয়াস্ত্রধারী ডাকাতরা ডাকাতি করে। ট্রেনটির ভেতর ডাকাতরা গুলিও চালায় বলে যাত্রীদের সূত্রে জানা যায়। ঘটনায় আহত ক’য়েকজন যাত্রী। ট্রেনটি বারওয়ারি স্টেশনে ঢোকার আগে প্রায় ১৫ জনের একটি ডাকাত দল এস নাইন কম্পার্টমেন্টে উঠে তাণ্ডব চালায়। তাঁরা যাত্রীদের থেকে টাকা, গয়না, মোবাইল ফোন সহ বহুজিনিসপত্র ছিনিয়ে নেয় বলে উল্লেখ। চলন্ত ট্রেনে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় প্রশ্নের মুখে ট্রেনের যাত্রী নিরাপত্তা ব্যবস্থা! উল্লেখ্য, প্রায় একঘন্টা ধরে ডাকাতি চালানোর পর, ডলটনগঞ্জ ঢোকার আগে ডাকাতের দল টেন থেকে নেমে চম্পট দেয়। একজন যাত্রীর মাথায় বন্দুক দিয়ে তাঁরা আঘাতও করে। ট্রেনটি ডলটনগঞ্জে ঢুকলে আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়। যাত্রীরা বিক্ষোভ দেখান প্রায় দু’ঘন্টা। ডলটনগঞ্জ স্টেশন থেকে ফের ট্রেনটি গন্তব্য অভিমুখে রওনা দেয় বলে উল্লেখ।




