ভাঙাচোরার দোকানে আধার কার্ড, এলাকায় ক্ষোভ
সাশ্রয় নিউজ ★ বসিরহাট : উত্তর চব্বিশ পরগণা জেলার বসিরহাটের একটি পুরনো জিনিসপত্র ভাঙাচোরা বিক্রির দোকানে একাধিক আধার কার্ড মেলে। ঘটনায় ক্ষোভ এলাকার বাসিন্দাদের ভেতর। বসিরহাট থানার দণ্ডীরহাট এলাকার ওই দোকানের মালিক আধার কার্ড-এ উল্লেখ ফোন নম্বর ধরে কার্ডের বেশ কিছু মালিককে ফোন করে জানান। ওই ভাঙাচোরার দোকানে পুরনো বইপত্রের সঙ্গে এলোমেলো ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় আধার কার্ড। এবিষয়ে পোস্ট অফিসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এলাকাবাসীদের। দণ্ডীর হাট পোস্ট অফিসে গিয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। দেবস্মিতা সাউ নামে দণ্ডীরহাট পোস্ট অফিসের পোস্ট মাস্টার বলেন, “এগুলো কী করে বাইরে গেল বুঝতে পারছি না। গত ছ’মাস আগে নতুন পোস্টমাস্টার হিসেবে নিযুক্ত হয়েছি।” একাকার এক বাসিন্দাদের অভিযোগ, “গত এক বছর আগে আধার কার্ড করতে পোস্ট অফিসে সঠিক নথিপত্র নিয়ে বার বার দরবার করেছি। আধার কার্ড হয়ে গেলেও তা আর পাওয়া যায়নি। শেষ পর্যন্ত পাওয়া গেল পুরনো খাতা বই ও ভাঙাচোরার দোকানে।” পোস্ট অফিসের পক্ষ থেকে স্বীকার করা হয় তাঁদের এহেন গাফিলতির কথা।




