প্রার্থীপদ প্রত্যাহার করার জন্য কান্দির একাধিক পঞ্চায়েতে তৃণমূলের হুমকি, থানায় অভিযোগ বিরোধীদের
সাশ্রয় নিউজ ★ উম্মার সেখ : প্রার্থীপদ প্রত্যাহারের জন্য চাপ শাসক দলের। এই অভিযোগ তুলে মুর্শিদাবাদের কান্দি থানা ও কান্দি মহকুমা শাসকের কাছে অভিযোগ জানাল বিজেপি নেতৃত্ব সহ পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিলকারীরা।
রবিবার কান্দি বিজেপি সভানেত্রী বিনীতা রায় প্রার্থীদের নিয়ে থানায় হাজির হন। কান্দি পঞ্চায়েত সমিতির ১৩ নম্বর আসনে বিজেপি প্রার্থীর প্রয়োজনীয় নথি কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এমনটাই দাবি তুলেছেন ওই অসনের বিজেপি প্রার্থী সেকেন্দার সেখ। ওই একই আসনে শাসক দলের প্রার্থী হয়েছেন জেলা তৃণমূল কংগ্রেস নেতা তথা আইএনটিটিইউসি -এর জেলা সভাপতি পার্থপ্রতিম সরকার। সেকেন্দার সেখের অভিযোগ “নমিনেশন জমা করার পর থেকে তৃণমূলের লোক কাগজ-পত্র কেড়ে নিয়েছে, আর আমি যাতে প্রার্থপ্রতিম সরকারের বিরুদ্ধে না দাঁড়ায় বা প্রার্থীপদ প্রত্যাহার করে নিই তাই চাপ দিচ্ছে।”
অন্যদিকে বড়ঞা ব্লক এলাকার হাপিনা, যুগশ্বরাসহ একাধিক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনের প্রার্থীদের বাড়ি গিয়ে হুমকির অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। এদিন বড়ঞা থানা সহ কান্দি মহাকুমা শাসক সাগর রাণার কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপি জেলা নেতৃত্ব সুখেন বাগদী। নেতৃত্বের অভিযোগ, “কান্দি মহকুমার বিভিন্ন স্থানে বিজেপি প্রার্থীদের প্রার্থীপদ প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষন করে অভিযোগ দিয়েছি।” যদিও বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
-নিজস্ব চিত্র




